খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, আইন, ২০২১
ধারা ২২অ্যাকাডেমিক কাউন্সিল
ধারা ২২
22. অ্যাকাডেমিক কাউন্সিল (১) অ্যাকাডেমিক কাউন্সিল নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা :- (ক) উপাচার্য, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) উপ-উপাচার্যগণ; (গ) কোষাধ্যক্ষ; (ঘ) সকল ডিন; (ঙ) উপাচার্য, [বাংলাদেশ] মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত ১ (এক) জন অধ্যাপক; (চ) খ্যাতনামা চিকিৎসা বিজ্ঞানীদের মধ্য হইতে আচার্য কর্তৃক মনোনীত ২ (দুই) জন ব্যক্তি; (ছ) সকল বিভাগীয় প্রধান; (জ) অধিভুক্ত মেডিক্যাল কলেজসমূহের অধ্যক্ষগণের মধ্য হইতে আচার্য কর্তৃক মনোনীত ৪ (চার) জন অধ্যক্ষ; (ঝ) অধিভুক্ত পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল ইনস্টিটিউটসমূহের, যদি থাকে, পরিচালকগণের মধ্য হইতে আচার্য কর্তৃক মনোনীত ২ (দুই) জন পরিচালক; (ঞ) পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর; এবং (ট) রেজিস্ট্রার, যিনি ইহার সচিবও হইবেন। (২) অ্যাকাডেমিক কাউন্সিলের যে কোনো মনোনীত সদস্য মনোনয়নের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদে সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাঁহার স্থলাভিষিক্ত সদস্য কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি সদস্য পদে বহাল থাকিবেন: আরও শর্ত থাকে যে, যে পদ বা প্রতিষ্ঠান হইতে তিনি মনোনীত হইয়াছিলেন সেই পদ বা প্রতিষ্ঠানে যদি না থাকেন, তাহা হইলে তিনি অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য পদেও থাকিতে পারিবেন না।