Skip to content

আয়োডিনযুক্ত লবণ আইন, ২০২১

ধারা ২সংজ্ঞা

বলবৎপ্রথম অধ্যায় প্রারম্ভিক

প্রথম অধ্যায় প্রারম্ভিক

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘আয়োডিনযুক্ত লবণ’ অর্থ ধারা ১০ এর অধীন নির্ধারিত মান ও মাত্রার আয়োডিনযুক্ত লবণ; (২) ‘ইনস্টিটিউট’ অর্থ এই আইনের অধীন ধারা ২৬ এর অধীন স্থাপিত জাতীয় লবণ গবেষণা ইনস্টিটিউট; (৩) ‘উৎপাদন’ অর্থ আয়োডিনবিহীন লবণের সহিত আয়োডিনযুক্তকরণের মাধ্যমে আয়োডিনযুক্ত লবণ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ বা পরিশোধন; (৪) ‘উৎপাদনকারী’ অর্থ আয়োডিনযুক্ত লবণ উৎপাদনের সহিত যুক্ত নিবন্ধিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান; (৫) ‘জাতীয় লবণ কমিটি’ অর্থ ধারা ৪ এর অধীন গঠিত জাতীয় লবণ কমিটি; (৬) ‘খাদ্য’ অর্থ- (ক) নিরাপদ খাদ্য আইন, ২০১৩ (২০১৩ খ্রিস্টাব্দের ৪৩ নং আইন) এর ধারা ২ এর দফা (৩) এ সংজ্ঞায়িত ‘খাদ্য’; (খ) মাতৃদুগ্ধ বিকল্প, শিশুখাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৫ নং আইন) ধারা ২ এর দফা (ছ) তে সংজ্ঞায়িত ‘মাতৃদুগ্ধ বিকল্প’, দফা (জ) তে সংজ্ঞায়িত ‘শিশু খাদ্য’, দফা (ঞ) তে সংজ্ঞায়িত ‘বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য’; এবং (গ) মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ (২০১০ সনের ২নং আইন) ধারা ২ এর দফা (৬) এ সংজ্ঞায়িত ‘পশুখাদ্য’ এবং দফা (১৩) তে সংজ্ঞায়িত ‘মৎস্যখাদ্য’; (৭) ‘গবেষণা ইনস্টিটিউট’ অর্থ ধারা ২৬ এর অধীন প্রতিষ্ঠিত লবণ গবেষণা ইনস্টিটিউট; (৮) ‘জেলা কমিটি’ অর্থ ধারা ৭ এর অধীন গঠিত কোনো জেলা লবণ ব্যবস্থাপনা কমিটি; (৯) ‘তথ্যকেন্দ্র’ অর্থ ধারা ৮ এর উপ-ধারা (৩) এর অধীন স্থাপিত কোনো লবণ তথ্যকেন্দ্র; (১০) ‘নিবন্ধন’ অর্থ ধারা ২১ এর অধীন নিবন্ধন; (১১) ‘নির্ধারিত প্যাকেট’ অর্থ এই আইন বা তদধীন প্রণীত বিধি অনুযায়ী নির্ধারিত ভোজ্য লবণ বা ক্ষেত্রমতো, শিল্প লবণের প্যাকেট; (১২) ‘প্যাকেট’ অর্থ কোনো বাক্স, বোতল, ঝুড়ি, টিন, কৌটা, ব্যারেল, আধার (case), পাত্র, টিউব, গ্যাস, মগ, বস্তা বা অন্য কোনো সামগ্রী যাহাতে লবণ প্যাকেটজাত করিয়া বিপণন, বিক্রয় বা বিতরণ করা হয়; (১৩) ‘প্রান্তিক কমিটি’ অর্থ ধারা ৭ এর অধীন গঠিত কোনো প্রান্তিক কমিটি; (১৪) ‘ফৌজদারি কার্যবিধি’ অর্থ Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898); (১৫) ‘ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা’ অর্থ এই আইনের অধীন সরকারের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি; (১৬) ‘বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন’ অর্থ Bangladesh Small and Cottage Industries Corporation Act, 1957 (Act No. XVII of 1957) এর অধীন প্রতিষ্ঠিত Small and Cottage Industries Corporation; (১৭) ‘বিধি’ অর্থ এই আইনের অধীনে প্রণীত বিধি; (১৮) ‘বিজ্ঞাপন’ অর্থে নোটিশ, পরিপত্র, খাম, প্যাকেট বা অন্য কোনো দলিলাদিসহ যে কোনো প্রকার প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া, ই-মেইল, ইন্টারনেট বা অন্য কোনো মাধ্যমে লিখিত, ছাপানো, শব্দ বা আলোর মাধ্যমে কোনো ঘোষণা বা উপস্থাপনাও অন্তর্ভুক্ত হইবে; (১৯) ‘ব্যক্তি’ অর্থে স্বাভাবিক ব্যক্তিসহ কোনো কোম্পানি, সমিতি বা সংঘ, সংবিধিবদ্ধ হউক বা না হউক, অন্তর্ভুক্ত হইবে; (২০) ‘ভোজ্য লবণ’ অর্থ মানুষ ও অন্যান্য প্রাণীর জন্য নির্ধারিত জাতীয় মান-মাত্রায় আহার্য এবং মানুষ ও অন্যান্য খাদ্য তৈরিতে ব্যবহার্য আয়োডিনযুক্ত ভোজ্য লবণ; (২১) ‘লবণ কারখানা’ অর্থ লবণ পরিশোধনাগার বা লবণ আয়োডিনযুক্তকরণ কারখানা বা অন্য কোনো লবণ কারখানা; (২২) ‘শিল্প লবণ’ অর্থ খাদ্যদ্রব্য উৎপাদন ব্যতীত অন্যান্য বাণিজ্যিক পণ্য উৎপাদনের শোধন বা প্রক্রিয়াজাতকরণ বা কাঁচামাল হিসাবে শিল্প কারখানায় ব্যবহৃত লবণ।

End of ধারা ২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আয়োডিনযুক্ত লবণ আইন, ২০২১