ব্যাংকার বহি সাক্ষ্য আইন, ২০২১
তফসিল[ধারা ২(১)(ড) এবং ৭ দ্রষ্টব্য]
তফসিল
তপশিল [ধারা ২(১)(ড) এবং ৭ দ্রষ্টব্য] গ্রাহকতথ্য প্রকাশের অনুমোদিত ক্ষেত্র, অনুমোদিত ব্যক্তি বা সংস্থা ও শর্তাবলি কলাম: গ্রাহকতথ্য প্রকাশের অনুমোদিত ক্ষেত্রসমূহ | গ্রাহকতথ্য প্রাপ্তির জন্য অনুমোদিত ব্যক্তি বা সংস্থা | গ্রাহকতথ্য প্রকাশের শর্তাবলি
তফসিল, ক্রমিক ১
১। গ্রাহক, অথবা গ্রাহক মৃত হইলে তাহার মনোনীত ব্যক্তি বা ব্যক্তিগণ ( Nominee/s) কর্তৃক, লিখিত আদেশ দ্বারা, অনুমোদিত গ্রাহকতথ্য প্রকাশ। গ্রাহকতথ্য প্রাপ্তির জন্য অনুমোদিত ব্যক্তি বা সংস্থা: গ্রাহক, অথবা গ্রাহক মৃত হইলে তাহার মনোনীত ব্যক্তি বা ব্যক্তিগণ ( Nominee’s) কর্তৃক, লিখিত আদেশ দ্বারা, অনুমোদিত ব্যক্তি।
তফসিল, ক্রমিক ২
২। মৃত গ্রাহকের সম্পত্তি বিলিবণ্টন বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে কোনো আবেদন নিষ্পত্তির লক্ষ্যে আবশ্যকীয় গ্রাহকতথ্য প্রকাশ। গ্রাহকতথ্য প্রাপ্তির জন্য অনুমোদিত ব্যক্তি বা সংস্থা: সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরের এতদ্বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
তফসিল, ক্রমিক ৩
৩। নিম্নলিখিত আইনি কার্যক্রম নিষ্পত্তির লক্ষ্যে গ্রাহকতথ্য প্রকাশ (ক) গ্রাহক একক ব্যক্তি হইলে উক্ত ব্যক্তির দেউলিয়াত্ব; অথবা (খ) গ্রাহক কোম্পানী হইলে উক্ত কোম্পানীর দেউলিয়াত্ব বা অবসায়ন। গ্রাহকতথ্য প্রাপ্তির জন্য অনুমোদিত ব্যক্তি বা সংস্থা: কলাম (১) এ উল্লিখিত উদ্দেশ্য পূরণকল্পে, ব্যাংক যেই সকল ব্যক্তির গ্রাহকতথ্য ব্যবহার করা প্রয়োজন মনে করে সেই সকল ব্যক্তি।
তফসিল, ক্রমিক ৪
৪। নিম্নলিখিত কারণে গ্রাহকতথ্য প্রকাশ আবশ্যক হইলে (ক) সংঘটিত কোনো অপরাধের অনুসন্ধান বা তদন্ত বা বিচারের উদ্দেশ্যে প্রয়োজনীয় গ্রাহকতথ্য সরবরাহের জন্য কোনো আইনের সুনির্দিষ্ট বিধান অনুসারে প্রদত্ত লিখিত আদেশ বা অনুরোধ পরিপালনার্থে; অথবা (খ) সংঘটিত কোনো অপরাধ বিষয়ে কোনো আইনের অধীন যথাযথ কর্তৃপক্ষের নিকট এতদ্সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের বা প্রতিবেদন দাখিলকরণার্থে। গ্রাহকতথ্য প্রাপ্তির জন্য অনুমোদিত ব্যক্তি বা সংস্থা: (ক) সংশ্লিষ্ট কোনো আদালত বা তৎকর্তৃক অনুমোদিত কোনো ব্যক্তি; (খ) কোনো আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা বা কোনো সরকারি কর্তৃপক্ষের কর্মকর্তা যিনি আইনের অধীন অনুসন্ধান বা তদন্ত বা মামলা পরিচালনার জন্য ক্ষমতাপ্রাপ্ত। গ্রাহকতথ্য প্রকাশের শর্তাবলি: কলাম (২) এর অনুচ্ছেদ (খ) এ উল্লিখিত কর্মকর্তাকে গ্রাহকতথ্য সরবরাহের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলি অনুসরণ করিতে হইবে, যথা : (ক) দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সনের ৫নং আইন) এর বিধান পরিপালনার্থে কমিশনের দায়িত্বপ্রাপ্ত অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তার লিখিত অনুরোধ থাকিতে হইবে; (খ) Customs Act, 1969 (Act No. IV of 1969) এর বিধান পরিপালনার্থে জয়েন্ট কমিশনার অব কাস্টমস ( Joint Commissioner of Customs) বা সমমর্যাদার কোনো কর্মকর্তার নিম্নে নহেন এমন কর্মকর্তার লিখিত অনুরোধ থাকিতে হইবে; (গ) মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭নং আইন) বা সংশ্লিষ্ট সময়ে বলবৎ মূল্য সংযোজন কর আইনের অধীন সহকারী কমিশনার বা সহকারী পরিচালক পদমর্যাদার নিম্নে নহেন এমন মূল্য সংযোজন কর কর্মকর্তার লিখিত অনুরোধ থাকিতে হইবে; (ঘ) Income-tax Ordinance, 1984 (Ordinance No. XXXVI of 1984) এর বিধান পরিপালনার্থে উক্ত অধ্যাদেশের ধারা ৩ এর দফা (১) হইতে (৮) পর্যন্ত উল্লিখিত কোনো আয়কর কর্তৃপক্ষের লিখিত অনুরোধ থাকিতে হইবে; (ঙ) অন্যান্য ক্ষেত্রে গ্রাহকতথ্য গ্রহণকারী প্রতিষ্ঠান বা সংস্থা- প্রধানের অনুমোদনক্রমে জাতীয় বেতন স্কেলের পঞ্চম গ্রেডের নিম্নে নহেন, এমন কর্মকর্তার লিখিত অনুরোধ থাকিতে হইবে।
তফসিল, ক্রমিক ৫
৫। এই আইন, Bangladesh Bank Order, 1972 (President’s Order No. 127 of 1972) ব্যাংক আমানত বীমা আইন, ২০০০ (২০০০ সনের ১৮নং আইন), ব্যাংক-কোম্পানী আইন, (১৯৯১ সনের ১৪ নং আইন) এর বিধানসহ বলবৎ অন্য কোনো আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত নির্দেশ পরিপালনার্থে গ্রাহকতথ্য প্রকাশ। গ্রাহকতথ্য প্রাপ্তির জন্য অনুমোদিত ব্যক্তি বা সংস্থা: বাংলাদেশ ব্যাংক বা তৎকর্তৃক অনুমোদিত বা নিযুক্ত কোনো ব্যক্তি।
তফসিল, ক্রমিক ৬
৬। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নং আইন) এর ধারা ১১৯ অনুসারে বিদ্যমান বা সম্ভাব্য বাণিজ্যিক লেনদেনের সহিত সংশ্লিষ্ট গ্রাহকের যোগ্যতা মূল্যায়নে ব্যবহার্য গ্রাহকতথ্য প্রকাশ। গ্রাহকতথ্য প্রাপ্তির জন্য অনুমোদিত ব্যক্তি বা সংস্থা: বাংলাদেশে ব্যবসারত যে কোনো ব্যাংক। গ্রাহকতথ্য প্রকাশের শর্তাবলি: কেবল গ্রাহকের ঋণমান ও সাধারণ প্রকৃতির তথ্য প্রকাশ করা যাইবে: তবে শর্ত থাকে যে, হিসাব বা লেনদেনের বিবরণ প্রকাশ করা যাইবে না।
তফসিল, ক্রমিক ৭
৭। কোনো বলবৎ আইনের অধীন স্থাপিত (ক) ক্রেডিট রেজিস্ট্রি বা ক্রেডিট ব্যুরো কর্তৃক গ্রাহকের ঋণপ্রাপ্তির যোগ্যতা মূল্যায়নের উদ্দেশ্যে তথ্য সংকলন বা প্রক্রিয়াজাতকরণের জন্য গ্রাহকতথ্য প্রকাশ; (খ) ক্রেডিট রেজিস্ট্রি বা ক্রেডিট ব্যুরোর অন্যান্য সদস্যগণের ব্যবহারের জন্য গ্রাহকতথ্য প্রকাশ। গ্রাহকতথ্য প্রাপ্তির জন্য অনুমোদিত ব্যক্তি বা সংস্থা: (ক) ক্রেডিট রেজিস্ট্রি বা ক্রেডিট ব্যুরো; (খ) ক্রেডিট রেজিস্ট্রি বা ক্রেডিট ব্যুরোর সদস্য কোনো ব্যাংক; (গ) সরকার কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, অনুমোদিত কোনো ব্যক্তি বা ব্যক্তিশ্রেণি। গ্রাহকতথ্য প্রকাশের শর্তাবলি: (ক) কোনো আমানতকারীর আমানত সংক্রান্ত তথ্য প্রকাশ করা যাইবে না; (খ) কলাম (২) এর অনুচ্ছেদ (গ) অনুসারে কেবল ক্রেডিট রেজিস্ট্রি বা ক্রেডিট ব্যুরো কর্তৃক সংকলিত বা প্রক্রিয়াজাতকৃত গ্রাহকতথ্য প্রকাশ করা যাইবে।
তফসিল, ক্রমিক ৮
৮। পেশাদার আইনজীবী, পরামর্শক বা উপদেষ্টা হিসাবে দায়িত্ব সম্পাদনার্থে ব্যবহার্য গ্রাহকতথ্য প্রকাশ। গ্রাহকতথ্য প্রাপ্তির জন্য অনুমোদিত ব্যক্তি বা সংস্থা: ব্যাংককে পরিষেবা প্রদানের জন্য চুক্তিবদ্ধ আইনজীবী, পরামর্শক বা উপদেষ্টা। গ্রাহকতথ্য প্রকাশের শর্তাবলি: পেশাদার আইনজীবী, পরামর্শক বা উপদেষ্টার নিকট দায়িত্ব সম্পাদনার্থে ব্যবহার্য প্রাসঙ্গিক তথ্য ব্যতীত অন্য কোনো গ্রাহকতথ্য প্রকাশ করা যাইবে না।
তফসিল, ক্রমিক ৯
৯। আউটসোর্সিং এর অধীন ব্যাংকিং বা আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনায় ব্যবহার্য গ্রাহকতথ্য প্রকাশ। গ্রাহকতথ্য প্রাপ্তির জন্য অনুমোদিত ব্যক্তি বা সংস্থা: ব্যাংকের সহিত সম্পর্কযুক্ত নহে এমন কোনো সেবাদানকারী তৃতীয় পক্ষ। গ্রাহকতথ্য প্রকাশের শর্তাবলি: (ক) সেবাদানকারীর নিকট গ্রাহকের আমানত সংক্রান্ত তথ্য প্রকাশের পূর্বে ব্যাংক উক্ত তথ্য প্রকাশের বিষয়টি সংশ্লিষ্ট গ্রাহককে অবহিত করিয়া তাঁহার সম্মতি গ্রহণ করিবে; (খ) সেবাদানকারীর নিকট গ্রাহকের ঋণ সংক্রান্ত তথ্য প্রকাশের পূর্বে ব্যাংক উক্ত তথ্য প্রকাশের বিষয়টি সংশ্লিষ্ট গ্রাহককে অবহিত করিবে।
তফসিল, ক্রমিক ১০
১০। মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (২০১২ সনের ৫ নং আইন) অনুসারে অনুসন্ধান ও তদন্তের নিমিত্ত গ্রাহকতথ্য প্রকাশ। গ্রাহকতথ্য প্রাপ্তির জন্য অনুমোদিত ব্যক্তি বা সংস্থা: (ক) কোনো সংশ্লিষ্ট আদালত বা ট্রাইব্যুনালের ( Tribunal) আদেশক্রমে কোনো আইন প্রয়োগকারী সংস্থা; (খ) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট; (গ) মানিলন্ডারিং অপরাধের তদন্তকারী যে কোনো সংস্থা।
তফসিল, ক্রমিক ১১
১১। বাংলাদেশের বাহিরে নিবন্ধিত ব্যাংকের প্রধান কার্যালয়ের নিয়ন্ত্রক বা তদারকি কর্তৃপক্ষের অনুরোধকৃত বা যাচিত গ্রাহকতথ্য। গ্রাহকতথ্য প্রাপ্তির জন্য অনুমোদিত ব্যক্তি বা সংস্থা: বাংলাদেশের বাহিরে ব্যাংকের প্রধান নিয়ন্ত্রক বা তদারকি কর্তৃপক্ষ। গ্রাহকতথ্য প্রকাশের শর্তাবলি: (ক) কোনো একক আমানতকারীর আমানত সংক্রান্ত তথ্য প্রকাশ করা যাইবে না; (খ) কোনো আইন কর্তৃক বাধ্য না হইলে বা কোনো আদালত কর্তৃক নির্দেশিত না হইলে উক্ত নিয়ন্ত্রক বা তদারকি কর্তৃপক্ষ কোনো গ্রাহকতথ্য প্রকাশ করিবে না।