Skip to content

বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন, ২০২২

ধারা ১৭অপরাধ ও দণ্ড

বলবৎ

ধারা ১৭

17. অপরাধ ও দণ্ড (১) কোনো ব্যক্তি জাদুঘরের কোনো স্থাবর নিদর্শন বা উহার অংশবিশেষ ধ্বংস, বিনষ্ট পরিবর্তন বা ক্ষতিসাধন করিলে উহা এই আইনের অধীন অপরাধ বলিয়া গণ্য হইবে এবং উক্ত অপরাধের জন্য তিনি অনধিক ১০ (দশ) বৎসরের কারাদণ্ড বা অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হইবেন। (২) কোনো ব্যক্তি জাদুঘরের কোনো অস্থাবর নিদর্শন চুরি, পাচার, ধ্বংস, বিনষ্ট, পরিবর্তন বা ক্ষতিসাধন করিলে উহা এই আইনের অধীন অপরাধ বলিয়া গণ্য হইবে এবং উক্ত অপরাধের জন্য তিনি অনধিক ৫ (পাঁচ) বৎসরের কারাদণ্ড বা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হইবেন। (৩) কোনো ব্যক্তি জাদুঘরের সংগৃহীত বা নিবন্ধিত কোনো নিদর্শনের উপর খোদাইকরণ, লিখন, উৎকীর্ণ লিপি বা স্বাক্ষর করিলে উহা এই আইনের অধীন অপরাধ বলিয়া গণ্য হইবে এবং উক্ত অপরাধের জন্য তিনি অনধিক ১ (এক) বৎসরের কারাদণ্ড বা অনধিক ১০ (দশ) হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হইবেন। (৪) উপ-ধারা (১), (২) ও (৩) এ উল্লিখিত অর্থদণ্ডের ক্ষেত্রে আদালত এই মর্মে নির্দেশ প্রদান করিতে পারিবে যে অর্থদণ্ডের সমুদয় বা উহার কোনো অংশ ক্ষতিগ্রস্ত নিদর্শনটিকে উক্ত অপরাধ সংঘটনের পূর্বকালীন অবস্থায় প্রত্যর্পণ করিবার নিমিত্ত ব্যয় করা যাইবে। ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে- ক) ‘স্থাবর নিদর্শন’ অর্থ ভূমি বা কোনো কাঠামোর সহিত দৃঢ়ভাবে সংযুক্ত ও সহজে স্থানান্তরযোগ্য নয় এমন নিদর্শন; এবং (খ) ‘অস্থাবর নিদর্শন’ অর্থ ভূমি বা কোনো কাঠামোর সহিত দৃঢ়ভাবে সংযুক্ত নয় ও সহজে স্থানান্তরযোগ্য এমন নিদর্শন।

End of ধারা ১৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন, ২০২২