ধারা ২০বয়লারের নিবন্ধন বাতিল
পঞ্চম অধ্যায় বয়লার ব্যবহার, বয়লার ব্যবহারের জন্য নিবন্ধন ও সনদ, বয়লার হস্তান্তর বা স্থানান্তর এবং বয়লার মেরামত
ধারা ২০
20. বয়লারের নিবন্ধন বাতিল (১) প্রধান বয়লার পরিদর্শক নিম্নবর্ণিত যে কোনো কারণে বয়লারের নিবন্ধন বাতিল করিতে পারিবেন, যথা :- (ক) মিথ্যা তথ্য বা দলিলের মাধ্যমে নিবন্ধন গ্রহণ করা হইলে; (খ) নিবন্ধিত বয়লার ক্ষতিগ্রস্ত হইলে বা কর্মোপযোগী না থাকিলে; (গ) ধারা ২৪ এ বর্ণিত শর্তাদি অনুসরণ ব্যতিরেকে বয়লার মেরামত করিলে; এবং (ঘ) বয়লার ব্যবহারের সনদ নবায়নের আবেদন প্রত্যাখ্যান করা হইলে। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, বয়লারের নিবন্ধন বাতিল করিবার পূর্বে বয়লার ব্যবহারকারীকে ১৫ (পনেরো) দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করিতে হইবে। (৩) উপ-ধারা (১) এর অধীন বয়লারের নিবন্ধন বাতিল করা হইলে বয়লার ব্যবহারকারীকে লিখিতভাবে উহার কারণ অবহিত করিতে হইবে। (৪) নিবন্ধন বাতিলের পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে।