Skip to content

মোংলা বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২

ধারা ১১কর্তৃপক্ষের ক্ষমতা ও দায়িত্ব

বলবৎতৃতীয় অধ্যায় কর্তৃপক্ষের কার্যাবলি ও ক্ষমতা

তৃতীয় অধ্যায় কর্তৃপক্ষের কার্যাবলি ও ক্ষমতা

ধারা ১১

11. কর্তৃপক্ষের ক্ষমতা ও দায়িত্ব (১) কর্তৃপক্ষ, এই আইনের বিধানাবলি সাপেক্ষে, উহার কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্ত প্রয়োজনীয় সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এ বর্ণিত ক্ষমতার সামগ্রিকতার আওতায় কর্তৃপক্ষ নিম্নবর্ণিত ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে, যথা :- (ক) বন্দর সীমার মধ্যে ডক, মুরিং, পিয়ার এবং সেতুসহ প্রয়োজনীয় রাস্তা, রেলপথ, নালা, ছাদ, কালভার্ট, বেড়া, প্রবেশপথ নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা; (খ) বন্দরের পণ্য বোঝাই, খালাসিকরণ এবং মজুদের প্রয়োজনে যে কোনো কার্য সম্পাদন; (গ) বন্দর এলাকার মধ্যে যাত্রী, যানবাহন এবং পণ্য পরিবহনের উদ্দেশ্যে ফেরি সংগ্রহ, সংরক্ষণ এবং পরিচালনা; (ঘ) জাহাজ হইতে পণ্য নামানো, জাহাজিকরণ বা অন্য কোনো কারণে পণ্য পরিবহন, গ্রহণ, পরিচালনা এবং মজুতের উদ্দেশ্যে রেলওয়ে, ওয়্যারহাউজ, শেড, ইঞ্জিন, ক্রেন, স্কেল (scales) এবং অন্যান্য যন্ত্রপাতি নির্মাণ, সংগ্রহ, রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ এবং পরিচালনা; (ঙ) জলমগ্ন অবস্থা হইতে নদীর তীর বা তলদেশ উদ্ধার (reclaim), উত্তোলন, খনন, ঘেরাও বা বেড়া প্রদান; (চ) জাহাজের বার্থিং ও পণ্য বোঝাই এবং খালাসিকরণের জন্য প্রয়োজনীয় স্থাপনা ও আনুষঙ্গিক যন্ত্রপাতি প্রস্তুত, সংগ্রহ, মেরামত, রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা; (ছ) জাহাজ এবং উহাতে রক্ষিত জীবন ও সম্পদ রক্ষার্থে এবং জাহাজের নিরাপদ বার্থিং এবং ডুবন্ত জাহাজ বা সম্পদ উদ্ধারকল্পে উপযুক্ত জাহাজ (vessel), নির্মাণ, সংগ্রহ, রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা; (জ) জাহাজে জ্বালানি বা পানি সরবরাহ; (ঝ) বন্দরের অগ্নি নিরাপত্তাসহ সামগ্রিক নিরাপত্তা গ্রহণ; (ঞ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কর্তৃপক্ষ কর্তৃক কোনো কিছু অর্জন, ভাড়া, ক্রয়, নির্মাণ, স্থাপন, প্রস্তুত, পরিচালনা, রক্ষণাবেক্ষণ বা মেরামত; (ট) বন্দর বা বন্দর সংলগ্ন এলাকার জোয়ার রেখার উচ্চসীমার উপর বা নিম্নে যাহাই হউক, ডক বা অন্য কোনো স্থাপনা নির্মাণ এবং অন্যান্য কার্য নিয়ন্ত্রণ; (ঠ) বন্দরের ভূমি ব্যবহার সম্পর্কে প্রয়োজনীয় বিধি প্রণয়ন; (ড) বন্দর বা সংলগ্ন এলাকার প্রতিবন্ধকতা, অবৈধ দখল ও কর্মকাণ্ড প্রতিরোধ এবং অবৈধ নির্মাণাদি অপসারণ; (ঢ) বন্দর সীমানার মধ্যে Customs Act, 1969 (Act No. IV of 1969) এর অধীন লাইসেন্সপ্রাপ্ত এজেন্টগণের কার্যক্রম নিয়ন্ত্রণ; (ণ) বন্দরের প্রয়োজনে উহার অবকাঠামো নির্মাণ, ব্যবস্থাপনা, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য সরকারি বিধি-বিধান অনুসরণক্রমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঠিকাদার হিসাবে নিয়োগ প্রদান; (ত) সরকারের পূর্বানুমোদনক্রমে বন্দর ব্যবহারকারীগণের নিকট হইতে আদায়যোগ্য কর, টোল, রেইট ও ফি এর তপশিল প্রণয়ন; (থ) কর্তৃপক্ষের বার্ষিক বাজেট প্রস্তুতকরণ, সরকারের অনুমোদন গ্রহণ ও বাজেট বাস্তবায়ন; (দ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, যে-কোনো ধরনের চুক্তি, বণ্ড বা অনুরূপ আইনগত দলিলাদি সম্পাদন; (ধ) বন্দর সীমানায় চ্যানেলের নাব্যতা রক্ষার্থে ও রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে প্রয়োজন অনুযায়ী নদী খনন, বালি, মাটি, পাথর উত্তোলন এবং নদী সংরক্ষণের জন্য ট্রেনিং ওয়ালসহ অন্যান্য প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ, ড্রেজার ও যন্ত্রপাতি সংগ্রহ, রক্ষণাবেক্ষণ ও পরিচালনা; (ন) নদীর গতিপথ ও নাব্যতা রক্ষার্থে জরীপ, গবেষণা, পরিবীক্ষণ এবং কারিগরি গবেষণা অথবা কর্তৃপক্ষের প্রয়োজনে অন্য কোনো সংস্থা বা প্রতিষ্ঠান অথবা বিশেষজ্ঞ দ্বারা কারণ অন্বেষণ, পরিবীক্ষণ বা কারিগরি গবেষণায় সহযোগিতা গ্রহণ; (প) চ্যানেল খনন, ঢেউ প্রতিরোধক নির্মাণ, টার্মিনালের জন্য স্থান ও স্থাপনা নির্মাণ এবং বন্দর রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় কর্মকাণ্ড সম্পাদন; (ফ) বন্দর সংশ্লিষ্ট কোনো কার্যের জন্য যে কোনো স্থানীয়, বিদেশি বা সরকারি সংস্থার নিকট হইতে পরামর্শ ও সহযোগিতা গ্রহণ; (ব) বন্দর উন্নয়ন ও পরিচালনার জন্য কোনো প্রতিষ্ঠিত দেশি বা বিদেশি অভিজ্ঞতাসম্পন্ন বন্দর কর্তৃপক্ষ বা সংস্থার সহিত সমঝোতাস্মারক বা অনুরূপ আইনগত দলিলাদি স্বাক্ষর; (ভ) রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে প্রয়োজন মনে করিলে বন্দর স্থাপনা এবং উহার সংযোগকারী কোনো রাস্তা বা উহার অংশবিশেষের ব্যবহার নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধকরণ; (ম) এই আইনের উদ্দেশ্যে পূরণকল্পে, বন্দর সংক্রান্ত সরকারের সকল সিদ্ধান্ত এবং নির্দেশনা বাস্তবায়ন; এবং (য) বন্দরের কার্যক্রম সচল রাখিবার স্বার্থে প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পাদন।

End of ধারা ১১. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: মোংলা বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২