ধারা ১৩বাণিজ্য সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি সংশোধন, সংযোজন, পরিবর্তন ও রহিতকরণ, ইত্যাদি
ধারা ১৩
13. বাণিজ্য সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি সংশোধন, সংযোজন, পরিবর্তন ও রহিতকরণ, ইত্যাদি (১) এই আইন বা আপাতত বলবৎ অন্য কোনো আইন বা সংঘবিধি বা সংঘস্মারকে যাহা কিছু থাকুক না কেন- (ক) কোনো নিগমিত বাণিজ্য সংগঠন সরকারের পূর্বানুমোদন ব্যতীত উহার সংঘস্মারক বা সংঘবিধি বা উহার কোনো অংশের সংশোধন, সংযোজন, রহিতকরণ বা অন্যভাবে পরিবর্তন করিতে পারিবে না; (খ) কোনো বাণিজ্য সংগঠন কর্তৃক উহার সংঘস্মারক ও সংঘবিধি বা উহার কোনো অংশের সংশোধন, সংযোজন, রহিতকরণ বা অন্য কোনো পরিবর্তনের ক্ষেত্রে সরকারের অনুমোদন প্রাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে কোম্পানি আইনের বিধান অনুযায়ী উক্ত সংশোধন, সংযোজন, রহিতকরণ বা অন্য কোনো পরিবর্তন করিতে পারিবে; এবং (গ) সরকার প্রয়োজনীয় বলিয়া মনে করিলে লিখিত আদেশ দ্বারা, আদেশে উল্লিখিত পদ্ধতি ও মেয়াদের মধ্যে কোনো বাণিজ্য সংগঠনকে উহার সংঘস্মারক, সংঘবিধি, বিধি বা উপ-আইনে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিবর্তন, রহিতকরণ বা বিধি বা উপ-আইন প্রণয়নের জন্য নির্দেশ প্রদান করিতে পারিবে। (২) যদি কোনো বাণিজ্য সংগঠন উপ-ধারা (১) এর দফা (গ) এর অধীন প্রদত্ত কোনো আদেশ পরিপালন করিতে ব্যর্থ হয় বা আদেশ পরিপালন করিতে অবহেলা করিয়া থাকে, তাহা হইলে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উক্ত বাণিজ্য সংগঠনের- (ক) সংঘস্মারক, সংঘবিধি, বিধি বা উপ-আইন সংশোধন, সংযোজন, রহিতকরণ বা অন্যভাবে পরিবর্তন করিতে পারিবে; (খ) আদেশে উল্লিখিত পদ্ধতিতে বিধি বা উপ-আইন প্রণয়ন করিতে পারিবে; এবং (গ) দফা (ক) ও (খ) তে উল্লিখিত উক্তরূপ সংশোধন, সংযোজন ও রহিতকরণ এবং বিধি বা উপ-আইন প্রণয়ন এই আইন বা উক্ত বাণিজ্য সংগঠনের সংঘবিধি বা সংঘস্মারক অনুযায়ী সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠন কর্তৃক কৃত হইয়াছে বলিয়া বিবেচিত হইবে।