Skip to content

বাণিজ্য সংগঠন আইন, ২০২২

ধারা ১৫মহাপরিচালক নিয়োগ এবং তাহার ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্য

বলবৎ

ধারা ১৫

15. মহাপরিচালক নিয়োগ এবং তাহার ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্য (১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এই আইনের অধীন অর্পিত কার্যসমূহ সম্পাদন করিবার জন্য [অন্যূন যুগ্মসচিব] পদমর্যাদার একজন কর্মকর্তাকে মহাপরিচালক হিসাবে নিয়োগ প্রদান করিতে পারিবে। (২) বাণিজ্য সংগঠনসমূহের কার্যাবলী মহাপরিচালকের নিয়ন্ত্রণাধীন থাকিবে এবং সময় সময়, মহাপরিচালক কর্তৃক বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত বাণিজ্য সংগঠনের কার্যাবলী পরিচালিত হইবে। (৩) এই আইন বা আপাতত বলবৎ অন্য কোনো আইন বা বাণিজ্য সংগঠনের সংঘস্মারক বা সংঘবিধিতে যাহাই থাকুক না কেন, মহাপরিচালক- (ক) অনুরূপ কোনো বাণিজ্য সংগঠন কিংবা এতদসংশ্লিষ্ট কোনো উপযুক্ত ব্যক্তিকে উক্ত বাণিজ্য সংগঠন সংশ্লিষ্ট কোনো তথ্য, দলিলপত্র, আয়-ব্যয়ের হিসাব, সদস্য তালিকা ও প্রতিবেদনসমূহ সরবরাহ করিবার জন্য কিংবা তৎসম্পর্কে কোনো জিজ্ঞাসার জবাব প্রদান করিবার জন্য নির্দেশ প্রদান করিতে পারিবেন; (খ) কোনো বাণিজ্য সংগঠনের যে কোনো শাখা বা আঞ্চলিক বা উপ-আঞ্চলিক বা সার্কেল বা লিয়াজোঁ অফিস অথবা যেই সকল স্থানে কোনো রেকর্ডপত্র বা দলিলপত্র সংরক্ষণ করা হইয়াছে সেই সকল স্থান লিখিত পূর্ব নোটিশ প্রদানপূর্বক বা ব্যতিরেকে স্বয়ং বা তদকর্তৃক মনোনীত কোনো কর্মকর্তা পরিদর্শন করিতে পারিবেন; (গ) কোনো বাণিজ্য সংগঠনের সাধারণ সভা, নির্বাহী কমিটি, পরিচালনা পর্ষদ বা অন্য যে কোনো কমিটির সভায় উপস্থিত থাকিতে পারিবেন অথবা কোনো কর্মকর্তাকে প্রতিনিধি হিসাবে প্রেরণ করিতে পারিবেন; (ঘ) কোনো বাণিজ্য সংগঠন বা উহার আঞ্চলিক, উপ-আঞ্চলিক বা সার্কেলের কোনো নির্বাচন পর্যবেক্ষণ ও তদারকি করিতে পারিবেন বা পর্যবেক্ষণ ও তদারকি করিবার জন্য কোনো কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করিতে পারিবেন অথবা পর্যবেক্ষণ ও তদারকি করিবার নিমিত্ত অন্য যে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন; (ঙ) কোনো বাণিজ্য সংগঠন বা উহার আঞ্চলিক, উপ-আঞ্চলিক বা সার্কেলের যে কোনো নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সরকারের অনুমোদনক্রমে উক্ত নির্বাচনকে অকার্যকর বা বাতিল ঘোষণা অথবা পুনঃনির্বাচনের আদেশ প্রদান করিতে পারিবেন, যদি তিনি- (অ) স্বীয় জ্ঞাতসারে; বা আ) প্রতিদ্বন্দ্বী কাহারও নিকট হইতে প্রাপ্ত কোনো অভিযোগ তদন্তের ভিত্তিতে; বা (ই) উপ-দফা (অ) ও (আ) এর উদ্দেশ্য পূরণকল্পে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সন্তুষ্ট হন যে, উক্ত নির্বাচন পরিচালনায় সংঘটিত অনিয়ম উক্ত নির্বাচন বাতিলের যৌক্তিকতা প্রতিষ্ঠিত করে তাহা হইলে তিনি উক্ত আদেশে উল্লিখিত মেয়াদের মধ্যে নূতন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ প্রদান করিতে পারিবেন; (চ) নির্বাহী কমিটি, পরিচালনা পর্ষদ বা ক্ষেত্রমত, প্রশাসক কর্তৃক গৃহীত যে কোনো প্রস্তাব বা সিদ্ধান্ত বাতিল, স্থগিত বা পরিবর্তন করিতে পারিবেন, যদি তিনি এই মর্মে সন্তুষ্ট হন যে, উক্ত প্রস্তাব বা সিদ্ধান্ত এই আইন বা বিধির সহিত সঙ্গতিপূর্ণ নহে অথবা উক্ত প্রস্তাব বা সিদ্ধান্ত গ্রহণকালে সংঘস্মারক ও সংঘবিধি যথাযথভাবে প্রতিপালিত হয় নাই অথবা উক্ত প্রস্তাব বা সিদ্ধান্ত উক্ত বাণিজ্য সংগঠনের প্রতি সরকার বা মহাপরিচালক কর্তৃক জারিকৃত কোনো নির্দেশাবলী বা বিধির পরিপন্থি; (ছ) তৎকর্তৃক দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তির প্রতিবেদনের ভিত্তিতে কোনো বাণিজ্য সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় মনে করেন, তাহা হইলে- (অ) উক্ত বাণিজ্য সংগঠনের নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদের এক বা একাধিক সদস্য বা পরিচালককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান করিয়া অপসারণ করিতে পারিবেন; এবং (আ) উক্ত কমিটির অবশিষ্ট মেয়াদের জন্য শূন্য পদ পূরণ করিতে বা পূরণ করিবার ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন অথবা প্রশাসক নিয়োগপূর্বক অবশিষ্ট মেয়াদের জন্য নির্বাচন অনুষ্ঠানের আদেশ প্রদান করিতে পারিবেন; বা উক্ত বাণিজ্য সংগঠনের যেকোনো সদস্যকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদানপূর্বক নির্দিষ্ট মেয়াদের জন্য সাময়িকভাবে বরখাস্ত করিতে পারিবেন এবং অনুরূপভাবে সাময়িক বরখাস্তের আদেশ পুনঃবিবেচনা করিতে পারিবেন: তবে শর্ত থাকে যে, সরকারের অনুমোদন ব্যতিরেকে এই উপ-দফার অধীনে অপসারণ বা সাময়িক বরখাস্ত বা শূন্যপদ পূরণ বা প্রশাসক নিয়োগ করা যাইবে না; (জ) ফেডারেশন বা অন্য কোনো বাণিজ্য সংগঠনের সদস্যপদ লাভের জন্য নির্ধারিত শর্তাবলী পূরণ করা সত্ত্বেও ফেডারেশন কর্তৃক কোনো বাণিজ্য সংগঠনের অথবা অন্য কোনো বাণিজ্য সংগঠন কর্তৃক কোনো ব্যক্তি, ব্যবসায়ী, ব্যবসা প্রতিষ্ঠান, অংশীদারি কারবার, কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানের সদস্যপদ প্রাপ্তির আবেদন প্রত্যাখান করা হইলে সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠন অথবা ব্যক্তি বা প্রতিষ্ঠানের আবেদনক্রমে ফেডারেশনকে বা উক্ত বাণিজ্য সংগঠনকে যথাক্রমে সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনের অথবা সংশ্লিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী, ব্যবসা প্রতিষ্ঠান, অংশীদারি কারবার, কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানের অনুকূলে সদস্যপদ প্রদানের জন্য আদেশ প্রদান করিতে পারিবেন; কোনো বাণিজ্য সংগঠনে প্রশাসক নিযুক্ত হইলে তিনি উক্ত বাণিজ্য সংগঠনের আর্থিক সক্ষমতা ও কাজের পরিধি বিবেচনাপূর্বক উহার প্রশাসক ও সহায়ক কমিটির সদস্যগণের মাসিক সম্মানি ভাতা বা পারিশ্রমিক বা দায়িত্ব ভাতা বা আনুষঙ্গিক ব্যয় নির্ধারণ করিতে পারিবেন; (ঞ) বাণিজ্য বা বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে কোনো পরামর্শ প্রদান করিতে পারিবেন; (ট) সরকারি বা জনকল্যাণমূলক কোনো কার্যক্রমে অংশগ্রহণ বা সহযোগিতা প্রদান করিবার নির্দেশ প্রদান করিতে পারিবেন; (ঠ) কোনো সদস্য বা ফেডারেশন বা ক্ষেত্রমত, জেলা বা মেট্রোপলিটন চেম্বারের অভিযোগ বা আবেদন অথবা স্বীয় বিবেচনায় কোনো বাণিজ্য সংগঠনে বিদ্যমান কোনো সমস্যা বা দ্বন্দ্ব নিরসনের উদ্যোগ গ্রহণ করিতে পারিবেন; (ড) ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতসমূহে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে বাণিজ্য সংগঠনসমূহের সহিত জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার যোগাযোগ ও কার্যক্রমের সমন্বয় সাধন করিবেন; (ঢ) কোনো বাণিজ্য সংগঠন অথবা ফেডারেশনের আবেদন বা অভিযোগ অথবা স্বীয় বিবেচনায় কোনো বাণিজ্য সংগঠনের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নির্বাচন বোর্ড এবং নির্বাচন আপিল বোর্ড গঠন করিতে পারিবেন; এবং (ণ) বিধি দ্বারা নির্ধারিত বা অন্য যে কোনো ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্য পালন করিবেন।

End of ধারা ১৫. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাণিজ্য সংগঠন আইন, ২০২২