Skip to content

বাণিজ্য সংগঠন আইন, ২০২২

ধারা ৩বাণিজ্য সংগঠনের লাইসেন্স

বলবৎ

ধারা ৩

3. বাণিজ্য সংগঠনের লাইসেন্স (১) আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোনো সংগঠন, বাণিজ্য সংগঠন হিসাবে কার্য পরিচালনা করিতে পারিবে না যতক্ষণ না উহা সরকারের নিকট হইতে লাইসেন্স প্রাপ্ত হয়। (২) কোনো বাণিজ্য সংগঠনকে লাইসেন্স প্রদান করা হইবে না, যদি না উহা- (ক) দফা (খ), (গ), (ঘ), (ঙ), (জ), (ঝ) ও (ঞ) তে বর্ণিত বাণিজ্য সংগঠনমূহের প্রতিনিধিত্ব করিবার জন্য ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতসমূহে নিয়োজিত চেম্বারসমূহ এবং সমগ্র বাংলাদেশভিত্তিক সমিতিসমূহের ‘ফেডারেশন’ হয়: তবে শর্ত থাকে যে, অনুরূপ কোনো লাইসেন্স একাধিক বাণিজ্য সংগঠনকে প্রদান করা হইবে না; (খ) সমগ্র বাংলাদেশভিত্তিক গঠিত শিল্পখাতসমূহের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ হয়: তবে শর্ত থাকে যে, অনুরূপ কোনো লাইসেন্স একাধিক বাণিজ্য সংগঠনকে প্রদান করা হইবে না; (গ) সুনির্দিষ্ট এলাকা, যেমন:- জেলা বা মেট্রোপলিটন এলাকার ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতসমূহের প্রতিনিধিত্ব করিবার জন্য গঠিত কোনো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি হয়: তবে শর্ত থাকে যে, অনুরূপ কোনো লাইসেন্স একই জেলা বা মেট্রোপলিটন এলাকায় একাধিক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে প্রদান করা হইবে না; (ঘ) সুনির্দিষ্ট ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতসমূহের প্রতিনিধিত্ব করিবার জন্য সমগ্র বাংলাদেশভিত্তিক গঠিত ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতের কোনো সমিতি হয়: তবে শর্ত থাকে যে, অনুরূপ কোনো লাইসেন্স একাধিক সমিতিকে প্রদান করা হইবে না; (ঙ) নারী উদ্যোক্তাগণ কর্তৃক পরিচালিত সমগ্র বাংলাদেশভিত্তিক গঠিত ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতসমূহের উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি হয়: তবে শর্ত থাকে যে, অনুরূপ কোনো লাইসেন্স একাধিক উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে প্রদান করা হইবে না; ব্যাখ্যা: ‘নারী উদ্যোক্তা’ অর্থ এইরূপ কোনো নারী যাহার নিজ মালিকানাধীন কোনো ব্যবসা প্রতিষ্ঠান, কারখানা বা অন্য কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বিদ্যমান রহিয়াছে এবং তিনি উহা পরিচালনা করিয়া থাকেন; (চ) সুনির্দিষ্ট এলাকা, যেমন:- পৌরসভা বা শহরে ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতসমূহের প্রতিনিধিত্ব করিবার জন্য গঠিত কোনো শহর সমিতি হয়: তবে শর্ত থাকে যে, অনুরূপ কোনো লাইসেন্স একাধিক শহর সমিতিকে প্রদান করা হইবে না: আরও শর্ত থাকে যে, অনুরূপ শহর সমিতি যে জেলায় অবস্থিত সেই জেলার জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর অধিভুক্ত হইতে হইবে; (ছ) সুনির্দিষ্ট এলাকা, যেমন:- জেলা ও উপজেলায় সুনির্দিষ্ট ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতসমূহের প্রতিনিধিত্ব করিবার জন্য গঠিত কোনো গ্রুপ হয়: তবে শর্ত থাকে যে, অনুরূপ কোনো লাইসেন্স একাধিক গ্রুপকে প্রদান করা হইবে না; (জ) জেলা ও মেট্রোপলিটন এলাকার নারী উদ্যোক্তাগণ কর্তৃক পরিচালিত ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতসমূহের প্রতিনিধিত্ব করিবার জন্য গঠিত কোনো উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি হয়: তবে শর্ত থাকে যে, অনুরূপ কোনো লাইসেন্স একাধিক উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে প্রদান করা হইবে না; (ঝ) বিদেশি বিনিয়োগকারীগণের প্রতিনিধিত্ব করিবার জন্য সমগ্র বাংলাদেশভিত্তিক গঠিত ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতসমূহের ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি হয়: তবে শর্ত থাকে যে, অনুরূপ কোনো লাইসেন্স একাধিক ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে প্রদান করা হইবে না; (ঞ) বাংলাদেশের সহিত কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান রহিয়াছে এইরূপ কোনো দেশ বা অঞ্চলের সহিত ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতসমূহের প্রতিনিধিত্ব করিবার জন্য যৌথ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি হয়: তবে শর্ত থাকে যে, অনুরূপ কোনো লাইসেন্স একাধিক যৌথ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে প্রদান করা হইবে না। (৩) এই ধারার অধীন প্রদত্ত লাইসেন্স প্রাপ্তির জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদান পূর্বক ফরমে আবেদন করিতে হইবে। (৪) সরকার যেইরূপ উপযুক্ত মনে করিবে সেইরূপ শর্ত ও বিধি-নিষেধ আরোপ সাপেক্ষে লাইসেন্স প্রদান করিতে পারিবে এবং উক্ত শর্ত ও বিধি-নিষেধ বাণিজ্য সংগঠনের জন্য বাধ্যতামূলক হইবে এবং উক্ত শর্ত ও বিধি-নিষেধ বাণিজ্য সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি অথবা উহার কোনো একটিতে অন্তর্ভুক্ত করিতে হইবে। (৫) লাইসেন্সপ্রাপ্ত কোনো বাণিজ্য সংগঠন উহার নামের সহিত ‘লিমিটেড’ শব্দ সংযোজন ব্যতিরেকেই একটি ‘সীমিত দায়’ কোম্পানি হিসাবে নিবন্ধিত হইলে উহা একটি সীমিত দায় কোম্পানির সকল অধিকার ভোগ করিবে এবং সীমিত দায় কোম্পানির সকল বিধি-বিধান মানিয়া চলিতে বাধ্য থাকিবে। (৬) সরকার জনস্বার্থে, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা, প্রজ্ঞাপনে উল্লিখিত মেয়াদ ও শর্ত সাপেক্ষে, যে কোনো বাণিজ্য সংগঠনকে এই ধারার যে কোনো বিধান হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে। (৭) কোনো বাণিজ্য সংগঠনের অনুকূলে লাইসেন্স মঞ্জুর করা যাইবে না, যদি না উহার উদ্যোক্তা বা সংগঠকগণ উহা গঠনের পূর্বে- উহার অভিপ্রায়, লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ এবং সাধারণ সভা অনুষ্ঠানের তারিখ ও স্থান উল্লেখ করিয়া উপ-ধারা (২) এর দফা (খ), (ঘ), (ঙ), (ঝ) ও (ঞ) তে উল্লিখিত বাণিজ্য সংগঠনের ক্ষেত্রে কমপক্ষে ২ (দুই) টি জাতীয় দৈনিক সংবাদপত্রে এবং অন্যান্য বাণিজ্য সংগঠনের ক্ষেত্রে কমপক্ষে ১ (এক) টি জাতীয় ও ১ (এক) টি স্থানীয় বা আঞ্চলিক দৈনিক সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করিয়া থাকে; (খ) মহাপরিচালক, বাণিজ্য সংগঠন এর নিকট হইতে নামের ছাড়পত্র গ্রহণ করিয়া থাকে; মহাপরিচালক, বাণিজ্য সংগঠন এর নিকট হইতে নামের ছাড়পত্র প্রাপ্তির পর ‍উপ-ধারা (২) এর দফা (খ), , (ঘ), (ঙ), (জ), (ঝ) ও (ঞ) তে উল্লিখিত বাণিজ্য সংগঠনের ক্ষেত্রে ফেডারেশনের মতামত এবং অন্যান্য বাণিজ্য সংগঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা চেম্বারের মতামত গ্রহণ না করিয়া থাকে: তবে শর্ত থাকে যে, ৬০ (ষাট) দিনের মধ্যে উক্তরূপ কোনো মতামত পাওয়া না গেলে উক্ত মতামত ব্যতিরেকেই লাইসেন্স মঞ্জুর করা যাইবে। (৮) উপ-ধারা (২) এর- দফা (খ), (গ), (ঘ), (ঙ), (জ) ও (ঝ) তে উল্লিখিত কোনো বাণিজ্য সংগঠনের ক্ষেত্রে লাইসেন্স প্রাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে ফেডারেশনের সংঘবিধি অনুসারে ফেডারেশনের চেম্বার বা ক্ষেত্রমত এসোসিয়েশন সদস্য হিসাবে অধিভুক্তির জন্য আবেদন করিতে হইবে; দফা (ঞ) তে উল্লিখিত কোনো বাণিজ্য সংগঠনের ক্ষেত্রে লাইসেন্স প্রাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে ফেডারেশনের সংঘবিধি অনুসারে ফেডারেশনের সহযোগী সদস্য (Associate Member) হিসাবে অধিভুক্তির জন্য আবেদন করিতে হইবে; এবং দফা (ক) ও (খ) তে উল্লিখিত বাণিজ্য সংগঠন ব্যতীত অন্যান্য বাণিজ্য সংগঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সংঘবিধি অনুসারে উহার সদস্য হিসাবে অধিভুক্তির জন্য আবেদন করিতে হইবে। (৯) লাইসেন্সপ্রাপ্ত না হইয়া কোনো বাণিজ্য সংগঠন নিবন্ধনের উদ্দেশ্যে আবেদন করিতে পারিবে না।

End of ধারা ৩. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাণিজ্য সংগঠন আইন, ২০২২