ধারা ৫লাইসেন্স ও অব্যাহতি বাতিল
ধারা ৫
5. লাইসেন্স ও অব্যাহতি বাতিল (১) সরকার, যে কোনো সময়, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোনো বাণিজ্য সংগঠন বা ফেডারেশনের আবেদন বা অভিযোগের প্রেক্ষিতে অথবা স্ব-প্রণোদিত হইয়া শুনানির সুযোগ প্রদানপূর্বক কোনো বাণিজ্য সংগঠনের অনুকূলে প্রদত্ত লাইসেন্স বাতিল করিতে পারিবে, যদি উক্ত বাণিজ্য সংগঠন- (ক) ধারা ৩ এর উপ-ধারা (৪) ও (৮) এর বিধান প্রতিপালনে ব্যর্থ হয়; (খ) ধারা ৪ এর উপ-ধারা (১) এ প্রদত্ত সময়সীমার মধ্যে নিবন্ধনে ব্যর্থ হয় অথবা লাইসেন্সে প্রদত্ত অন্য কোনো শর্ত লঙ্ঘন করিয়া থাকে; (গ) উহার সংঘস্মারকের উদ্দেশ্য বহির্ভূত কোনো কাজে লিপ্ত হইয়া থাকে; (ঘ) ধারা ১২ এর উপ-ধারা (২) এর বিধান লঙ্ঘন করিয়া থাকে; (ঙ) ধারা ৮ এর উপ-ধারা (১) এর বিধান অনুসারে বাণিজ্য সংগঠনসমূহ একীভূত হইয়া থাকে; (চ) বিধি দ্বারা নির্ধারিত অন্য কোনো শর্ত পূরণে ব্যর্থ হয়। (২) উপ-ধারা (১) এর অধীন কোনো বাণিজ্য সংগঠনের লাইসেন্স বাতিল করা হইলে উক্ত সংগঠন কোনো কার্যক্রম পরিচালনা করিতে পারিবে না এবং উক্ত সংগঠনের নামে কোনো দপ্তর থাকিতে পারিবে না। (৩) সরকার, যে কোন সময়, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোনো বাণিজ্য সংগঠনের অভিযোগের প্রেক্ষিতে শুনানীর সুযোগ প্রদানপূর্বক কোনো বাণিজ্য সংগঠনের অনুকূলে ধারা ৩ এর উপ-ধারা (৬) এর অধীন প্রদত্ত অব্যাহতি বাতিল করিতে পারিবে। (৪) উপ-ধারা (১) এর অধীন লাইসেন্স বাতিল বা উপ-ধারা (৩) এর অধীন অব্যাহতি বাতিলের ৩০ (ত্রিশ) দিনের মধ্যে উক্ত বাণিজ্য সংগঠন লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদন করিতে পারিবে।