Skip to content

বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২

ধারা ২৪অনুমোদন স্থগিত বা বাতিল

বলবৎ

ধারা ২৪

24. অনুমোদন স্থগিত বা বাতিল (১) কোনো বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ প্রাথমিক নীতিগত অনুমোদন প্রাপ্তির ২ (দুই) বৎসরের মধ্যে শিক্ষা কার্যক্রম আরম্ভ করিতে ব্যর্থ হইলে বা কোনো বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজে সাময়িকভাবে ভর্তি স্থগিতাদেশ প্রদান করা হইলে এবং উক্ত স্থগিতাদেশ প্রদানের ২ (দুই) বৎসরের মধ্যে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করিতে ব্যর্থ হইলে ধারা ৯ এর উপ-ধারা (৩) এর দফা (ক) এর অধীন প্রদত্ত প্রাথমিক নীতিগত অনুমোদন ও ধারা ১০ এর উপ-ধারা (৪) এর অধীন প্রদত্ত একাডেমিক অনুমোদন বাতিল বলিয়া গণ্য হইবে। (২) কোনো বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজের সামগ্রিক পরিচালনার ক্ষেত্রে বা উহার একাডেমিক ও আর্থিক ব্যবস্থাপনায় কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ উত্থাপিত হইলে, শিক্ষার্থীদের নিরাপত্তা বা একাডেমিক পরিবেশের নিরাপত্তা প্রদান করিতে ব্যর্থ হইলে বা এই আইনের কোনো বিধান লঙ্ঘিত হইয়াছে বলিয়া প্রতীয়মান হইলে, সরকার, স্বতঃপ্রণোদিত হইয়া বা কোনো সংক্ষুদ্ধ ব্যক্তির আবেদনক্রমে, উক্ত বিষয়ে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তদন্ত করিতে পারিবে। (৩) তদন্তে অভিযোগটি সত্য বলিয়া প্রতীয়মান হইলে সরকার যুক্তিসংঙ্গত শুনানির সুযোগ প্রদান করিয়া অপরাধের গুরুত্ব বিবেচনায় উক্ত বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজের অনুমোদন স্থগিত বা বাতিল করিতে পারিবে বা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে। (৪) উপ-ধারা (৩) এর অধীন প্রদত্ত আদেশ দ্বারা সংক্ষুদ্ধ বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ কর্তৃপক্ষ উক্ত আদেশ প্রদানের তারিখ হইতে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে বিষয়টি পুনর্বিবেচনার লক্ষ্যে সরকারের নিকট আবেদন করিতে পারিবে। (৫) উপ-ধারা (৪) এর অধীন কোনো আবেদন প্রাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে সরকার উক্ত বিষয়ে সিদ্ধান্ত প্রদান করিবে এবং এতদ্‌বিষয়ে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। (৬) উপ-ধারা (১) বা (৩) এর অধীন কোনো বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজের অনুমোদন বাতিল হওয়ার কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হইয়াছে অথবা কোনো শিক্ষক, কর্মচারী ক্ষতিগ্রস্ত হইয়াছে বলিয়া প্রমাণিত হইলে, উক্ত বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ সরকারের নির্দেশক্রমে সংশ্লিষ্ট শিক্ষার্থী বা ক্ষেত্রমত, শিক্ষক ও কর্মচারীকে সরকার যে পরিমাণ ক্ষতিপূরণ প্রদান উপযুক্ত মর্মে বিবেচনা করিবে সেই পরিমাণ ক্ষতিপূরণ প্রদান করিবে এবং সরকার ও সংশ্লিষ্ট বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের সহিত পরামর্শক্রমে শিক্ষার্থীদেরকে সুবিধাজনক অন্য কোনো বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজে মাইগ্রেশনের ব্যবস্থা করিবে। (৭) উপ-ধারা (৬) এ উল্লিখিত ক্ষতিপূরণ প্রদানের নিমিত্ত, সংশ্লিষ্ট বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ কর্তৃপক্ষ, সরকারের পূর্বানুমোদনক্রমে, উক্ত কলেজের সংরক্ষিত তহবিল হইতে অর্থ উত্তোলন করিতে পারিবে।

End of ধারা ২৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২