Skip to content

সরকারি ঋণ আইন, ২০২২

ধারা ১৭ধারক কর্তৃক নমিনি মনোনয়ন প্রদান

বলবৎ

ধারা ১৭

17. ধারক কর্তৃক নমিনি মনোনয়ন প্রদান (১) আপাতত বলবৎ অন্য কোনো আইনে ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন,- (ক) সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কীমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেটের ধারক উল্লিখিত সিকিউরিটি বা সার্টিফিকেটের প্রাপ্য অর্থ তাহার মৃত্যুর পর গ্রহণ বা উত্তোলনের নিমিত্ত বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তাহার পক্ষে এক বা একাধিক নমিনি মনোনয়ন প্রদান করিতে পারিবে; এবং (খ) ধারকের মৃত্যুর পর আইনানুগ প্রক্রিয়ায় নমিনি পরিবর্তন বা বাতিল না হইলে, ধারকের মনোনীত নমিনিকে বাংলাদেশ ব্যাংক বা, ক্ষেত্রমত, জাতীয় সঞ্চয় অধিদপ্তর নির্ধারিত পদ্ধতিতে সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কীমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেট বাবদ পাওনা অর্থ প্রদান করিতে পারিবে। (২) ধারক কর্তৃক প্রদত্ত একক নমিনি বা একাধিক নমিনির ক্ষেত্রে সকল নমিনি মৃত্যুবরণ করিলে উপ-ধারা (১) এর বিধান অনুযায়ী প্রদত্ত নমিনির মনোনয়ন বাতিল বলিয়া গণ্য হইবে। (৩) সরকারি সিকিউরিটি হস্তান্তর করিলে, হস্তান্তরের পূর্বে প্রদত্ত নমিনির মনোনয়ন বাতিল বলিয়া গণ্য হইবে: তবে শর্ত থাকে যে, সরকারি সিকিউরিটি কোনো আর্থিক লেনদেনের জন্য বন্ধক বা জামানত হিসাবে প্রদান করিলে, উক্তরূপ বন্ধক বা জামানত নমিনি বাতিলকে প্রভাবিত করিবে না, তবে বন্ধক বা জামানত গ্রহীতার অধিকারের সহিত নমিনির অধিকার সম্পর্কযুক্ত হইবে। (৪) নমিনি নাবালক হইলে, ধারকের মৃত্যুর পর নমিনি সাবালক না হওয়া পর্যন্ত নমিনির পক্ষে সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয়স্কীমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেটের প্রাপ্য অর্থ গ্রহণ বা উত্তোলনের জন্য ধারক কর্তৃক নমিনি প্রদানকালে যে কোনো ব্যক্তিকে নিয়োগ করা আইনসম্মত ও যৌক্তিক হইবে এবং উক্তরূপ নিয়োগের ক্ষেত্রে ধারকের মৃত্যুর পর নমিনি সাবালক না হওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্ত ব্যক্তি নাবালকের প্রতিনিধি হিসাবে গণ্য হইবে।

End of ধারা ১৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: সরকারি ঋণ আইন, ২০২২