Skip to content

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন আইন, ২০২২

ধারা ২৮ভূমিতে প্রবেশ, জরিপ, ক্ষতিপূরণ

বলবৎ

ধারা ২৮

28. ভূমিতে প্রবেশ, জরিপ, ক্ষতিপূরণ (১) চেয়ারম্যান বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি কোনো ভূমিতে নিম্নবর্ণিত যে কোনো উদ্দেশ্যে প্রবেশ করিতে পারিবেন, যথা:- ক) পেট্রোলিয়াম ও খনিজ অনুসন্ধানের উদ্দেশ্যে জরিপ ও তথ্যানুসন্ধান; খ) কার্যের ক্ষেত্র ও সীমানা নির্ধারণের জন্য খুঁটি স্থাপন; গ) খনিজসম্পদ আবিষ্কারের জন্য বোরিং সম্পাদন; ঘ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে যেকোনো কার্য সম্পাদন। (২) উপ-ধারা (১) এর অধীন কার্যসম্পাদনের ক্ষেত্রে, যতদূর সম্ভব হয়, ভূমির যাহাতে কম ক্ষতি, অনিষ্ট এবং অসুবিধা হয় সে বিষয়ে বিশেষ লক্ষ্য রাখিতে হইবে। (৩) কোনো ভূমিতে উপ-ধারা (১) এর অধীন কর্তৃত্বপ্রাপ্ত কোনো ব্যক্তির প্রবেশের জন্য দরজা, গেট বা অন্য কোনো প্রতিবন্ধক যুক্তিসঙ্গত কারণে খোলা বা খোলানো আইনসংগত হইবে। (৪) উপ-ধারা (১) এর অধীন কোনো কার্যের ফলে কোনো ক্ষতি হইলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কর্পোরেশন কর্তৃক নির্ধারিত ও প্রদেয় ক্ষতিপূরণ প্রদান করিতে হইবে। (৫) কর্পোরেশন কর্তৃক নির্ধারিত ক্ষতিপূরণ লইয়া কোনো বিরোধের উদ্ভব হইলে, সরকার কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক উহা নিষ্পত্তি করা হইবে। ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, “ব্যক্তি” অর্থে যে কোনো প্রতিষ্ঠান, কোম্পানি বা সংস্থাও অন্তর্ভুক্ত হইবে।

End of ধারা ২৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন আইন, ২০২২