Skip to content

যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন, ২০২৩

ধারা ৪যাকাত বোর্ডের গঠন

বলবৎ

ধারা ৪

4. যাকাত বোর্ডের গঠন (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, যাকাত বোর্ড নামে একটি বোর্ড থাকিবে যাহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, যিনি উহার ভাইস-চেয়ারম্যানও হইবেন; (গ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন কর্মকর্তা; (ঘ) অর্থ বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন কর্মকর্তা; (ঙ) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন কর্মকর্তা; (চ) সরকার কর্তৃক মনোনীত ৫ (পাঁচ) জন বিশিষ্ট ফকিহ বা আলেম; (ছ) সরকার কর্তৃক মনোনীত দেশের শিল্প, বাণিজ্য ও ব্যবসায়ী সংগঠনের ২ (দুই) জন প্রতিনিধি; (জ) ফাউন্ডেশনের মহাপরিচালক, যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (২) ফাউন্ডেশন, বোর্ডের সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করিবে এবং উহার কার্যাবলি নির্বাহ করিবার উদ্দেশ্যে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা প্রদান করিবে। (৩) দফা (চ) এবং (ছ) এ উল্লিখিত মনোনীত সদস্য তাহাদের মনোনয়নের তারিখ হইতে ৩ (তিন) বৎসর মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন: তবে শর্ত থাকে যে, মেয়াদ উত্তীর্ণ হইবার পর পরবর্তী মনোনয়ন প্রদান না করা পর্যন্ত পূর্ববর্তী মনোনীত ব্যক্তি কার্যক্রম অব্যাহত রাখিতে পারিবেন। (৪) সরকার, প্রয়োজনে, কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো সময় দফা (চ) এবং (ছ) এ উল্লিখিত মনোনীত সদস্যকে মেয়াদ শেষ হইবার পূর্বে বোর্ডের সদস্য পদ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে। (৫) সরকার কর্তৃক মনোনীত বোর্ডের কোনো সদস্য সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে যেকোনো সময় পদত্যাগ করিতে পারিবেন।

End of ধারা ৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন, ২০২৩