[মেহেরপুর বিশ্ববিদ্যালয়] আইন, ২০২৩
ধারা ২১অ্যাকাডেমিক কাউন্সিল
ধারা ২১
21. অ্যাকাডেমিক কাউন্সিল (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে অ্যাকাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথা:- (ক) উপাচার্য, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) উপউপাচার্যগণ; (গ) অনুষদসমূহের ডিন; (ঘ) সকল বিভাগীয় চেয়ারম্যান; (ঙ) ইনস্টিটিউটসমূহের পরিচালক; (চ) বিশ্ববিদ্যালয়ের অনধিক ৭ (সাত) জন অধ্যাপক যাহারা উপাচার্য কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে মনোনীত হইবেন, তবে প্রয়োজনীয় সংখ্যক অধ্যাপক না থাকিলে উপাচার্য কর্তৃক নির্ধারিত সংখ্যক অন্যান্য পর্যায়ের শিক্ষক জ্যেষ্ঠতার ভিত্তিতে মনোনীত হইবেন; (ছ) বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক; (জ) উপাচার্য কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে মনোনীত ১(এক) জন সহযোগী অধ্যাপক, ১(এক) জন সহকারী অধ্যাপক ও ১(এক) জন প্রভাষক; (ঝ) আচার্য কর্তৃক মনোনীত সরকারি গবেষণা প্রতিষ্ঠান হইতে ২(দুই) জন গবেষক; (ঞ) আচার্য কর্তৃক মনোনীত ২(দুই) জন বিশিষ্ট শিক্ষাবিদ; এবং (ট) পরীক্ষা নিয়ন্ত্রক। (২) রেজিস্ট্রার অ্যাকাডেমিক কাউন্সিলের সাচিবিক দায়িত্ব পালন করিবেন। (৩) অ্যাকাডেমিক কাউন্সিলের মনোনীত কোনো সদস্য ২ (দুই) বৎসর মেয়াদের জন্য উক্ত পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, অ্যাকাডেমিক কাউন্সিলের মনোনীত কোনো সদস্যের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাহার পদে বহাল থাকিবেন। (৪) অ্যাকাডেমিক কাউন্সিলের কোনো সদস্য পদত্যাগ করিতে চাহিলে যে কোনো সময় সভাপতিকে উদ্দেশ্য করিয়া তাহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন। (৫) অ্যাকাডেমিক কাউন্সিলের কোনো সদস্য যে পদ বা প্রতিষ্ঠান হইতে মনোনীত হইয়াছিলেন তিনি যদি সেই পদ বা প্রতিষ্ঠানে না থাকেন, তাহা হইলে তিনি সিন্ডিকেটের সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন না।