Skip to content

আয়কর আইন, ২০২৩

ধারা ২৫২কতিপয় ক্ষেত্রে প্রতিনিধির দায়

বলবৎঅংশ ১৭ এজেন্সি, প্রতিনিধিত্ব এবং সংশ্লিষ্ট বিষয়াদি

অংশ ১৭ এজেন্সি, প্রতিনিধিত্ব এবং সংশ্লিষ্ট বিষয়াদি

ধারা ২৫২

252. কতিপয় ক্ষেত্রে প্রতিনিধির দায় (১) কোনো আয়ের বিষয়ে অন্য কোনো ব্যক্তির প্রতিনিধি হিসাবে দায়িত্বপালনকারী প্রত্যেক ব্যক্তি, এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, উক্ত আয়ের ক্ষেত্রে – (ক) এইরূপ কর্তব্য, দায়িত্ব ও দায়ের আওতাভুক্ত হইবে যেন এইরূপ আয় তাহার সুবিধার্থে তাহার দ্বারা গৃহীত হইয়াছে, বা তাহার বরাবর উদ্ভূত হইয়াছে বা তাহার অনুকূলে জমা হইয়াছে; (খ) তাহার নিজ নামে কর নির্ধারণে দায়ী হইবে; এবং (গ) এই অংশের অন্যান্য বিধানাবলির সাপেক্ষে, এই আইনের সকল উদ্দেশ্যে পূরণকল্পে করদাতা হিসাবে গণ্য হইবে। (২) কোনো ব্যক্তি, যাহার কোনো আয়ের জন্য প্রতিনিধি হিসাবে এই ধারার বিধানাবলির আওতায় কর নির্ধারণ করা হইয়াছে তাহার একই আয়ের জন্য এই আইনের অন্য কোনো বিধানের অধীন কর নির্ধারণ করা যাইবে না। (৩) এই ধারার কোনো কিছুই উক্ত ব্যক্তি যাহার জন্য বা যাহার পক্ষে বা যাহার সুবিধার জন্য প্রতিনিধি কোনো আয় গ্রহণের অধিকারী সেই ব্যক্তির সরাসরি কর নির্ধারণ বা তাহার নিকট হইতে উক্ত আয়ের উপর প্রদেয় কর আদায়কে বাধাগ্রস্থ করিবে না। (৪) এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে- [(ক) অভিভাবক, ব্যবস্থাপক, ট্রাস্টি, সেবায়েত, মতোয়াল্লি বা আর্থিক সংশ্লেষ রহিয়াছে এইরূপ যেকোনো ব্যক্তি, যিনি কোনো নাবালক, অপ্রকৃতিস্থ, নির্বোধ অথবা, আয় অর্জন, সম্পদ ধারণ বা অধিকার গ্রহণ করিতে সক্ষম এইরূপ যেকোনো সম্পদ বা স্থাপনার জন্য বা তাহার পক্ষে বা তাহার কল্যাণে কোনো আয় গ্রহণ করেন বা গ্রহণের অধিকারী হন, তিনি উক্ত আয়ের জন্য প্রতিনিধি হিসাবে গণ্য হইবেন;] (খ) আদালতের আদেশবলে বা আদেশাধীনে নিযুক্ত অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল, অফিসিয়াল ট্রাস্টি, বা কোনো রিসিভার, ম্যানেজার বা অন্য ব্যক্তি তিনি, যে নামেই আখ্যায়িত হন কেন, অন্য কোনো ব্যক্তির জন্য বা তাহার পক্ষে বা তাহার সুবিধার জন্য কোনো আয় গ্রহণ বা গ্রহণের অধিকারী হইলে, উক্ত আয়ের জন্য প্রতিনিধি হইবেন; (গ) আইনগতভাবে বৈধ ওয়াকফ্‌ দলিলসহ আইনানুগভাবে সম্পাদিত লিখিত উইল বা অন্য কোনো দলিল দ্বারা ঘোষিত কোনো ট্রাস্টের অধীন নিযুক্ত ট্রাস্টি বা ট্রাস্টিবর্গ যাহারা অন্য কোনো ব্যক্তির জন্য বা তাহার পক্ষে বা তাহার সুবিধার জন্য কোনো আয় গ্রহণ বা গ্রহণের অধিকারী হন, তাহারা উক্ত আয়ের জন্য প্রতিনিধি হইবেন; (ঘ) কোনো ব্যক্তি যিনি ধারা ২৫৩ এর অধীন কোনো অনিবাসীর এজেন্ট হিসাবে বিবেচিত হন, তিনি উক্ত অনিবাসীর যে আয় ধারা ২৭ এর অধীন বাংলাদেশে উদ্ভূত বা অর্জিত হইয়াছে বলিয়া বিবেচিত হইবে সেই আয়ের জন্য প্রতিনিধি হইবেন [;] [(ঙ) কোনো করদাতা মৃত্যুবরণ করিলে এবং তাহার বৈধ ওয়ারিশগণের মধ্যে করদাতার সম্পদ বণ্টন না হইয়া থাকিলে, তাহার বৈধ ওয়ারিশগণের ঐকমত্যের ভিত্তিতে অথবা উপকর কমিশনার কর্তৃক মনোনয়নের ভিত্তিতে উক্ত ওয়ারিশগণের যেকোনো একজন মৃত করদাতার আয়ের জন্য ‘প্রতিনিধি’ হিসাবে গণ্য হইবেন; (চ) কোনো করদাতা রিটার্ন পূরণে অসমর্থ হইলে বা করদাতার সন্ধান না পাওয়া গেলে তাহার বৈধ ওয়ারিশগণের ঐকমত্যের ভিত্তিতে অথবা উপকর কমিশনার কর্তৃক মনোনয়নের ভিত্তিতে উক্ত ওয়ারিশগণের যেকোনো একজন উল্লিখিত করদাতার আয়ের জন্য প্রতিনিধি হিসাবে গণ্য হইবেন।]

  1. 472. দফা (ক) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৩২(ক) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
  2. 473. “;” সেমিকোলন চিহ্ন “।” দাঁড়ি চিহ্নের পর অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৩২(খ) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
  3. 474. দফা (ঙ) ও (চ) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৩২(খ) ধারাবলে সংযোজিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

End of ধারা ২৫২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আয়কর আইন, ২০২৩