এজেন্সি টু ইনোভেট (এটুআই) আইন, ২০২৩
ধারা ১৬তহবিল
ধারা ১৬
16. তহবিল (১) এজেন্সি টু ইনোভেট (এটুআই) তহবিল নামে এজেন্সির একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নরূপ উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত সাহায্য, মঞ্জুরি বা অনুদান; (খ) সরকারের অনুমোদন সাপেক্ষে গৃহীত ঋণ; (গ) সরকারের অনুমোদন সাপেক্ষে প্রাপ্ত অনুদান বা সাহায্য; (ঘ) তহবিলের অর্থ বিনিয়োগের মাধ্যমে প্রাপ্ত আয় বা মুনাফা; (ঙ) এজেন্সির সম্পত্তি বা কোনো কার্যক্রম হইতে প্রাপ্ত আয়; (চ) এজেন্সি কর্তৃক সেবা বা পরামর্শ প্রদানের বিনিময়ে প্রাপ্ত ফি বা চার্জ; (ছ) এজেন্সির নিজস্ব উৎস হইতে প্রাপ্ত আয়; এবং (জ) সরকার কর্তৃক অনুমোদিত অন্য কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত আয়। (২) তহবিলের সকল অর্থ কোনো তপশিলি ব্যাংকে এজেন্সির নামে জমা রাখিতে হইবে এবং অর্থ বিভাগ কর্তৃক জারীকৃত নির্দেশনাবলি অনুসরণপূর্বক উক্ত অর্থ উত্তোলন করা যাইবে। (৩) সরকারের নিকট হইতে প্রাপ্ত অর্থ এজেন্সির ক্ষমতা ও কার্যাবলি সম্পাদনের জন্য পরিচালিত প্রকল্প, কর্মসূচি ও কার্যক্রমে ব্যয় করা যাইবে। (৪) এজেন্সির তহবিল বা উহার অংশ বিশেষ সরকার কর্তৃক অনুমোদিত খাতে বিনিয়োগ করা যাইবে। (৫) বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তহবিল পরিচালিত হইবে। (৬) এজেন্সি উক্ত তহবিল হইতে উহার প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করিবে এবং উদ্বৃত্ত অর্থ, যদি থাকে, একটি অংশ সরকারি কোষাগারে জমা প্রদান করিতে হইবে। ব্যাখ্যা- উপ-ধারা (২) এর উদ্দেশ্য পূরণকল্পে ‘তপশিলি ব্যাংক’ অর্থ Bagladesh Bank Order, 1972 (President Order No. 127 of 1972) এর Article 2(j) তে সংজ্ঞায়িত ‘Scheduled Bank’ ।