Skip to content

বাংলাদেশ শিল্প-নকশা আইন, ২০২৩

ধারা ৭শিল্প নকশা নিবন্ধন আবেদন, সংশোধন, প্রত্যাহার, ইত্যাদি

বলবৎতৃতীয় অধ্যায় শিল্প-নকশা নিবন্ধন

তৃতীয় অধ্যায় শিল্প-নকশা নিবন্ধন

ধারা ৭

7. শিল্প নকশা নিবন্ধন আবেদন, সংশোধন, প্রত্যাহার, ইত্যাদি (১) কোনো ব্যক্তি বা তাহার আইনানুগ প্রতিনিধিকে, কোনো শিল্প-নকশা নিবন্ধন করিবার উদ্দেশ্যে, নির্ধারিত ফরমে, পদ্ধতিতে ও ফি প্রদান সাপেক্ষে, নিম্নবর্ণিত দলিলাদিসহ মহাপরিচালকের নিকট আবেদন করিতে হইবে, যথা:- (ক) উক্ত শিল্প-নকশার একটি ফটোপ্রতিরূপ, তবে উক্ত শিল্প-নকশা কোনো দ্বি-মাত্রিক বস্তুতে অঙ্গীভূত থাকিলে, ফটোপ্রতিরূপের পরিবর্তে উক্ত বস্তুটির নমুনা; (খ) আবেদনকারী স্বয়ং নকশাকার না হইলে উক্ত শিল্প-নকশার নিবন্ধন প্রাপ্তির ক্ষেত্রে আবেদনকারীর স্বপক্ষে যৌক্তিকতা সংবলিত বিবৃতি; এবং (গ) নির্ধারিত অন্যান্য দলিল। (২) প্রত্যেক শিল্প-নকশার জন্য পৃথকভাবে আবেদন করিতে হইবে এবং উক্ত আবেদনে এই আইন ও বিধি অনুযায়ী অনুরূপ শিল্প-নকশা সম্পর্কিত দ্রব্যের আন্তর্জাতিক শ্রেণি উল্লেখ করিতে হইবে। (৩) বিবেচনাধীন মূল শিল্প-নকশা পরিবর্তন বা সংযোজন ব্যতিরেকে কোনো আবেদনকারী যে কোনো সময় তৎকর্তৃক দাখিলকৃত আবেদন সংশোধন বা পরিমার্জনের জন্য আবেদন করিতে পারিবেন। (৪) কোনো আবেদনকারী নিজেকে কোনো শিল্প-নকশার যৌথ নকশাকার দাবি করিলে তিনি নির্ধারিত পদ্ধতিতে মহাপরিচালকের নিকট তাহাকে যৌথ নকশাকার বা, ক্ষেত্রমতে উক্ত শিল্প-নকশা নিবন্ধনের সহ-অংশীদার হিসাবে যুক্ত করিবার আবেদন করিতে পারিবেন। (৫) মহাপরিচালক উপ-ধারা (৩) ও (৪) এর অধীন প্রাপ্ত আবেদন নির্ধারিত পদ্ধতিতে নিষ্পত্তি করিবেন। (৬) কোনো আবেদনকারীর আবেদন বিবেচনাধীন থাকাকালে যে কোনো সময় তিনি তাহার আবেদন নির্ধারিত পদ্ধতিতে প্রত্যাহার করিতে পারিবেন। (৭) কোনো ব্যক্তি নির্ধারিত পদ্ধতিতে ও ফি প্রদান সাপেক্ষে, এই আইনের অধীন দাখিলকৃত শিল্প-নকশা নিবন্ধন সংক্রান্ত আবেদনের তথ্য এবং প্রত্যয়িত প্রতিলিপি সংগ্রহ করিতে পারিবেন।

End of ধারা ৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ শিল্প-নকশা আইন, ২০২৩