Skip to content

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন, ২০২৩

ধারা ২সংজ্ঞা

বলবৎপ্রথম অধ্যায় প্রারম্ভিক

প্রথম অধ্যায় প্রারম্ভিক

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (১) ‘অতি ক্ষুদ্র শিল্প’ বা ‘মাইক্রো শিল্প’ অর্থ- (ক) পণ্য উৎপাদনের ক্ষেত্রে সেই সকল শিল্প প্রতিষ্ঠান যাহার জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ অন্যূন ১০ (দশ) লক্ষ টাকা হইতে অনধিক ৭৫ (পচাত্তর) লক্ষ টাকা, বা যে সকল শিল্প প্রতিষ্ঠানে অন্যূন ১৬ ( ষোলো) জন হইতে অনধিক ৩০ (ত্রিশ) জন শ্রমিক কাজ করে; এবং (খ) সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেই সকল শিল্প প্রতিষ্ঠান যাহার জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ অনধিক ১০ (দশ) লক্ষ টাকা, বা যে সকল শিল্প প্রতিষ্ঠানে অনধিক ১৫ (পনেরো) জন শ্রমিক কাজ করে; (২) ‘ঋণ’ অর্থ দাতা ও গ্রহীতার মধ্যে কোনো চুক্তি, নীতিমালা, সমঝোতা স্মারক বা আইনের ক্ষমতাসম্পন্ন কোনো দলিলের ভিত্তিতে আর্থিক বা মূল্যবান কোনো বস্তু বিনিময়, যাহা নির্দিষ্ট মেয়াদের পর গ্রহীতা কর্তৃক দাতাকে সুদ-আসলে ফেরত প্রদানযোগ্য; (৩) ‘ঋণ গ্রহীতা’ অর্থ এই আইনের অধীন কর্পোরেশনের নিকট হইতে ঋণ গ্রহণ করিয়াছেন এইরূপ যে কোনো ব্যক্তি; (৪) ‘কুটির শিল্প’ অর্থ সেই সকল শিল্প প্রতিষ্ঠান যাহার জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ অনধিক ১০ (দশ) লক্ষ টাকা এবং যাহা সর্বাধিক পারিবারিক সদস্যসহ অন্যান্য সদস্য সমন্বয়ে গঠিত এবং যাহার জনবল অনধিক ১৫ (পনেরো) জন; (৫) ‘কর্পোরেশন’ অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (Bangladesh Small and Cottage Industries Corporation); (৬) ‘ক্ষুদ্র শিল্প’ অর্থ- (ক) পণ্য উৎপাদনের ক্ষেত্রে সেই সকল শিল্প প্রতিষ্ঠান যাহার জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ অন্যূন ৭৫ (পচাত্তর) লক্ষ ১ (এক) টাকা হইতে অনধিক ১৫ (পনেরো) কোটি টাকা, বা যে সকল শিল্প প্রতিষ্ঠানে অন্যূন ৩১ (একত্রিশ) জন হইতে অনধিক ১২০ (একশত বিশ) জন শ্রমিক কাজ করে; এবং (খ) সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেই সকল শিল্প প্রতিষ্ঠান যাহার জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ অন্যূন ১০ (দশ) লক্ষ ১ (এক) টাকা হইতে অনধিক ২ (দুই) কোটি টাকা, বা যে সকল শিল্প প্রতিষ্ঠানে অন্যূন ১৬ ( ষোলো) জন হইতে অনধিক ৫০ (পঞ্চাশ) জন শ্রমিক কাজ করে; (৭) ‘চেয়ারম্যান’ অর্থ কর্পোরেশনের চেয়ারম্যান; (৮) ‘ডেভেলপার’ অর্থ ধারা ১৯ এর অধীন নিযুক্ত শিল্পপার্ক বা শিল্পনগরী ডেভেলপার; (৯) ‘তপশিল’ অর্থ এই আইনের তপশিল; (১০) ‘পরিচালক’ অর্থ কর্পোরেশনের কোনো পরিচালক; (১১) ‘পর্ষদ’ অর্থ কর্পোরেশনের পরিচালনা পর্ষদ; (১২) ‘প্রবিধান’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (১৩) ‘ফৌজদারি কার্যবিধি’ অর্থ Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898); (১৪) ‘বিধি’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (১৫) ‘ব্যক্তি’ অর্থে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, কোম্পানি, অংশীদারি কারবার, ফার্ম বা অন্য কোনো সংস্থা, যে নামেই অভিহিত হউক না কেন, অন্তর্ভুক্ত হইবে; (১৬) ‘মাঝারি শিল্প’ অর্থ- (ক) পণ্য উৎপাদনের ক্ষেত্রে সেই সকল শিল্প প্রতিষ্ঠান যাহার জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ অন্যূন ১৫ (পনেরো) কোটি ১ (এক) টাকা হইতে অনধিক ৫০ (পঞ্চাশ) কোটি টাকা, বা যে সকল শিল্প প্রতিষ্ঠানে অন্যূন ১২১ (একশত একুশ) জন হইতে অনধিক ৩০০ (তিনশত) জন শ্রমিক কাজ করে: তবে শর্ত থাকে যে, তৈরি পোশাক প্রতিষ্ঠান বা শ্রমঘন শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাঝারি শিল্পে শ্রমিকের সংখ্যা অনধিক ১ (এক) হাজার জন হইতে হইবে; (খ) সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেই সকল শিল্প প্রতিষ্ঠান যাহার জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ অন্যূন ২ (দুই) কোটি ১ (এক) টাকা হইতে অনধিক ৩০ (ত্রিশ) কোটি টাকা, বা যে সকল শিল্প প্রতিষ্ঠানে অন্যূন ৫১ (একান্ন) জন হইতে অনধিক ১২০ (একশত বিশ) জন শ্রমিক কাজ করে; (১৭) ‘শিল্পপার্ক’ বা ‘শিল্পনগরী’ অর্থ ধারা ১৭ এর অধীন প্রতিষ্ঠিত কোনো শিল্পপার্ক, শিল্পনগরী, একক খাতভিত্তিক শিল্পপার্ক, হস্ত ও কারুশিল্প পল্লি বা অনুরূপ প্রতিষ্ঠান; এবং (১৮) ‘হস্ত ও কারুশিল্প’ অর্থ কারুশিল্পীর শৈল্পিক মনন ও শ্রমের ব্যাপক ব্যবহার বা বংশ পরম্পরায় প্রাপ্ত মেধা, দক্ষতা ও কলা-কৌশলের মাধ্যমে অথবা সৃজনশীল ব্যক্তি কর্তৃক প্রশিক্ষণ গ্রহণ করিয়া, প্রয়োজনে, আধুনিক প্রযু্ক্তি ব্যবহারের মাধ্যমে এবং সময়ের পরিবর্তনশীলতাকে সমন্বয় করিয়া উৎপাদিত নান্দনিক ও ব্যবহারিক পণ্য।

End of ধারা ২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন, ২০২৩