Skip to content

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন, ২০২৩

ধারা ৩১সমুদয় অর্থ তাৎক্ষণিক পরিশোধের দাবি করিবার ক্ষমতা

বলবৎচতুর্থ অধ্যায় কর্পোরেশনের আর্থিক ব্যবস্থাপনা, ইত্যাদি

চতুর্থ অধ্যায় কর্পোরেশনের আর্থিক ব্যবস্থাপনা, ইত্যাদি

ধারা ৩১

31. সমুদয় অর্থ তাৎক্ষণিক পরিশোধের দাবি করিবার ক্ষমতা (১) কর্পোরেশনের সহিত ঋণগ্রহীতার সম্পাদিত কোনো চুক্তিতে যাহা কিছুই থাকুক না কেন, ঋণগ্রহীতা যদি- (ক) ভুল, মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করেন; বা (খ) ঋণচুক্তির কোনো শর্ত ভঙ্গ করেন; বা (গ) যে উদ্দেশ্যে ঋণ প্রদান করা হইয়াছিল তৎব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ঋণ বা উহার অংশবিশেষ ব্যবহার করেন; বা (ঘ) ঋণ পরিশোধে অসমর্থ হইবেন বা দেউলিয়া হইয়া যাইবেন মর্মে যুক্তিসংগতভাবে প্রতীয়মান হয়; বা (ঙ) কর্পোরেশনের নিকট জামানত হিসাবে পণ, বন্ধক, দায়বদ্ধকরণ, স্বত্বনিয়োজিত সম্পত্তি যথাযথ অবস্থায় না রাখেন অথবা নির্ধারিত হারের চাইতে অধিক হারে বন্ধকি সম্পত্তি অবচয় ধরিয়া থাকেন এবং কর্পোরেশনের সন্তুষ্টির জন্য অতিরিক্ত জামানত প্রদানে ব্যর্থ হন; বা (চ) পর্ষদের অনুমতি ব্যতিরেকে, ঋণের জামানত হিসাবে বন্ধকি ঘর, ভূমি বা অন্য সম্পত্তি বিক্রয় করেন বা তাহার তত্ত্বাবধানে রাখেন; বা (ছ) পর্ষদের অনুমতি ব্যতিরেকে, কোনো যন্ত্রপাতি বা সরঞ্জাম প্রতিস্থাপন না করিয়া কারখানার যন্ত্রপাতি ও সরঞ্জাম অপসারণ করেন; বা জ) পর্ষদের বিবেচনায় কর্পোরেশনের স্বার্থের পরিপন্থি কোনো কাজ করেন, তাহা হইলে পর্ষদ বা এতদুদ্দেশ্যে পর্ষদ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি ঋণ বা উহার অধীন প্রদেয় সুদ সংক্রান্ত ঋণের অপরিশোধিত সম্পূর্ণ অর্থ অথবা যে কোনো অংশ পরিশোধ করিবার জন্য অথবা কর্পোরেশনের স্বার্থ রক্ষার্থে পর্ষদ কর্তৃক প্রয়োজনীয় নির্দেশনা পালনের জন্য ঋণগ্রহীতাকে নোটিশ প্রদান করিতে পারিবে। (২) উপধারা (১) এ উল্লিখিত নোটিশে উল্লেখ থাকিবে যে, যদি ঋণগ্রহীতা দাবিকৃত ঋণ নোটিশে উল্লিখিত সময়ের মধ্যে পরিশোধে ব্যর্থ হন অথবা উহাতে উল্লিখিত সময়ের মধ্যে পর্ষদের নির্দেশনা পালনে ব্যর্থ হন, তাহা হইলে পর্ষদ ঋণগ্রহীতাকে ঋণখেলাপি হিসাবে ঘোষণা করিয়া একটি সনদ প্রদান করিবে। (৩) যদি ঋণগ্রহীতা, উপধারা (২) এর অধীন প্রদত্ত নোটিশে উল্লিখিত সময়ের মধ্যে প্রদত্ত নির্দেশনা পালন করিতে, অথবা দাবিকৃত দেনা পরিশোধে ব্যর্থ হন, তাহা হইলে পর্ষদ নির্ধারিত ফরমে এবং পদ্ধতিতে ঋণ গ্রহীতাকে ঋণখেলাপি হিসাবে ঘোষণাপূর্বক এবং নির্দিষ্ট তারিখে বা তারিখের পর সুদসহ কর্পোরেশনকে প্রদেয় মোট অর্থের পরিমাণ এবং সুদের হার উল্লেখপূর্বক একটি সনদ জারি করিতে পারিবে। (৪) ঋণগ্রহীতা উপধারা (৩) এর অধীন জারীকৃত সনদের বিরুদ্ধে সনদ জারির তারিখ হইতে ১৫ (পনেরো) দিনের মধ্যে সরকারের নিকট আপিল দায়ের করিতে পারিবেন এবং সরকার জারীকৃত সনদ বহাল, বাতিল বা সংশোধন করিতে পারিবে। (৫) উপধারা (৪) এর বিধান সাপেক্ষে, উপধারা (৩) এর অধীন প্রদত্ত সনদ এই মর্মে চূড়ান্ত সাক্ষ্য হইবে যে প্রত্যয়িত পাওনা কর্পোরেশন কর্তৃক ঋণ গ্রহীতার নিকট হইতে আদায়যোগ্য ছিল এবং উহা অর্থ ঋণ আদালত আইন, ২০০৩ (২০০৩ সনের ৮ নং আইন) এর অধীন আদায়যোগ্য হইবে।

End of ধারা ৩১. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন, ২০২৩