বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন, ২০২৩
ধারা ৬৪রহিতকরণ ও হেফাজত
অষ্টম অধ্যায় বিবিধ
ধারা ৬৪
64. রহিতকরণ ও হেফাজত (১) Bangladesh Small and Cottage Industries Corporation Act, 1957 (Act No. XVII of 1957), অতঃপর উক্ত Act বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উপধারা (১) এর অধীন রহিত হওয়া সত্ত্বেও, উক্ত Act এর অধীন- (ক) কৃত সকল কাজকর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে; (খ) গৃহীত কোনো কার্যধারা অনিষ্পন্ন থাকিলে উহা এইরূপে নিষ্পন্ন করিতে হইবে যেন উক্ত Act রহিত হয় নাই; (গ) প্রণীত বিধি, প্রবিধান, আদেশ, নির্দেশাবলি বা প্রজ্ঞাপন এই আইনের অধীন নূতনভাবে প্রণীত না হওয়া পর্যন্ত বা, ক্ষেত্রমত, বিলুপ্ত না করা পর্যন্ত, প্রয়োজনীয় অভিযোজনসহ পূর্বের ন্যায় এমনভাবে চলমান, অব্যাহত ও কার্যকর থাকিবে যেন উহা এই আইনের অধীন প্রণীত বা জারি হইয়াছে; (ঘ) গঠিত পর্ষদ, কমিটি, কারিগরি কমিটি অথবা অন্যান্য কমিটি বা উপ-কমিটি, যদি থাকে, উহার কার্যক্রম, বিদ্যমান মেয়াদ অবসানের পূর্বে বিলুপ্ত করা না হইলে, এমনভাবে অব্যাহত থাকিবে, যেন উক্ত পর্ষদ, কমিটি বা কারিগরি কমিটি বা উপ-কমিটি এই আইনের অধীন গঠিত হইয়াছে; (ঙ) নিযুক্ত চেয়ারম্যান ও পরিচালকবৃন্দকে বিদ্যমান মেয়াদের পূর্বে অব্যাহতি প্রদান করা না হইলে, কর্পোরেশনের চেয়ারম্যান ও পরিচালক হিসাবে স্ব স্ব পদে এমনভাবে বহাল থাকিবেন, যেন তাহারা এই আইনের অধীন নিযুক্ত হইয়াছেন; (চ) অধীন প্রতিষ্ঠিত বা স্থাপিত অধস্তন বা শাখা কার্যালয়, যে নামে ও স্থানেই প্রতিষ্ঠিত বা স্থাপিত হউক না কেন, এই আইনের অধীন কর্পোরেশনের অধস্তন শাখা কার্যালয় প্রতিষ্ঠিত বা স্থাপিত না হওয়া পর্যন্ত বা, ক্ষেত্রমত, বিলুপ্ত না করা পর্যন্ত, এমনভাবে কার্যকর ও অব্যাহত থাকিবে, যেন উহারা এই আইনের অধীন প্রতিষ্ঠিত বা স্থাপিত হইয়াছে; এবং (ছ) কর্মকর্তা ও কর্মচারীগণ এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে যে শর্তাধীনে চাকরিতে নিয়োজিত ছিলেন, এই আইনের বিধান অনুযায়ী পরিবর্তিত না হওয়া পর্যন্ত, সেই একই শর্তে কর্পোরেশনের চাকরিতে নিয়োজিত থাকিবেন এবং পূর্বের নিয়মে বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্ত হইবেন। (৩) উক্ত Act রহিত হইবার সঙ্গে সঙ্গে উহার অধীন প্রতিষ্ঠিত Bangladesh Small and Cottage Industries Corporation এর- (ক) সকল সম্পদ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ, প্রকল্প এবং অন্য সকল প্রকার দাবি ও অধিকার কর্পোরেশনের সম্পদ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ, প্রকল্প এবং দাবি ও অধিকার হিসাবে গণ্য হইবে; এবং (খ) সকল ঋণ ও দায়-দায়িত্ব এবং উহার দ্বারা বা উহার পক্ষে বা উহার সহিত সম্পাদিত সকল চুক্তি যথাক্রমে কর্পোরেশনের ঋণ ও দায়-দায়িত্ব এবং উহার দ্বারা বা উহার পক্ষে বা উহার সহিত সম্পাদিত চুক্তি বলিয়া গণ্য হইবে।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন, ২০২৩