ধারা ৮কপিরাইট অফিসের কার্যাবলি
দ্বিতীয় অধ্যায় কপিরাইট অফিস, রেজিস্ট্রার এবং কপিরাইট বোর্ড, ইত্যাদি
ধারা ৮
8. কপিরাইট অফিসের কার্যাবলি এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, কপিরাইট অফিসের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) কোনো কর্মের নিবন্ধনকরণ ও সনদপত্র প্রদান; (খ) কপিরাইট বিষয়ে উদ্ভূত বিরোধসমূহ নিষ্পত্তিকরণ; (গ) বিদেশি ভাষা হইতে বাংলা ভাষায় অনুবাদ বা পুনঃপ্রকাশের লাইসেন্স প্রদান; (ঘ) সম্প্রচার সংক্রান্ত বিদেশি কর্মের বাংলায় অনুবাদ করিবার লাইসেন্স প্রদান; (ঙ) কপিরাইট রেজিস্ট্রিকৃত কর্মের অবৈধ কপি আমদানি বন্ধকরণ; (চ) সাহিত্যকর্ম বা নাট্যকর্মের অনুবাদ, প্রকাশ কিংবা পুনরুৎপাদনের লাইসেন্স প্রদান; (ছ) কপিরাইট সমিতি বা Collective Management Organization (CMO) নিবন্ধনকরণ; (জ) কপিরাইট সংক্রান্ত রেজিস্ট্রিকৃত কর্মের নমুনা সংরক্ষণ; (ঝ) কপিরাইট স্বত্বাধিকারী ও স্বার্থ সংশ্লিষ্টদের স্বার্থ সংরক্ষণ; (ঞ) লোকসংস্কৃতি ও লোকজ্ঞান সংরক্ষণ; (ট) কপিরাইট বিষয়ে সরকারকে, সময় সময়, পরামর্শ প্রদান; (ঠ) শৈল্পিক (artistic) কার্যক্রমকে প্রণোদনা ও উৎসাহ প্রদান; এবং (ড) সরকার নির্ধারিত অন্য যে কোনো বিষয়।