ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩
ধারা ১৪রেজিস্ট্রার নিয়োগ, দায়িত্ব
ধারা ১৪
14. রেজিস্ট্রার নিয়োগ, দায়িত্ব (১) রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের আবাসিক কর্মচারী হইবেন এবং সংশ্লিষ্ট নিয়োগ কমিটির সুপারিশ সাপেক্ষে সিন্ডিকেটের অনুমোদনক্রমে তিনি নিয়োগপ্রাপ্ত হইবেন: তবে শর্ত থাকে যে, সংবিধি প্রণীত না হওয়া পর্যন্ত সিন্ডিকেটের অনুমোদনক্রমে উপাচার্য, আদেশ দ্বারা, এইরূপ নিয়োগের যোগ্যতা নির্ধারণ করিতে পারিবেন। (২) রেজিস্ট্রারের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) সিন্ডিকেট এবং অ্যাকাডেমিক কাউন্সিলের সাচিবিক দায়িত্ব পালন; (খ) উপাচার্য কর্তৃক তাহার হেফাজতে ন্যস্ত সকল গোপনীয় প্রতিবেদন, বিশ্ববিদ্যালয়ের সকল রেকর্ড ও দলিলপত্র, সাধারণ সিলমোহর, ইত্যাদি রক্ষণাবেক্ষণ করিবেন; (গ) সংবিধি অনুসারে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের একটি রেজিস্টার সংরক্ষণ করিবেন; (ঘ) সিন্ডিকেট কর্তৃক তাহার তত্ত্বাবধানে ন্যস্ত বিশ্ববিদ্যালয়ের সকল সম্পত্তির তত্ত্বাবধায়ক হইবেন; (ঙ) বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস সংক্রান্ত চিঠিপত্র আদান প্রদান করিবেন; (চ) অনুষদের ডিন এবং ইনস্টিটিউটের পরিচালকগণের কর্ম পরিকল্পনা, কর্মসূচি ও সময়সূচি সম্পর্কে সংযোগ রক্ষা করিবেন; (ছ) সংবিধি ও বিধি দ্বারা নির্ধারিত, সিন্ডিকেট এবং অ্যাকাডেমিক কাউন্সিল কর্তৃক সময় সময় অর্পিত এবং উপাচার্য কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করিবেন; (জ) বিশ্ববিদ্যালয়ের পক্ষে অর্থ সংক্রান্ত চুক্তি ব্যতীত অন্যান্য চুক্তিতে স্বাক্ষর করিবেন।