Skip to content

ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩

ধারা ২৫ঋণ বা অন্য কোনো আর্থিক সুবিধা প্রদানের ক্ষেত্রে বাধা-নিষেধ

বলবৎপঞ্চম অধ্যায় ফাইন্যান্স কোম্পানির কার্যাবলি

পঞ্চম অধ্যায় ফাইন্যান্স কোম্পানির কার্যাবলি

ধারা ২৫

25. ঋণ বা অন্য কোনো আর্থিক সুবিধা প্রদানের ক্ষেত্রে বাধা-নিষেধ (১) কোনো ব্যক্তি বা স্বার্থসংশ্লিষ্ট পক্ষকে প্রদত্ত বা প্রদেয় মোট ঋণ সুবিধার আসলের পরিমাণ উক্ত ফাইন্যান্স কোম্পানি কর্তৃক পরিশোধিত মূলধন ও রিজার্ভের, বাংলাদেশ ব্যাংক কর্তৃক, সময় সময়, এতদুদ্দেশ্যে নির্ধারিত হারের অধিক হইবে না: তবে শর্ত থাকে যে, নির্ধারিত হারের সীমা কোনো অবস্থাতেই শতকরা ৩০ (ত্রিশ) ভাগের অধিক হইবে না। (২) কোনো ফাইন্যান্স কোম্পানি ইহার কোম্পানির শেয়ার জামানত রাখিয়া কোনো ব্যক্তিকে ঋণ বা অন্য কোনো আর্থিক সুবিধা প্রদান করিবে না। (৩) কোনো ফাইন্যান্স কোম্পানি বেনামি বা অস্তিত্বহীন বা নামসর্বস্ব প্রতিষ্ঠানকে কোনো প্রকার ঋণ বা অন্য কোনো আর্থিক সুবিধা প্রদান করিবে না। (৪) কোনো ফাইন্যান্স কোম্পানি কোনো ব্যক্তিকে ১০ (দশ) লক্ষ টাকা অথবা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত পরিমাণের অধিক জামানতবিহীন ঋণ প্রদান করিবে না, তবে কৃষি এবং কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) এর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক, সময় সময়, জারীকৃত নির্দেশনা অনুসরণ করিতে হইবে। (৫) কোনো ফাইন্যান্স কোম্পানি বিনা জামানতে নিম্নবর্ণিত ব্যক্তি অথবা উক্ত সকল ব্যক্তি কর্তৃক দায় গ্রহণের ভিত্তিতে কোনো ঋণ বা অন্য কোনো আর্থিক সুবিধা মঞ্জুর করিবে না- (ক) ইহার কোনো পরিচালক বা পরিচালকের পরিবারের কোনো সদস্য; (খ) এইরূপ কোনো স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা প্রাইভেট কোম্পানি যাহাতে উক্ত ফাইন্যান্স কোম্পানি বা উহার কোনো পরিচালক বা পরিচালকের পরিবারের সদস্য উল্লেখ্যযোগ্য শেয়ারধারক, পরিচালক, মালিক বা অংশীদার রহিয়াছেন বা যাহা উহার কোনো পরিচালক বা পরিচালকের পরিবারের সদস্য কর্তৃক কোনো ভাবে নিয়ন্ত্রিত বা প্রভাবিত হয়; এবং (গ) এইরূপ কোনো পাবলিক কোম্পানি যাহা উক্ত ফাইন্যান্স কোম্পানি বা উহার কোনো পরিচালক বা উহার কোনো পরিচালকের পরিবারের সদস্য কর্তৃক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রিত হয় অথবা যাহাতে উহাদের এমন পরিমাণ শেয়ার থাকে যাহা দ্বারা তাহারা অন্যূন ২০ (বিশ) শতাংশ ভোটদান ক্ষমতার অধিকারী হন। (৬) ফাইন্যান্স কোম্পানি সংশ্লিষ্ট কোনো ব্যক্তি ও ফাইন্যান্স কোম্পানি সংশ্লিষ্ট নহে এইরূপ কোনো গ্রাহকের সহিত লেনদেনের শর্তাবলি একইরূপ হইবে। ব্যাখ্যা।- এই উপ-ধারার উদ্দেশ্য পূরণকল্পে, "ফাইন্যান্স কোম্পানি সংশ্লিষ্ট ব্যক্তি" বলিতে বুঝাইবে- (ক) কোনো ফাইন্যান্স কোম্পানির পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা বা উল্লেখযোগ্য শেয়ারধারক বা তাহাদের পরিবারের সদস্য বা বাংলাদেশ ব্যাংকের বিবেচনায় এইরূপ কোনো ব্যক্তি যিনি উক্ত ফাইন্যান্স কোম্পানির উপর নিয়ন্ত্রণ, যৌথ নিয়ন্ত্রণ বা উল্লেখ্যযোগ্য প্রভাব বিস্তার করে; (খ) এইরূপ কোনো কোম্পানি যাহাতে দফা (ক) এ উল্লিখিত ফাইন্যান্স কোম্পানি সংশ্লিষ্ট ব্যক্তির নিয়ন্ত্রণ, যৌথ নিয়ন্ত্রণ বা উল্লেখ্যযোগ্য প্রভাব রহিয়াছে; (গ) কোনো কোম্পানিতে কোনো ফাইন্যান্স কোম্পানি উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার ধারণ করিলে উক্ত কোম্পানির কোনো উল্লেখ্যযোগ্য শেয়ারধারক; এবং (ঘ) বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারীকৃত নির্দেশনা অনুযায়ী এইরূপ কোনো ব্যক্তি যিনি বা যাহারা দফা (ক), (খ) ও (গ) এ বর্ণিত সম্পর্কের ন্যায় কোনো ফাইন্যান্স কোম্পানির সহিত সম্পর্কিত। (৭) কোনো ফাইন্যান্স কোম্পানির ঋণ বা বিনিয়োগের বিপরীতে গৃহীত বা গৃহীতব্য জামানত বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত মূল্যায়নকারী প্রতিষ্ঠান (valuation firm) কর্তৃক মূল্যায়িত হইতে হইবে। (৮) উপ-ধারা (৭) এর উদ্দেশ্য পূরণকল্পে, বাংলাদেশ ব্যাংক, সময় সময়, প্রয়োজনীয় নির্দেশনা জারি করিতে পারিবে। ব্যাখ্যা।- এই ধারায় "জামানত”বলিতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক, সময় সময়, জারীকৃত নির্দেশনায় নির্ধারিত যোগ্য জামানতকে (eligible collateral) বুঝাইবে।

End of ধারা ২৫. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩