ধারা ৪৯ফাইন্যান্স কোম্পানির অর্থায়ন ব্যবসা সাময়িক স্থগিতকরণ, পুনর্গঠন ও একত্রীকরণ
অষ্টম অধ্যায় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, সাময়িক স্থগিতকরণ, পুনর্গঠন ও একত্রীকরণ
ধারা ৪৯
49. ফাইন্যান্স কোম্পানির অর্থায়ন ব্যবসা সাময়িক স্থগিতকরণ, পুনর্গঠন ও একত্রীকরণ (১) আমানতকারীর স্বার্থে বা জনস্বার্থে কোনো ফাইন্যান্স কোম্পানির অর্থায়ন ব্যবসা সাময়িকভাবে স্থগিত রাখিবার প্রয়োজন মনে করিলে, সরকারের সহিত পরামর্শক্রমে, বাংলাদেশ ব্যাংক লিখিত আদেশ দ্বারা ৬ (ছয়) মাসের জন্য এবং প্রয়োজনে উক্ত সময় অনধিক ৬ (ছয়) মাস পর্যন্ত বর্ধিত করিয়া উক্ত ফাইন্যান্স কোম্পানির ব্যবসা সাময়িক স্থগিত রাখিবার আদেশ প্রদান করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর আদেশ বলবৎ থাকাকালীন কোনো ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ব্যতীত উহার কোনো আমানতকারীর পাওনা বা কোনো পাওনাদারের দায় পরিশোধ করিবে না বা অন্য কোনো কার্যক্রম পরিচালনা করিবে না। (৩) এই আইনের অন্য কোনো বিধান বা আপাতত বলবৎ অন্য কোনো আইনের বিধানকে ক্ষুণ্ণ না করিয়া, অর্থায়ন ব্যবসা সাময়িক স্থগিত রাখিবার আদেশের মেয়াদ বলবৎ থাকাকালীন জনস্বার্থে বা উক্ত ফাইন্যান্স কোম্পানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণের স্বার্থে বাংলাদেশ ব্যাংক এতদুদ্দেশ্যে নিম্নরূপ স্কিম প্রণয়ন করিতে পারিবে, যথা:- (ক) কোনো ফাইন্যান্স কোম্পানি পুনর্গঠন; বা (খ) ফাইন্যান্স কোম্পানিকে অন্য কোনো ফাইন্যান্স কোম্পানি বা ব্যাংক- কোম্পানি, অতঃপর এই ধারায় গ্রহীতা প্রতিষ্ঠান বলিয়া উল্লিখিত, এর সহিত একত্রীকরণের প্রয়োজন। (৪) উপ-ধারা (৩) এ উল্লিখিত স্কিমে নিম্নবর্ণিত এক বা একাধিক বিষয় থাকিতে পারিবে, যথা:- (ক) পুনর্গঠিত ফাইন্যান্স কোম্পানি বা, ক্ষেত্রমত, গ্রহীতা প্রতিষ্ঠানের নাম, নিবন্ধীকরণ, মূলধন, সম্পদ, ক্ষমতা, অধিকার, স্বার্থ, কর্তৃত্ব, সুবিধা, দায়-দায়িত্ব এবং কর্তব্য; (খ) পুনর্গঠিত ফাইন্যান্স কোম্পানি বা, ক্ষেত্রমত, গ্রহীতা প্রতিষ্ঠানের পরিচালক পর্ষদের পুনর্গঠন, পরিচালনা পদ্ধতি, মেয়াদ এবং অন্যান্য শর্তাবলি; (গ) মূলধন পরিবর্তনের জন্য বা পুনর্গঠন বা একত্রীকরণ কার্যকর করার উদ্দেশ্যে পুনর্গঠিত ফাইন্যান্স কোম্পানি বা, ক্ষেত্রমত, গ্রহীতা প্রতিষ্ঠানের সংঘ-স্মারক সংশোধন; (ঘ) সাময়িক স্থগিতাদেশের অব্যবহিত পূর্বে সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে গৃহীত অনিষ্পন্ন পদক্ষেপ বা কার্যধারা পুনর্গঠিত ফাইন্যান্স কোম্পানি বা, ক্ষেত্রমত, গ্রহীতা প্রতিষ্ঠান কর্তৃক অব্যাহত রাখিবার বিষয়; (ঙ) জনস্বার্থে, অথবা ফাইন্যান্স কোম্পানির শেয়ারহোল্ডার, আমানতকারী বা অন্যান্য পাওনাদারের স্বার্থে অথবা ফাইন্যান্স কোম্পানির ব্যবসা চলমান রাখিবার স্বার্থে, বাংলাদেশ ব্যাংক যেইরূপ প্রয়োজন মনে করিবে সেইরূপ উক্ত শেয়ারহোল্ডার, আমানতকারী বা অন্যান্য পাওনাদারের প্রাক-পুনর্গঠন বা প্রাক- একত্রীকরণ স্বার্থ বা দাবি হাসের বিষয়; (চ) ফাইন্যান্স কোম্পানির পুনর্গঠন অথবা একত্রীকরণের জন্য অন্য কোনো নিয়ম ও শর্ত; (ছ) পুনর্গঠন অথবা একত্রীকরণ কার্যকর সংক্রান্ত আবশ্যকীয় বিষয়। (৫) বাংলাদেশ ব্যাংক উপ-ধারা (৩) এর অধীন স্কিমটি অনুমোদনের জন্য সরকারের নিকট প্রেরণ করিবে এবং সরকার কর্তৃক অনুমোদন সাপেক্ষে নির্ধারিত তারিখ হইতে উক্ত স্কিম কার্যকর হইবে। (৬) স্কিম অথবা উহার কোনো বিধান কার্যকর হইবার তারিখ হইতে নিম্নবর্ণিত ফাইন্যান্স কোম্পানি, গ্রহীতা প্রতিষ্ঠান, ইত্যাদির উপর প্রযোজ্য হইবে, যথা:- (ক) ফাইন্যান্স কোম্পানি, গ্রহীতা প্রতিষ্ঠান এবং একত্রীকরণের সহিত সম্পর্কিত অন্য কোনো ফাইন্যান্স কোম্পানি; (খ) সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির শেয়ারহোল্ডার, আমানতকারী এবং অন্যান্য পাওনাদার; (গ) সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানি এবং গ্রহীতা প্রতিষ্ঠানের কর্মচারী; এবং (ঘ) সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানি বা গ্রহীতা প্রতিষ্ঠান কর্তৃক কোনো ভবিষ্য তহবিল বা অন্য কোনো তহবিলের ব্যবস্থাপনার সহিত কোনো ট্রাস্টি বা সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানি বা গ্রহীতা প্রতিষ্ঠানে অধিকার বা দায় রহিয়াছে এইরূপ সকল ব্যক্তি। (৭) স্কিম কার্যকর করিবার ক্ষেত্রে কোনো অসুবিধার সৃষ্টি হইলে তাহা দূরীকরণে সরকার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করিবে।