ধারা ৭০রহিতকরণ ও হেফাজত
একাদশ অধ্যায় বিবিধ
ধারা ৭০
70. রহিতকরণ ও হেফাজত (১) আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ২৭ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত আইনের অধীন- (ক) কৃত কোনো কার্য, গৃহীত কোনো ব্যবস্থা বা সূচিত কোনো কার্যধারা এই আইনের অধীন কৃত, গৃহীত বা সূচিত হইয়াছে বলিয়া গণ্য হইবে; এবং (খ) প্রণীত কোনো প্রবিধান, জারীকৃত কোনো প্রজ্ঞাপন, প্রদত্ত কোনো আদেশ, নির্দেশ, অনুমোদন, সুপারিশ, প্রণীত সকল স্কিম বা পরিকল্পনা বা কার্যক্রম এবং অনুমোদিত সকল হিসাব বিবরণী ও বার্ষিক প্রতিবেদন উক্তরূপ রহিতকরণের অব্যবহিত পূর্বে বলবৎ থাকিলে, এই আইনের কোনো বিধানের সহিত অসঙ্গতিপূর্ণ না হওয়া সাপেক্ষে, এই আইনের অনুরূপ বিধানের অধীন প্রণীত, জারীকৃত, প্রদত্ত এবং অনুমোদিত বলিয়া গণ্য হইবে এবং মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বা এই আইনের অধীন রহিত বা সংশোষিত না হওয়া পর্যন্ত বলবৎ থাকিবে। (৩) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত আইনের অধীন- (ক) লাইসেন্স প্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান বা উহার সংশ্লিষ্ট পরিচালক, কর্মকর্তা, আমানতকারী বা ঋণগ্রহীতার বিরুদ্ধে বা তৎকর্তৃক দায়েরকৃত কোনো মামলা, গৃহীত কোনো ব্যবস্থা বা সূচিত কোনো কার্যধারা অনিষ্পন্ন বা চলমান থাকিলে এমনভাবে নিষ্পন্ন করিতে হইবে যেন উহা এই আইনের অধীন দায়েরকৃত বা গৃহীত বা সূচিত হইয়াছে। (খ) আর্থিক প্রতিষ্ঠান বা উহার সংশ্লিষ্ট পরিচালক, কর্মকর্তা, আমানতকারী বা ঋণগ্রহীতা বা পাওনাদারের পক্ষে, উহার দ্বারা বা উহার সহিত সম্পাদিত কোনো চুক্তি, দলিল বা ইনস্ট্রুমেন্ট এইরূপে বহাল থাকিবে যেন উহা এই আইনের অধীন সম্পাদিত হইয়াছে; (গ) সকল প্রকার ঋণ, দায় ও আইনগত বাধ্যবাধকতা এই আইনের বিধান অনুযায়ী সেই একই শর্তে কর্তৃপক্ষের ঋণ, দায় ও আইনগত বাধ্যবাধকতা হিসাবে গণ্য হইবে; (ঘ) সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ও সুবিধা, ফি, স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, তহবিল, নগদ অর্থ, ব্যাংক জমা ও সিকিউরিটিসহ সকল হিসাব এবং এতদসংশ্লিষ্ট সকল হিসাব বহি, রেজিস্টার, রেকর্ডপত্র এবং অন্যান্য সকল দলিলসহ এই আইন প্রবর্তনের, সঙ্গে সঙ্গে, সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির নিকট হস্তান্তরিত হইবে এবং সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানি উহার অধিকারী হইবে। (৪) আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি বা চাকরির শর্তে যাহা কিছুই থাকুক না কেন, এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে উক্ত আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক, সদস্য, কর্মকর্তা ও কর্মচারী যে শর্তাধীনে চাকরিতে বা চুক্তিতে বা অন্য যে কোনোভাবে নিয়োজিত রহিয়াছিলেন, তাহারা এই আইনের বিধান অনুযায়ী পরিবর্তিত না হওয়া পর্যন্ত এবং, সেই একই শর্তে চাকরিতে বা চুক্তিতে বা অন্যভাবে নিয়োজিত এবং, ক্ষেত্রমত, বহাল থাকিবেন।