[নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়] আইন, ২০২৩
ধারা ২৬সংবিধি প্রণয়ন
ধারা ২৬
26. সংবিধি প্রণয়ন (১) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট আচার্যের অনুমোদন সাপেক্ষে এই আইনের সহিত সংগতিপূর্ণ সংবিধি প্রণয়ন করিতে পারিবে। (২) তপশিলে বর্ণিত সংবিধি বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি হইবে। (৩) সিন্ডিকেট কর্তৃক প্রণীত সকল সংবিধি সিন্ডিকেটের সুপারিশসহ অনুমোদনের জন্য আচার্যের নিকট পেশ করিতে হইবে এবং আচার্য কর্তৃক অনুমোদিত না হইলে সিন্ডিকেটে প্রস্তাবিত কোনো সংবিধি বৈধ হইবে না। (৪) সংবিধি দ্বারা নিম্নবর্ণিত সকল বা যে কোনো বিষয়ে বিধান প্রণয়ন করা যাইবে, যথা:- (ক) উপাচার্যের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (খ) উপউপাচার্যগণের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (গ) কোষাধ্যক্ষের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (ঘ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ইউনিট, বিভাগ, ইনস্টিটিউট, বিজনেস ইনকিউবেটর, গবেষণা কেন্দ্র, সম্প্রসারণ কেন্দ্র এবং বহিরঙ্গন কার্যক্রম কেন্দ্র স্থাপন, ব্যবস্থাপনা, সাময়িকভাবে স্থগিতকরণ, বিলোপ সাধন ও রক্ষণাবেক্ষণ এবং শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টির বিধান নির্ধারণ; (ঙ) নাগরিক ও অন্যান্য অধিকার অক্ষুণ্ন এবং বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য, উদ্দেশ্যের সহিত সামঞ্জস্য রাখিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীগণের পদবি ও কর্মের পদমর্যাদা, ক্ষমতা, দায়িত্ব-কর্তব্য এবং চাকুরির শর্তাবলি নির্ধারণ; (চ) হল ও অন্যান্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং উহাদের রক্ষণাবেক্ষণ; (ছ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী নিয়োগ এবং পদোন্নতি সংক্রান্ত পদ্ধতি নির্ধারণ; (জ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর বিষয়ে শৃঙ্খলা ও আপিল সংক্রান্ত পদ্ধতি নির্ধারণ; (ঝ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য কর্মচারীর কল্যাণার্থে অবসরভাতা, যৌথ বিমা, কল্যাণ তহবিল ও ভবিষ্য তহবিল গঠন; (ঞ) জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রখ্যাত ব্যক্তিদের সম্মানে চেয়ার (অধ্যাপক পদ) প্রবর্তন; (ট) শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ; (ঠ) সম্মানসূচক ডিগ্রি প্রদান; (ড) শিক্ষালাভের জন্য ফেলোশিপ, স্কলারশিপ, পুরস্কার ও পদক প্রবর্তন; (ঢ) গবেষণা কার্যক্রমের বিষয় ও ধরন নির্ধারণ; (ণ) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠন, ক্ষমতা ও কার্যাবলি নির্ধারণ; (ত) শিক্ষক ও গবেষকের পদ সৃষ্টি, বিলোপ বা সাময়িকভাবে স্থগিতকরণ সংক্রান্ত বিধান নির্ধারণ; (থ) অনুমোদিত বিভিন্ন কমিটির গঠন ও কার্যাবলি নির্ধারণ; (দ) বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যের সহিত সামঞ্জস্যপূর্ণ উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান অধিভুক্তকরণ; (ধ) ডিগ্রি, ডিপ্লোমা ও অন্যান্য পাঠক্রমে ভর্তি ও পরীক্ষা গ্রহণ; (ন) রেজিস্টারভুক্ত গ্র্যাজুয়েটদের রেজিস্টার সংরক্ষণ; (প) বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ হিসাবে ঘোষিত অন্যান্য কর্তৃপক্ষের গঠন, ক্ষমতা ও কার্যাবলি সংবিধি দ্বারা নির্ধারিত হইবে; এবং (ফ) এই আইনের অধীন সংবিধি দ্বারা নির্ধারিত হইবে বা হইতে পারে এইরূপ অন্যান্য বিষয় নির্ধারণ।
সূচিপত্র দেখুন: [নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়] আইন, ২০২৩