পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪
ধারা ১০এজেন্ট নিয়োগ, ইত্যাদি
দ্বিতীয় অধ্যায় পরিশোধ ব্যবস্থার অনুমোদন, লাইসেন্স, পরিচালনা, ইত্যাদি
ধারা ১০
10. এজেন্ট নিয়োগ, ইত্যাদি (১) কোনো পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী বা পরিশোধ সেবাদানকারী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণক্রমে, এজেন্ট নিয়োগের মাধ্যমে গ্রাহককে সংশ্লিষ্ট পরিশোধ সেবা প্রদান করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন বাংলাদেশ ব্যাংক হইতে অনুমোদন গ্রহণের পূর্বে পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী বা পরিশোধ সেবাদানকারীকে এই মর্মে নিশ্চিত করিতে হইবে যে, সংশ্লিষ্ট এজেন্ট তাহার পক্ষে কার্য করিতেছে মর্মে গ্রাহকগণকে অবহিত করা হইয়াছে। (৩) উপ-ধারা (১) এর অধীন কোনো এজেন্ট নিয়োগ করা হইলে, পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী বা পরিশোধ সেবাদানকারীকে উক্ত নিয়োগ সংশ্লিষ্ট তথ্যাদি বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করিতে হইবে। (৪) বাংলাদেশ ব্যাংক পরিশোধ সেবার পক্ষে ক্ষতিকর কার্যক্রমে লিপ্ত হইবার কারণে, জনস্বার্থে, যেকোনো এজেন্টের কার্যক্রম স্থগিত বা বাতিলের নির্দেশ প্রদান করিতে পারিবে। (৫) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, বাংলাদেশ ব্যাংক নিম্নলিখিত বিষয়ে সময়ে সময়ে নির্দেশনা প্রদান করিতে পারিবে, যথা:— (ক) এজেন্ট নিয়োগের পদ্ধতি; (খ) এজেন্টের দায়িত্ব, কর্তব্য, এখতিয়ার, অধিকার, সম্মানি ও দায়বদ্ধতা; এবং (গ) আনুষঙ্গিক অন্যান্য বিষয়।