পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪
ধারা ২১পরিদর্শন, নিরীক্ষা, তদারকি ও তদন্ত কার্যক্রম
চতুর্থ অধ্যায় বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা ও দায়িত্ব
ধারা ২১
21. পরিদর্শন, নিরীক্ষা, তদারকি ও তদন্ত কার্যক্রম (১) বাংলাদেশ ব্যাংক যেকোনো সময় উহার এক বা একাধিক কর্মকর্তা দ্বারা কোনো পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ সেবাদানকারী, পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী ও উহাদের নিযুক্ত এজেন্ট এর যে কোনো কার্যালয় পরিদর্শন করিতে পারিবে এবং এইরূপ পরিদর্শন সমাপ্তির পর বাংলাদেশ ব্যাংক উক্ত পরিদর্শনের ভিত্তিতে প্রস্তুতকৃত প্রতিবেদনের একটি অনুলিপি সংশ্লিষ্ট পক্ষকে সরবরাহ করিবে। (২) উপ-ধারা (১) এর অধীন পরিদর্শন কার্যক্রম চলাকালে সংশ্লিষ্ট পক্ষ বাংলাদেশ ব্যাংক কর্তৃক যাচিত হিসাব, বহি, কার্যবিবরণী, দলিল, রসিদসহ যেকোনো তথ্য সংশ্লিষ্ট পরিদর্শকের নিকট প্রদান ও উপস্থাপন করিতে বাধ্য থাকিবে। (৩) পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী বা পরিশোধ সেবাদানকারীর হিসাব, বহি, দলিলাদি ও নথিপত্র নিরীক্ষা করিবার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক Bangladesh Chartered Accountants Order, 1973 (President’s Order No. 2 of 1973) বা প্রচলিত অন্য কোনো আইন অনুসারে কোম্পানির নিরীক্ষক হইবার যোগ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিরীক্ষক হিসাবে নিয়োগ করিতে পারিবে। (৪) উপ-ধারা (৩) এর অধীন নিরীক্ষা কার্য পরিচালনার জন্য পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী বা পরিশোধ সেবাদানকারী সংশ্লিষ্ট নিরীক্ষককে প্রয়োজনীয় সহায়তা প্রদান করিবে। (৫) বাংলাদেশ ব্যাংক পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী বা পরিশোধ সেবাদানকারীর কর্মকাণ্ড, প্রয়োজনে, তদারকি ও তদন্ত করিতে পারিবে। (৬) বাংলাদেশ ব্যাংক অগ্রিম পরিশোধিত পরিশোধ দলিল ইস্যুকারী প্রতিষ্ঠান, ক্রেডিট ব্যুরো এবং এই আইনের অধীন অনুমোদনপ্রাপ্ত বা লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মকাণ্ড, প্রয়োজনে, তদারকি, পরিদর্শন ও তদন্ত করিতে পারিবে।