Skip to content

গণভোট অধ্যাদেশ, ২০২৫

ধারা ১৪ভোটগ্রহণ সমাপ্তির পর অনুসরণযোগ্য পদ্ধতি

বলবৎ

ধারা ১৪

14. ভোটগ্রহণ সমাপ্তির পর অনুসরণযোগ্য পদ্ধতি (১) ভোটগ্রহণ সমাপ্ত হইবার অব্যবহিত পর প্রিজাইডিং অফিসার ভোটকেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের পক্ষে নিয়োজিত এজেন্টদের উপস্থিতিতে- (ক) ব্যবহারকৃত ব্যালট বাক্সগুলি খুলিয়া সমগ্র ব্যালট পেপার বাহির করিবেন; (খ) ভোটদানকৃত হ্যাঁ-সূচক ও না-সূচক ব্যালট পেপারসমূহ পৃথক করিবেন এবং কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে গণনা করিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন ভোট গণনা হইতে সেই সকল ব্যালট পেপার বাদ দিতে হইবে যে সকল ব্যালট পেপারে- (ক) হ্যাঁ-সূচক বা না-সূচক ঘরে ভোট দেওয়া হয় নাই এবং প্রিজাইডিং অফিসারের অনুস্বাক্ষর নাই; (খ) ভোটার কোন ঘরে ভোট দিয়াছেন তাহা সুনির্দিষ্টভাবে বুঝা না যায়: তবে শর্ত থাকে যে, সিলমোহরের বেশী অংশ যে ঘরে পড়িবে ভোটার সেই ঘরে ভোট দিয়াছেন বলিয়া গণ্য হইবে এবং সিলমোহর উভয় ঘরে সমানভাবে পড়িলে, সেই ভোট বাতিল বলিয়া গণ্য হইবে: আরও শর্ত থাকে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা একই সাথে করা যাইবে। (৩) প্রিজাইডিং অফিসার হ্যাঁ-সূচক ও না-সূচক ঘরে ভোট দেওয়া ব্যালট পেপারসমূহ পৃথক পৃথক প্যাকেটে রাখিয়া প্যাকেটসমূহ গালা দ্বারা সিলমোহর করিবেন এবং প্রত্যেক প্যাকেটে রক্ষিত ব্যালট পেপারের সংখ্যা এবং কাগজপত্রাদির বিবরণ প্যাকেটের উপর লিপিবদ্ধ করিয়া প্রত্যয়ন করিবেন৷ (৪) প্রিজাইডিং অফিসার গণনা হইতে বাদ দেওয়া ব্যালট পেপারগুলি গণনা করিয়া পৃথক প্যাকেটে রাখিবেন এবং প্যাকেটটি গালা দ্বারা সিলমোহর করিবার পর প্যাকেটে রক্ষিত কাগজপত্রাদির বিবরণ প্যাকেটের উপর লিপিবদ্ধ করিয়া প্রত্যয়ন করিবেন৷ (৫) প্রিজাইডিং অফিসার ভোট গণনা সমাপ্ত হইবার অব্যবহিত পর হ্যাঁ-সূচক ব্যালট পেপারকে সম্মতিসূচক এবং না-সূচক ব্যালট পেপারকে অসম্মতিসূচক ভোট হিসাবে গণনা করিয়া উহার সংখ্যা উল্লেখপূর্বক কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে একটি বিবরণী প্রস্তুত করিবেন৷ (৬) এই ধারার বিধান অনুযায়ী ভোট গণনা সমাপ্ত হইবার পর প্রিজাইডিং অফিসার কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে ব্যালট পেপারের হিসাব বিবরণী প্রস্তুত করিবেন এবং উক্ত হিসাব বিবরণীতে নিম্নবর্ণিত তথ্যাদি সন্নিবেশ করিবেন, যথা:- (ক) তাহাকে প্রদত্ত মোট ব্যালট পেপারের সংখ্যা; (খ) ব্যালট বাক্স হইতে প্রাপ্ত ও গণনাকৃত ব্যালট পেপারের সংখ্যা; (গ) অব্যবহৃত, নষ্ট ও বাতিলকৃত ব্যালট পেপারের সংখ্যা; এবং (ঘ) অবৈধ বা গণনা বহির্ভূত ব্যালট পেপারের সংখ্যা৷ (৭) প্রিজাইডিং অফিসার পৃথক পৃথক প্যাকেটে নিম্নবর্ণিত কাগজপত্রাদি গালার দ্বারা সিলমোহর করিবেন, যথা:- (ক) অব্যবহৃত ব্যালট পেপার; (খ) নষ্ট বা বাতিলকৃত ব্যালট পেপার; (গ) ভোটকেন্দ্রে ব্যবহৃত এবং চিহ্নিত ভোটার তালিকা; (ঘ) ব্যবহৃত ব্যালট পেপারের মুড়িপত্র; (ঙ) রিটার্নিং অফিসার কর্তৃক নির্দেশিত অন্যান্য কাগজপত্রাদি৷ (৮) পূর্বোক্ত বিধানসমূহের অধীন কার্যক্রম সমাপ্ত হইবার পর প্রিজাইডিং অফিসার তৎকর্তৃক প্রস্তুতকৃত ভোট গণনার বিবরণী, ব্যালট পেপারের হিসাব বিবরণীর প্যাকেটসমূহ, এবং কমিশন কর্তৃক নির্দেশিত অন্যান্য রেকর্ডপত্র, যদি থাকে, সহকারী রিটার্নিং অফিসারের নিকট প্রেরণ করিবেন৷

End of ধারা ১৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: গণভোট অধ্যাদেশ, ২০২৫