Skip to content

গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫

ধারা ২৩স্ত্রী বা সন্তান কর্তৃক গুম হওয়া ব্যক্তির সম্পত্তি ব্যবহারের অনুমতি

বলবৎ

ধারা ২৩

23. স্ত্রী বা সন্তান কর্তৃক গুম হওয়া ব্যক্তির সম্পত্তি ব্যবহারের অনুমতি (১) গুম হওয়া ব্যক্তির দায় পরিশোধ, তাহার স্ত্রী বা তাহার উপর নির্ভরশীল পরিবারের সদস্যদের ভরণপোষণের বা অন্য কোনো যৌক্তিক ব্যয় নির্বাহের উদ্দেশ্য গুম হওয়া ব্যক্তির স্থাবর ও অস্থাবর সম্পত্তি ব্যবহার বা হস্তান্তর করিবার নিমিত্ত গুম হওয়া ব্যক্তির স্ত্রী বা তাহার উপর নির্ভরশীল পরিবারের কোনো সদস্যের আবেদনমতে ট্রাইব্যুনাল যুক্তিসংগত পরিমাণ ব্যয় নির্বাহ করিবার উদ্দেশ্য গুম হওয়া ব্যক্তির সম্পত্তি ব্যবহার বা হস্তান্তরের জন্য একটি প্রত্যয়ন বা গুম সনদ ইস্যুসহ অনুমতি প্রদান করিতে পারিবে এবং উক্ত অনুমতি কার্যকরসহ অনুমোদিত সম্পত্তির যথাযথ ব্যবহার নিশ্চিতকল্পে অন্য যে-কোনো প্রয়োজনীয় আদেশ দিতে পারিবে। (২) এই অধ্যাদেশের অধীন দায়েরকৃত কোনো মামলায় বা এতদুদ্দেশ্যে দায়েরকৃত কোনো কার্যধারায় ট্রাইব্যুনাল উক্তরূপ আদেশ প্রদান করিতে পারিবে। [(৩) গুম হওয়া ব্যক্তির স্ত্রী বা তাহার উপর নির্ভরশীল পরিবারের কোনো সদস্য কর্তৃক এই ধারার অধীন কার্যধারা শুরু করিবার ক্ষেত্রে কমিশনের অনুমতি গ্রহণ আবশ্যক হইবে না: তবে শর্ত থাকে যে, ট্রাইব্যুনাল প্রয়োজন মনে করিলে আবেদনে উল্লিখিত কোনো বিষয় যাচাই করিবার উদ্দেশ্যে কমিশনের প্রতিবেদন চাহিতে পারিবেন। (৪) The Evidence Act, 1872 এর section 108 এ যাহা কিছু থাকুক না কেন, যেক্ষেত্রে গুম হওয়া ব্যক্তি অন্যূন ৫ (পাঁচ) বছর ধরিয়া গুম থাকেন এবং জীবিত ফিরিয়া না আসেন, সেইক্ষেত্রে ট্রাইব্যুনাল, উক্ত ব্যক্তির যেকোনো বৈধ উত্তরাধিকারের আবেদনের প্রেক্ষিতে, উক্ত ব্যক্তির সম্পত্তি (যাহা এই উপ-ধারার অধীন আদেশ প্রদানের সময় বিদ্যমান), বৈধ উত্তরাধিকারগণের মধ্যে বণ্টনযোগ্য মর্মে ঘোষণা প্রদান করিতে পারিবে। (৫) এই ধারার অধীন আবেদনপত্র, প্রত্যয়ন ও গুম সনদের ধরন ও পদ্ধতি প্রবিধান দ্বারা নির্ধারণ করা যাইবে: তবে শর্ত থাকে যে, অনুরূপ প্রবিধান প্রণয়ন না হওয়া পর্যন্ত উক্ত বিষয়সমূহ ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত হইবে। ব্যাখ্যা।― এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে 'গুম হওয়া ব্যক্তি' অর্থ সেই ব্যক্তি, যিনি ১৫/০৯/২৪ তারিখে জারীকৃত এস.আর.ও. নম্বর ৩১২-আইন/২০২৪-এর অধীন গঠিত কমিশনের অনুসন্ধান কার্যক্রমে, অথবা এই অধ্যাদেশ বা International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973) এর অধীন দায়েরকৃত কোনো মামলায় গৃহীত তদন্ত প্রতিবেদনে বা প্রদত্ত রায়ে গুম হইয়াছেন মর্মে সাব্যস্ত হইয়াছেন এবং ট্রাইব্যুনাল কর্তৃক এই ধারার অধীন আদেশ প্রদানের পূর্ব পর্যন্ত জীবিত ফিরিয়া আসেন নাই এমন ব্যক্তিকে বুঝাইবে।]

  1. 2. উপ-ধারা (৩), (৪), (৫) ও ব্যাখ্যা গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ (২০২৬ সনের ৬ নং অধ্যাদেশ) এর ৩ ধারাবলে সংযোজিত।

End of ধারা ২৩. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫