গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫
ধারা ৭কমিশনের দায়িত্ব, ক্ষমতা ও কার্যাবলি, ইত্যাদি
ধারা ৭
7. কমিশনের দায়িত্ব, ক্ষমতা ও কার্যাবলি, ইত্যাদি এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, কমিশনের দায়িত্ব, ক্ষমতা ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) গুমসংক্রান্ত তথ্য বা অভিযোগ গ্রহণ করা; (খ) গুমের অনুসন্ধান ও তদন্ত পরিচালনা বা ক্ষেত্রমত অনুসন্ধান ও তদন্ত তত্ত্বাবধান করা; (গ) বিভিন্ন আইনে আটকসম্পর্কিত রক্ষাকবচসমূহের প্রতিপালন পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা; (ঘ) বাংলাদেশের নিয়ন্ত্রণাধীন কোনো কারাগার, হাজতখানা ও আটক-কেন্দ্রসহ যে-কোনো স্থান ও স্থাপনা সরেজমিন পরিদর্শন করা; (ঙ) গোপন আটক কেন্দ্র শনাক্ত করিবার উদ্দেশ্যে যেকোনো স্থাপনা পরিদর্শন করা; (চ) গোপন আটক কেন্দ্র শনাক্ত হইলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা; (ছ) গুমসংক্রান্ত অভিযোগের অনুসন্ধান বা তদন্ত পরিচালনার স্বার্থে যেকোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদ করা; (জ) কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানের নিকট হইতে দলিলাদি বা তথ্য সংগ্রহ করা; (ঝ) গুম প্রতিরোধ ও দমনের উদ্দেশ্যে শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ ও পরিচালনা করা; (ঞ) দেশের বিভিন্ন থানা ও কমিশনে দায়েরকৃত গুমসংক্রান্ত সকল অভিযোগের তথ্য রেজিস্টার আকারে সংরক্ষণের ব্যবস্থা করা; (ট) গুম হওয়া ব্যক্তি কিংবা তাহার পরিবারের নিকট হইতে গুমসংক্রান্ত ঘটনার বর্ণনা গ্রহণ ও লিপিবদ্ধ (documentation) করা; (ঠ) উপযুক্ত আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল, মামলা দায়েরসহ প্রয়োজনীয় যেকোনো আইনগত পদক্ষেপ গ্রহণ করা; (ড) গুম হওয়া ব্যক্তি ও তাহার স্বজনদের অধিকার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম পর্যবেক্ষণ করা, কর্তব্যে গাফলতির ক্ষেত্রে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা এবং উপযুক্ত ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আদালত বা কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা; (ঢ) গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত কর্মকাণ্ড ও গুমের শিকার ও ভুক্তভোগীদের কল্যাণে তহবিল পরিচালনা করা, এবং (ণ) উপরিউক্ত দায়িত্ব ও কর্তব্যসমূহ সম্পাদনের জন্য প্রয়োজনীয় যেকোনো কাজ করা৷