মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ২০২৬
ধারা ২সংজ্ঞা
ধারা ২
2. সংজ্ঞা (১) বিষয় বা প্রসংগের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই অধ্যাদেশে- (ক) “আমানত” অর্থ ব্যাংকের ঋণগ্রহীতা, অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক ব্যাংকের কোনো সঞ্চয়ী স্কিম বা অন্যবিধ হিসাবে জমাকৃত অর্থ; (খ) “উদ্যোগ মূলধন (Startup Capital)” অর্থ কোনো নবীন বা ক্ষুদ্র উদ্যোক্তাকে বিনিয়োগ চুক্তি, অংশীদারিত্ব বা অন্যবিধ চুক্তির আওতায় তাহার ব্যবসায় অর্থায়নের অংশ হিসাবে প্রদত্ত অর্থ; (গ) “ঋণ” অর্থ মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি আইন, ২০০৬ (২০০৬ সনের ৩২ নং আইন) এর ধারা ২ এর দফা (২২) এ বর্ণিত ঋণ সুবিধা; (ঘ) “চেয়ারম্যান” অর্থ ধারা ১৫ এর অধীন নিযুক্ত ব্যাংকের চেয়ারম্যান; (ঙ) “পরিচালক” অর্থ ধারা ১৩-তে উল্লিখিত ব্যাংকের পরিচালক; (চ) “বাংলাদেশ ব্যাংক” Bangladesh Bank Order, 1972 (President’s Order. No. 127 of 1972) এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ ব্যাংক; (ছ) “বোর্ড” অর্থ ধারা ১৩ এর অধীন গঠিত ব্যাংকের পরিচালনা বোর্ড; (জ) “ব্যবস্থাপনা পরিচালক” অর্থ ধারা ১৬ এর অধীন নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক; (ঝ) “ব্যাংক” অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত কোনো মাইক্রোফাইন্যান্স ব্যাংক; (ঞ) “মাইক্রোফাইন্যান্স” অর্থ নিম্ন আয়ের ব্যক্তি ও প্রচলিত ব্যাংকিং সেবা বহির্ভূত ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানসমূহকে ক্ষুদ্রঋণ, সঞ্চয় ও বীমা জাতীয় আর্থিক পরিষেবা প্রদানের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণকরণ এবং দরিদ্র জনগোষ্ঠীকে মূলধন তৈরি ও উদ্যোগের শুরুতে ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ; (ট) “লাইসেন্স” অর্থ লাইসেন্সিং কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত লাইসেন্স; (ঠ) “লাইসেন্সিং কর্তৃপক্ষ” অর্থ বাংলাদেশ ব্যাংক; (ড) “শেয়ার হোল্ডার বা বিনিয়োগকারী” অর্থ ধারা ৮ এ বর্ণিত ব্যাংকের শেয়ার ক্রয়কারী বা বিনিয়োগকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান; (ঢ) “সংরক্ষিত তহবিল” অর্থ ধারা ২৪ এর অধীন গঠিত সংরক্ষিত তহবিল; (ণ) “সামাজিক ব্যবসায়” অর্থ এইরূপ একটি সামাজিক উদ্যোগ, যাহার মূল উদ্দেশ্য সামাজিক সমস্যার সমাধান করা এবং যাহাতে বিনিয়োগকারীগণ কেবল তাহাদের মূল অর্থ ফেরত পাইবেন, তবে কোনো মুনাফা প্রাপ্য হইবেন না; (ত) “ক্ষুদ্র উদ্যোগ” অর্থ স্থানীয় পর্যায়ে পণ্য বা সেবা উৎপাদন বা সরবরাহের উদ্দেশ্যে গঠিত এইরূপ অর্থনৈতিক কর্মকাণ্ড, যাহাতে সর্বোচ্চ ২৫ (পঁচিশ) জন জনবল নিয়োজিত থাকেন এবং যাহার মোট সম্পত্তির মূল্য সর্বোচ্চ ১.৫০ কোটি টাকা; এবং (থ) “ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান” অর্থ মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি আইন, ২০০৬ এর ধারা ২ এর দফা (২১) এ সংজ্ঞায়িত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান। (২) এই অধ্যাদেশে ব্যবহৃত যে সকল শব্দ বা অভিব্যক্তির সংজ্ঞা প্রদান করা হয় নাই, সেই সকল শব্দ বা অভিব্যক্তি, ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নং আইন) এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি আইন, ২০০৬ এ যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে প্রযোজ্য হইবে।