ধারা ২সংজ্ঞা
ধারা ২
2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে— (ক) “অর্থ ঋণ আদালত” অর্থ ঋণ আদালত আইন, ২০০৩ (২০০৩ সনের ৮ নং আইন) এর অধীন গঠিত আদালত; (খ) “দেওয়ানি কার্যবিধি” অর্থ Code of Civil Procedure, 1908 (Act No. V of 1908); (গ) “বাণিজ্যিক আদালত” অর্থ এই আইনের ধারা ৩ এর অধীন গঠিত আদালত; (ঘ) “বাণিজ্যিক বিরোধ” অর্থ হাইকোর্ট বিভাগের আদি অধিক্ষেত্র (original jurisdiction) ও অর্থ ঋণ আদালতের এখতিয়ারাধীন বিষয় ব্যতীত নিম্নবর্ণিত এক বা একাধিক বিষয়ে সৃষ্ট বিরোধ, যথা:— (১) ব্যবসায়ী, ব্যাংকার, আর্থিক প্রতিষ্ঠান এবং বণিকদের সাধারণ লেনদেন, যাহার মধ্যে বাণিজ্যিক দলিলসমূহের প্রয়োগ ও ব্যাখ্যা অন্তর্ভুক্ত; (২) পণ্য বা সেবার রপ্তানি বা আমদানি; (৩) বিমান, বিমান ইঞ্জিন, বিমান সরঞ্জাম ও হেলিকপ্টার সম্পর্কিত লেনদেন, যাহার মধ্যে বিক্রয়, লিজ ও অর্থায়ন অন্তর্ভুক্ত; (৪) পণ্য পরিবহন; (৫) নির্মাণ ও অবকাঠামোগত চুক্তি এবং এতদ্সংক্রান্ত দরপত্র; (৬) বাণিজ্য বা ব্যবসার জন্য ব্যবহৃত স্থাবর সম্পত্তি সংক্রান্ত চুক্তি; (৭) ফ্র্যাঞ্চাইজ চুক্তি (Franchising agreements); (৮) বিতরণ ও লাইসেন্সিং চুক্তি; (৯) ব্যবস্থাপনা ও পরামর্শ চুক্তি; (১০) যৌথ উদ্যোগ চুক্তি; (১১) শেয়ারহোল্ডার চুক্তি; (১২) পরিষেবা খাত সম্পর্কিত সাবস্ক্রিপশন (subscription) ও বিনিয়োগ চুক্তি, যাহার মধ্যে আউটসোর্সিং ও আর্থিক সেবা অন্তর্ভুক্ত; (১৩) বাণিজ্যিক এজেন্সি এবং বাণিজ্যিক রীতিনীতি (mercantile usage); (১৪) অংশীদারিত্ব চুক্তি; (১৫) প্রযুক্তি উন্নয়ন চুক্তি; (১৬) ট্রেডমার্ক আইন, ২০০৯ (২০০৯ সনের ১৯ নং আইন), কপিরাইট আইন, ২০২৩ (২০২৩ সনের ৩৪ নং আইন), বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৩ নং আইন), বাংলাদেশ শিল্প-নকশা আইন, ২০২৩ (২০২৩ সনের ২২ নং আইন) ও ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩ (২০১৩ সনের ৫৪ নং আইন) এর অধীন অর্পিত কোনো অধিকার বা ডোমেইন নাম সম্পর্কিত কোনো দাবি বা অধিকার; (১৭) পণ্য বিক্রয় বা সেবা প্রদান সংক্রান্ত চুক্তি; (১৮) খনিজ, গ্যাস বা অন্যান্য প্রাকৃতিক সম্পদের (যেমন ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম) ব্যবহার সংক্রান্ত চুক্তি; (১৯) বীমা বা পুনঃবীমা অথবা বীমা আইন, ২০১০ (২০১০ সনের ১৩ নং আইন) এর অধীন কোনো বিষয়; (২০) এজেন্সি চুক্তি; (২১) জাহাজ নির্মাণ, বিক্রি বা রপ্তানি সংক্রান্ত চুক্তি; (২২) সালিস আইন, ২০০১ (২০০১ সনের ১ নং আইন) এর অধীন সালিস চুক্তি, সালিস, সালিসি কার্যধারা ও রোয়েদাদ; (২৩) পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪ (২০২৪ সনের ৯ নং আইন) এর অধীন কোনো লেনদেন; (২৪) সময় সময়, সরকার বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত অন্য কোনো বাণিজ্যিক বিরোধ; ব্যাখ্যা:— স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার বা অর্থ পুনরুদ্ধারের লক্ষ্যে উক্ত সম্পত্তি জামানত হিসাবে ব্যবহৃত হইয়াছে, কিংবা চুক্তির কোনো এক পক্ষ সরকার, সরকারের অধীন কোনো সংস্থা, অথবা এমন কোনো বেসরকারি সংস্থা যাহা সরকারি কার্যাবলি (Public Service) পরিচালনা করে, কেবল এই কারণে কোনো বাণিজ্যিক বিরোধকে সাধারণ বিরোধ হিসাবে গণ্য করা যাইবে না। (ঙ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (চ) “সুপ্রীম কোর্ট” অর্থ বাংলাদেশ সুপ্রীম কোর্ট; (ছ) “হাইকোর্ট বিভাগ” অর্থ বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর হাইকোর্ট বিভাগ।