সরকারি হিসাব নিরীক্ষা আইন, ২০২৬
ধারা ১০বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থায় প্রদত্ত সরকারি অর্থের বিষয়ে হিসাব নিরীক্ষা কার্যক্রম
ধারা ১০
10. বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থায় প্রদত্ত সরকারি অর্থের বিষয়ে হিসাব নিরীক্ষা কার্যক্রম (১) মহা হিসাব-নিরীক্ষক— (ক) সরকারের সংযুক্ত তহবিল হইতে কোনো প্রতিষ্ঠান বা সংস্থাকে কোনো ঋণ বা সাহায্য-মঞ্জুরি প্রদান করা হইলে, উক্ত প্রতিষ্ঠান বা সংস্থার ব্যয় ও প্রাপ্তি হিসাব নিরীক্ষা করিতে পারিবেন; (খ) সরকারের সংযুক্ত তহবিল হইতে কোনো বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থায় কোনো অনুদান বা ঋণ প্রদান করা হইলে মঞ্জুরকারী কর্তৃপক্ষ কর্তৃক যেই সকল শর্তসাপেক্ষে অনুদান বা ঋণ প্রদান করা হইয়াছে সেই সকল শর্ত সন্তোষজনকভাবে প্রতিপালন করা হইয়াছে কিনা উহা যাচাই করিতে পারিবেন; (গ) কোনো বেসরকারি সংস্থা বা ব্যক্তি প্রদত্ত দলিলাদির উপর ভিত্তি করিয়া সরকার কর্তৃক উক্ত বেসরকারি সংস্থা বা ব্যক্তিকে কোনোরূপ অর্থ বা সম্পদ প্রদান করা হইলে তাহার সঠিকতা ও যথার্থতা নিরূপণ করিবার জন্য মহা হিসাব-নিরীক্ষক, প্রয়োজনে, উক্ত সংস্থা বা ব্যক্তির হিসাব সংশ্লিষ্ট দলিলাদি যাচাই করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, বিদেশি রাষ্ট্র বা আন্তর্জাতিক সংস্থায় সংযুক্ত তহবিল হইতে প্রদত্ত অনুরূপ কোনো চাঁদা, সাহায্য, অনুদান বা ঋণসমূহের ক্ষেত্রে এই আইনের অধীন কোনো হিসাব নিরীক্ষা প্রযোজ্য হইবে না।