ধারা ৪পরিষদের গঠন, ইত্যাদি
ধারা ৪
4. পরিষদের গঠন, ইত্যাদি (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে জাতীয় স্থানিক পরিকল্পনা পরিষদ গঠিত হইবে, যথা:— (ক) মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) সচিব, পরিকল্পনা বিভাগ; (গ) সচিব, অর্থ বিভাগ; (ঘ) সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়; (ঙ) সচিব, স্থানীয় সরকার বিভাগ; (চ) সচিব, ভূমি মন্ত্রণালয়; (ছ) সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ; (জ) সচিব, সেতু বিভাগ; (ঝ) সচিব, কৃষি মন্ত্রণালয়; (ঞ) সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; (ট) সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; (ঠ) সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; (ড) সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ; (ঢ) সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়; (ণ) সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়; (ত) সচিব, রেলপথ মন্ত্রণালয়; (থ) সচিব, বিদ্যুৎ বিভাগ; (দ) সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ; (ধ) সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; (ন) সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; (প) মেয়র, সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন; (ফ) বিভাগীয় প্রধান, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়; (ব) সভাপতি, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স; (ভ) সভাপতি, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ; (ম) সভাপতি, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ; এবং (য) পরিচালক, নগর উন্নয়ন অধিদপ্তর, যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (২) প্রতি বৎসর পরিষদের অন্যূন ২ (দুই) টি সভা অনুষ্ঠিত হইবে, তবে জরুরি প্রয়োজনে যেকোনো সময় সভা আহ্বান করা যাইবে। (৩) পরিষদের সভাপতি পরিষদের সকল সভায় সভাপতিত্ব করিবেন, তবে তাহার অনুপস্থিতিতে তৎকর্তৃক মনোনীত কোনো সদস্য সভায় সভাপতিত্ব করিবেন। (৪) পরিষদের সভার কোরামের জন্য উহার মোট সদস্য সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে, তবে মুলতুবি সভার ক্ষেত্রে কোনো কোরামের প্রয়োজন হইবে না। (৫) সভায় উপস্থিত সদস্যগণের সংখ্যাগরিষ্ঠ ভোটে পরিষদের সকল সিদ্ধান্ত গৃহীত হইবে, তবে ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে। (৬) পরিষদ, প্রয়োজনে, সদস্য কো-অপ্ট করিতে পারিবে।