ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা আইন, ২০২৬
ধারা ৯জেলা প্রশাসকগণের দায়িত্ব ও কর্তব্য
ধারা ৯
9. জেলা প্রশাসকগণের দায়িত্ব ও কর্তব্য (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে জেলা প্রশাসকগণ নিজ নিজ অধিক্ষেত্রে নিম্নলিখিত দায়িত্ব পালন করিবেন, যথা:- (ক) জোনিং ম্যাপ প্রণীত হউক বা না হউক, কৃষিভূমির তালিকা প্রস্তুত ও সুরক্ষা; (খ) প্রচলিত আইন অনুসারে জলাধার, জলাভূমি, পাহাড় ও টিলা এবং বন ও বনভূমিসহ প্রতিবেশগতভাবে সংকটাপন্ন ভূমির তালিকা প্রস্তুত, সীমানা নির্ধারণ ও সুরক্ষা; (গ) গো-চারণভূমির তালিকা প্রস্তুত এবং সংরক্ষণ; (ঘ) ইটভাটার লাইসেন্স প্রদানের পূর্বে মাটির সু-নির্দিষ্ট উৎস চিহ্নিতকরণ এবং সেইমর্মে ইটভাটার মালিকের নিকট হইতে অঙ্গীকারনামা আদায়; (ঙ) ইটভাটায় ব্যবহারের জন্য পতিত ভূমির মাটি বা ড্রেজিংকৃত মাটি চিহ্নিতকরণ এবং উহার বাহিরে অন্য সকল প্রকার মাটির ব্যবহার নিয়ন্ত্রণ; (চ) কৃষিভূমি, জলাধার বা জলাভূমি হইতে মাটি অপসারণ, কৃষিভূমি, জলাধার বা জলাভূমি ভরাট এবং কৃষিভূমি, জলাধার বা জলাভূমিতে স্থাপনা বা অবকাঠামো নির্মাণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ; এবং (ছ) এই আইনের অধীনে সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য আদেশ ও নির্দেশ প্রতিপালন। (২) উপ-ধারা (১) এর বিধানাবলি লঙ্ঘনের ক্ষেত্রে জেলা প্রশাসক দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি, প্রযোজ্য ক্ষেত্রে, ভূমির প্রকৃতি পুনঃস্থাপনের লক্ষ্যে, অবৈধভাবে অপসারিত মাটি প্রতিস্থাপন বা, ক্ষেত্রমত, ভরাটকৃত মাটি, বালু, বস্তু বা স্থাপনা অপসারণ এবং বৃক্ষরোপণসহ, প্রয়োজনীয় নির্দেশনা প্রদান ও ব্যবস্থা গ্রহণ করিতে এবং ক্ষতিপূরণ আদায় ও অন্যান্য সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন। (৩) এই আইন কার্যকর হইবার পর, অবৈধভাবে উত্তোলিত বালু, সিলিকা বালু, পাথর ও মাটি জব্দ করিয়া ইজারার মাধ্যমে বিক্রি সংক্রান্ত সংশ্লিষ্ট সকল আদেশ ও পরিপত্র বাতিল হইবে এবং জেলা প্রশাসকগণ জব্দকৃত বালু, সিলিকা বালু, পাথর ও মাটি নিকটবর্তী সরকারি উন্নয়নকাজে ব্যবহারের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন।
সূচিপত্র দেখুন: ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা আইন, ২০২৬