ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৬
তফসিল[ধারা ২৯ দ্রষ্টব্য]
তফসিল
তফসিল [ধারা ২৯ দ্রষ্টব্য] (ক) “পাবলিক বা উন্মুক্ত ব্যক্তিগত উপাত্ত” অর্থ কোনো ব্যক্তিগত উপাত্ত যাহা সরকারি প্রকাশনা, উন্মুক্ত প্ল্যাটফর্ম, রেজিস্ট্রি বা অনুরূপ আইনি মাধ্যমে বা একজন উপাত্তধারী কর্তৃক জনসাধারণের নিকট আইনত প্রবেশযোগ্য করা হইয়াছে। এই শ্রেণিতে এমন ব্যক্তিগত উপাত্ত অন্তর্ভুক্ত রহিয়াছে যাহা জনস্বার্থ, জনসেবা প্রদান, গবেষণা বা সরকারি স্বচ্ছতার জন্য ইচ্ছাকৃতভাবে প্রকাশ করা হয় এবং যেখানে দায়িত্বশীলভাবে প্রক্রিয়াকরণের ক্ষেত্রে ক্ষতির কোনো যুক্তিসংগত ঝুঁকি নাই। (খ) “অভ্যন্তরীণ ব্যক্তিগত উপাত্ত” অর্থ কোনো ব্যক্তিগত উপাত্ত যাহা পরিচালনাগত, প্রশাসনিক, মানবসম্পদবিষয়ক, বা গ্রাহক পরিষেবার উদ্দেশ্যে কোনো সংস্থা বা সত্তার বৈধ অভ্যন্তরীণ কার্যাবলির জন্য প্রক্রিয়াকৃত ও সংরক্ষিত। এই উপাত্ত জনসাধারণের জন্য উন্মুক্ত নহে এবং জনসাধারণের অননুমোদিত প্রবেশ বা প্রকাশ হইতে সুরক্ষিত থাকিবে। ইহাতে কর্মসংস্থানের বিবরণ, যোগাযোগের উপাত্ত, বা পরিষেবা ব্যবহারের ইতিহাসের মতো অ-সংবেদনশীল ব্যক্তিগত উপাত্ত অন্তর্ভুক্ত থাকিতে পারিবে এবং অভ্যন্তরীণ প্রেক্ষাপটে এবং আইন দ্বারা নির্ধারিত সুরক্ষা ব্যবস্থার অধীনে কঠোরভাবে প্রক্রিয়াকৃত করা হইলে সংবেদনশীল ব্যক্তিগত উপাত্ত ও অন্তর্ভুক্ত থাকিতে পারিবে। (গ) “গোপনীয় ব্যক্তিগত উপাত্ত” অর্থ কোনো ব্যক্তিগত উপাত্ত, যাহার মধ্যে এই আইনে সংজ্ঞায়িত ও অন্তর্ভুক্ত যে কোনো সংবেদনশীল ব্যক্তিগত উপাত্ত, যাহা পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়াই প্রকাশ, শেয়ার বা প্রক্রিয়া করা হইলে উপাত্তধারীর উল্লেখযোগ্য ক্ষতি, বৈষম্য বা গোপনীয়তা লঙ্ঘনের কারণ হইতে পারে। ইহার মধ্যে, আর্থিক, স্বাস্থ্য, বায়োমেট্রিক এবং রিয়েল-টাইম অবস্থানের উপাত্ত, সেইসঙ্গে বিধি বা প্রবিধান দ্বারা সংবেদনশীল বা গোপনীয় যে কোনো উপাত্ত অন্তর্ভুক্ত হইবে যাহা দ্বারা উক্ত ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করা যায়। (ঘ) “সীমাবদ্ধ ব্যক্তিগত উপাত্ত” অর্থ কোনো ব্যক্তিগত উপাত্ত যাহাতে জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা, প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ অবকাঠামো, বা কোনো ব্যক্তির মৌলিক অধিকার ও স্বাধীনতার উপর সম্ভাব্য প্রভাব রহিয়াছে এবং যাহা প্রক্রিয়াকরণ, বা স্থানান্তর করা হইলে বা, যাহাতে প্রবেশ কঠোরতম নিয়ন্ত্রণের অধীন হইবে। এই শ্রেণিতে, শ্রেণিবদ্ধ ডেটাসেট, গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বা নিরাপত্তা-সম্পর্কিত উপাত্ত, বা কর্তৃপক্ষ বা সরকার কর্তৃক চিহ্নিত “সীমাবদ্ধ” অন্য কোনো ব্যক্তিগত উপাত্ত ও অন্তর্ভুক্ত হইতে পারিবে।