বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইন, ২০২৬
ধারা ৬কর্পোরেশনের কার্যাবলি ও ক্ষমতা
ধারা ৬
6. কর্পোরেশনের কার্যাবলি ও ক্ষমতা (১) কর্পোরেশনের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:— (ক) তফসিলের অংশ ‘ক’-এ বর্ণিত বৃক্ষ বা বনজসম্পদ, অংশ ‘খ’-এ বর্ণিত শিল্প ইউনিট, অংশ ‘গ’-এ বর্ণিত শিল্পপণ্য সংক্রান্ত বা এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, যেকোনো কার্যক্রম গ্রহণ বা প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন; (খ) কর্পোরেশনের অধিক্ষেত্রের মধ্যে বৃক্ষ, বনজসম্পদ, শিল্প ইউনিট বা শিল্পপণ্য এবং রাবার গাছ, মধু, আগর, ঔষধি গাছ, বনজশিল্প ও কৃত্রিম রাবার বা অনুরূপ বৃক্ষ বা সম্পদ বা পণ্যের অপ্রয়োজনীয় ব্যবহার নিয়ন্ত্রণ করিয়া যথাযথ তত্ত্বাবধান ও সমন্বয় সাধনের মাধ্যমে বাণিজ্যিকভাবে লাভজনক করিবার ব্যবস্থা গ্রহণ; (গ) রাবার চাষ উপযোগী জমিতে উৎপাদন বৃদ্ধিকল্পে আধুনিক প্রযুক্তি গ্রহণ এবং রাবার চাষ অনুপযোগী জমিতে সংশ্লিষ্ট এলাকার আবহাওয়া উপযোগী, পরিবেশবান্ধব, অধিক কার্বন শোষণকারী এবং বনজশিল্পের সহায়ক বৃক্ষরোপণ; (ঘ) সরকারের অনুমোদনক্রমে মার্কেটিং নির্দেশিকাসহ বনশিল্পের প্রসার ও সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণে মাস্টারপ্লান প্রণয়ন ও বাস্তবায়ন; (ঙ) আধুনিক সংরক্ষণাগার, প্রসেসিং ইউনিট স্থাপন ও উন্নয়ন; (চ) সরকারের পূর্বানুমোদনক্রমে, বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ অন্যান্য স্থানে বিভিন্ন আধুনিক ও পরিবেশবান্ধব শিল্প ইউনিট স্থাপন ও উন্নয়ন, প্রয়োজনে ইউনিট একীভূতকরণ বা বিভক্তিকরণ; (ছ) বনজশিল্পপণ্য ও শিল্পপণ্য উৎপাদন, বিপণন, রপ্তানি, উন্নয়ন ও বহুমুখীকরণ; (জ) সরকারের পূর্বানুমোদনক্রমে, বনজশিল্পপণ্য প্রদর্শন ও বিপণনের জন্য শোরুম স্থাপন ও পরিচালন; (ঝ) সরকার কর্তৃক, সময় সময়, প্রদত্ত অন্য কোনো কার্য সম্পাদন; এবং (ঞ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রয়োজনীয় ও আনুষঙ্গিক কার্য সম্পাদন। (২) উপ-ধারা (১)-এর দফা (ক)-এ উল্লিখিত কার্যক্রম বা প্রকল্প অনুমোদনের জন্য, সরকারের নিকট অনুমোদনের জন্য পেশ করিতে হইবে এবং কর্পোরেশন উক্তরূপে অনুমোদিত কার্যক্রম বা প্রকল্প বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন করিবে। (৩) কর্পোরেশন, সরকারের পূর্বানুমোদনক্রমে, সংশ্লিষ্ট বিধি-বিধান অনুসরণ করিয়া অন্য কোনো শিল্প প্রতিষ্ঠান বা কোম্পানির শেয়ার বা অধিকার অর্জন, ধারণ বা হস্তান্তর করিতে পারিবে।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইন, ২০২৬