ধারা ১৬আমানত সুরক্ষা তহবিলের ব্যবহার
তৃতীয় অধ্যায় আমানত সুরক্ষা তহবিলের উৎস, ব্যবহার, ইত্যাদি
ধারা ১৬
16. আমানত সুরক্ষা তহবিলের ব্যবহার (১) কোনো সদস্য প্রতিষ্ঠানের অবসায়নের ক্ষেত্রে আমানতকারীকে প্রদেয় সুরক্ষিত আমানত পরিশোধ করিবার নিমিত্ত আমানত সুরক্ষা তহবিল প্রাথমিকভাবে ব্যবহার করা হইবে। (২) রেজল্যুশনের অধীন তফসিলি ব্যাংকের আমানতকারীগণ যদি কোনো হস্তান্তর-গ্রহীতার মাধ্যমে তাহাদের সুরক্ষিত আমানত ব্যবহারের সুযোগ প্রাপ্ত হন, তাহা হইলে উক্ত ক্ষেত্রে ব্যাংক রেজল্যুশন আইন ২০২৬ এর সংশ্লিষ্ট বিধান অনুসারে সংশ্লিষ্ট ব্যাংক কোম্পানির রেজল্যুশনে আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে তহবিল ব্যবহার করা যাইবে। (৩) উপ-ধারা (২) এর অধীন প্রদেয় আর্থিক সহায়তা নিম্নবর্ণিত শর্তাবলির অধীন প্রদান করা যাইবে, যথা:— (ক) সংশ্লিষ্ট ব্যাংক কোম্পানি অবসায়নের ক্ষেত্রে প্রদেয় সুরক্ষিত আমানতের মোট পরিমাণের তুলনায় রেজল্যুশনে প্রদেয় আর্থিক সহায়তার পরিমাণ অধিক হইবে না; (খ) রেজল্যুশনের অধীন উক্ত তফসিলি ব্যাংকের লাইসেন্স ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রত্যাহার করা হইয়াছে, অথবা বাংলাদেশ ব্যাংক বা রেজল্যুশনের কর্তৃত্ব নির্দিষ্ট তারিখে উহা প্রত্যাহার করিবার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে; (গ) রেজল্যুশনের অধীন উক্ত তফসিলি ব্যাংকের সকল সম্পদ ও দায় রেজল্যুশন কর্তৃত্ব কর্তৃক এক বা একাধিক হস্তান্তর গ্রহীতার নিকট স্থানান্তর বা বিক্রয় করা হইয়াছে, এবং ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর বিধান প্রয়োগ করা হইয়াছে; বা (ঘ) রেজল্যুশনের অধীন উক্ত তফসিলি ব্যাংকের আংশিক সম্পদ ও দায় রেজল্যুশনের কর্তৃত্ব কর্তৃক এক বা একাধিক হস্তান্তর গ্রহীতার নিকট স্থানান্তর বা বিক্রয় করা হইয়াছে, এবং অবশিষ্ট অংশ আবশ্যিকভাবে অবসায়িত বা সংকটাপন্ন সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিতে স্থানান্তরিত হইয়াছে। (৪) উপ-ধারা (২) এর অধীন তহবিল হইতে আর্থিক সহায়তা গ্রহণের ক্ষেত্রে, রেজল্যুশন কর্তৃত্ব, সংশ্লিষ্ট আর্থিক সহায়তা এবং সুরক্ষিত আমানতের পরিমাণের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করিয়া ট্রাস্টি বোর্ড কর্তৃক নির্ধারিত ও নির্দেশিত ছকে প্রয়োজনীয় তথ্য প্রেরণ করিবে। (৫) আর্থিক সহায়তা নগদ বা নগদ সমতুল্য (এবং/অথবা সরকারি সিকিউরিটিজ) আকারে সংশ্লিষ্ট হস্তান্তর গ্রহীতাকে প্রদান করা যাইবে। (৬) রেজল্যুশনের অধীন কোনো ফাইন্যান্স কোম্পানির ক্ষেত্রে, বাংলাদেশ ব্যাংক বা রেজল্যুশনের কর্তৃত্ব, ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এ সংশ্লিষ্ট বিধানে উল্লিখিত নির্ধারিত শর্ত বিবেচনায়, ফাইন্যান্স কোম্পানির রেজল্যুশনের জন্য, উপ-ধারা (৩) এর অনুরূপ শর্ত পূরণ সাপেক্ষে, উক্ত তহবিল হইতে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করিতে পারিবে। (৭) তহবিলের আয় ও ব্যয় সংক্রান্ত অনুমোদিত বার্ষিক বাজেট অনুযায়ী ব্যয়ের জন্য তহবিলের অর্থ ব্যবহৃত হইবে। (৮) এই আইনের ধারা ১৯ এর অধীন গৃহীত ঋণ তহবিল হইতে পরিশোধ করা যাইবে। (৯) তহবিল হইতে সুরক্ষিত আমানত পরিশোধ এবং রেজল্যুশনে আর্থিক সহায়তা প্রদানে ব্যয়িত অর্থ, অবসায়িত সদস্য প্রতিষ্ঠানের পরিসম্পদ এবং হস্তান্তর গ্রহীতা হইতে সমন্বয়ের জন্য, সরকারের অনুমোদনক্রমে, ট্রাস্টি বোর্ড প্রবিধানমালা প্রণয়ন করিবে।