Skip to content

আমানত সুরক্ষা আইন, ২০২৬

ধারা ৬আমানত সুরক্ষা বিভাগের ক্ষমতা ও দায়িত্ব

বলবৎদ্বিতীয় অধ্যায় আমানত সুরক্ষার দায়িত্ব ও কর্তৃত্ব এবং এতদ্সংক্রান্ত ব্যবস্থাপনা

দ্বিতীয় অধ্যায় আমানত সুরক্ষার দায়িত্ব ও কর্তৃত্ব এবং এতদ্সংক্রান্ত ব্যবস্থাপনা

ধারা ৬

6. আমানত সুরক্ষা বিভাগের ক্ষমতা ও দায়িত্ব (১) দৈনন্দিন কার্যাবলি সম্পাদনের জন্য আমানত সুরক্ষা বিভাগের নিম্নবর্ণিত ক্ষমতা থাকিবে, যথা:— (ক) সার্কুলার, সার্কুলার লেটার, নির্দেশনা, গাইডলাইন জারি; (খ) সদস্য প্রতিষ্ঠানসমূহের নিকট হইতে সরাসরি তথ্য-উপাত্ত সংগ্রহ; (গ) বাংলাদেশ ব্যাংকের অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের নিকট হইতে সদস্য প্রতিষ্ঠানসমূহের তথ্য-উপাত্ত সংগ্রহ; (ঘ) এই আইনে বর্ণিত নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত ছকে অবসায়কের নিকট হইতে আমানতকারীর তথ্য সংগ্রহ; (ঙ) সদস্য প্রতিষ্ঠান পরিদর্শন, বা ক্ষেত্রমত, বিশেষ পরিদর্শন; (চ) দেশীয় ও আন্তর্জাতিক উৎস হইতে কারিগরি, প্রযুক্তিগত এবং অন্যান্য সহায়তা গ্রহণ; (ছ) বাংলাদেশের অভ্যন্তরে বা বাহিরে অবস্থিত আর্থিক খাত সংশ্লিষ্ট সংস্থাসমূহ হইতে পারস্পরিক তথ্য-উপাত্ত বিনিময়; (জ) বাংলাদেশ ব্যাংকের অন্যান্য পরিদর্শন বিভাগকে, প্রয়োজনে, পরিদর্শনপূর্বক প্রতিবেদন প্রেরণের অনুরোধ জ্ঞাপন; (ঝ) ধারা ২৭ ও ২৮ এর অধীন জরিমানা আরোপ, আদায় ও আইনগত ব্যবস্থা গ্রহণ; (ঞ) গ্রাহকের আমানত পরিশোধে ব্যর্থ ব্যাংক কোম্পানি ও ফাইন্যান্স কোম্পানি চিহ্নিত করিয়া উক্ত প্রতিষ্ঠানের রেজল্যুশন বা অন্য কোনো ব্যবস্থা গ্রহণের জন্য ট্রাস্টি বোর্ডের নিকট সুপারিশ; এবং (ট) এই আইনে বর্ণিত অন্যান্য ক্ষমতা প্রয়োগ। (২) আমানত সুরক্ষা বিভাগের দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা:— (ক) সদস্য প্রতিষ্ঠানসমূহ হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রিমিয়াম হিসাবায়ন ও সংগ্রহ; (খ) বিনিয়োগ নীতিমালা ও বিনিয়োগ পরিকল্পনা অনুযায়ী তহবিলের অর্থ বিনিয়োগ; (গ) তহবিলের নিয়মিত প্রক্ষেপণ (projection); (ঘ) তহবিল হইতে সুরক্ষিত আমানত পরিশোধের সক্ষমতা মূল্যায়ন; (ঙ) জনসাধারণের অবগতির জন্য নিয়মিতভাবে মুদ্রণ ও ইলেকট্রনিক মিডিয়ায় আমানত সুরক্ষা সংক্রান্ত তথ্য ও জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ এবং সভা, সেমিনার, কনফারেন্স, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ, ইত্যাদিসহ এতদ্‌সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম সম্পাদন; (চ) আমানত সুরক্ষা বিভাগের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও তহবিলের ঝুঁকি ব্যবস্থাপনার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ; (ছ) সুরক্ষিত আমানত পরিশোধ পরবর্তী সময়ে ঝুঁকি ও সংকট মোকাবেলায় কার্যকর ব্যবস্থা নিশ্চিতকরণ; (জ) সুরক্ষিত আমানত পরিশোধ; (ঝ) আমানতকারীকে দ্রুততার সহিত সুরক্ষিত আমানত পরিশোধ নিশ্চিত করিতে প্রয়োজনীয় পদ্ধতি ও প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ; (ঞ) বিনিয়োগ নীতিমালার অধীন ঝুঁকি নির্ধারণ ও তারল্য সংরক্ষণ; (ট) বৎসরে অন্যূন একবার আমানত পরিশোধের সিমুলেশন/অনুকৃতি (Simulation) পরিচালনা; (ঠ) সরকারের নিকট নিরীক্ষিত ও অনুমোদিত আর্থিক প্রতিবেদন প্রেরণ; এবং (ড) ট্রাস্টি বোর্ড কর্তৃক নির্ধারিত অন্য কোনো কার্য সম্পাদন। (৩) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, আমানত সুরক্ষা বিভাগ, আর্থিক খাত নিয়ন্ত্রণকারী যেকোনো কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় সহযোগিতা গ্রহণ করিতে পারিবে।

End of ধারা ৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: আমানত সুরক্ষা আইন, ২০২৬