ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬
ধারা ২১সিনেট
ধারা ২১
21. সিনেট (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সিনেট গঠিত হইবে, যথা:— (ক) উপাচার্য; (খ) সকল উপ-উপাচার্য; (গ) ট্রেজারার; (ঘ) সকল হেড অব স্কুল; (ঙ) উপাচার্য কর্তৃক মনোনীত ৫ (পাঁচ) জন বিশ্ববিদ্যালয় অধ্যাপক; (চ) জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীত ৫ (পাঁচ) জন সংসদ সদস্য; (ছ) আচার্য কর্তৃক মনোনীত ৫ (পাঁচ) জন বিশিষ্ট শিক্ষাবিদ; (জ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত সংবিধিবদ্ধ গবেষণা প্রতিষ্ঠান হইতে ৫ (পাঁচ) জন প্রতিনিধি; (ঝ) সংযুক্ত ৭ (সাত) কলেজের ৭ (সাত) জন অধ্যক্ষ; (ঞ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত সংযুক্ত ৭ (সাত) কলেজ হইতে অন্যূন সহযোগী অধ্যাপকের পদমর্যাদাসম্পন্ন একজন করিয়া শিক্ষক; (ট) মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; (ঠ) চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা; (ড) সরকার কর্তৃক মনোনীত বিভিন্ন পেশাগত প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানের ৪ (চার) জন প্রতিনিধি; (ঢ) সরকার কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিবের পদমর্যাদাসম্পন্ন ১ (এক) জন কর্মকর্তা; (ণ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিবের পদমর্যাদাসম্পন্ন ১ (এক) জন কর্মকর্তা; (ত) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিবের পদমর্যাদাসম্পন্ন ১ (এক) জন কর্মকর্তা; (থ) রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েটদের মধ্য হইতে নির্বাচিত ১৫ (পনেরো) জন রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট; (দ) কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্যগণের মধ্য হইতে ছাত্র সংসদ কর্তৃক মনোনীত ৫ (পাঁচ) জন প্রতিনিধি, যাহাদের মধ্যে অন্তত ১ (এক) জন নারী প্রতিনিধি হইবেন। (২) সিনেটের মনোনীত কোনো সদস্য ২ (দুই) বৎসর মেয়াদে তাহার পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, তাহার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাহার পদে বহাল থাকিবেন: আরও শর্ত থাকে যে, জাতীয় সংসদের সদস্য, সরকারি কর্মকর্তা, অধ্যক্ষ, কলেজ শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের হেড অব স্কুল ও অধ্যাপক, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, গবেষণা বা পেশাগত প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধি যতদিন পর্যন্ত অনুরূপ সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, অধ্যক্ষ, কলেজ শিক্ষক, হেড অব স্কুল, অধ্যাপক, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং গবেষণা বা পেশাগত প্রতিষ্ঠানে স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকিবেন ততদিন পর্যন্তই তাহারা সিনেটের সদস্য পদে বহাল থাকিবেন।