ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬
ধারা ৩৫অর্থ কমিটি
ধারা ৩৫
35. অর্থ কমিটি (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে অর্থ কমিটি গঠিত হইবে, যথা:— (ক) উপাচার্য, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) সকল উপ-উপাচার্য; (গ) ট্রেজারার; (ঘ) সকল হেড অব স্কুল; (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত ১ (এক) জন সিন্ডিকেট সদস্য যিনি বিশ্ববিদ্যালয়ের চাকরিতে নিয়োজিত নহেন; (চ) রেজিস্ট্রার; (ছ) সরকার কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদাসম্পন্ন ১ (এক) জন প্রতিনিধি; (জ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদাসম্পন্ন ১ (এক) জন প্রতিনিধি; (ঝ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ধারা ৯ এ উল্লিখিত বিশ্ববিদ্যালয়ের ১ (এক) জন কর্মকর্তা; (ঞ) কমিশন কর্তৃক মনোনীত ১ (এক) জন উপযুক্ত প্রতিনিধি; এবং (ট) পরিচালক (অর্থ ও হিসাব), যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (২) অর্থ কমিটির মনোনীত কোনো সদস্য তাহার মনোনয়নের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদে স্বীয় পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, তাহার মেয়াদ সমাপ্ত হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাহার পদে বহাল থাকিবেন: আরও শর্ত থাকে যে, মনোনীত কোনো সদস্য যেকোনো সময় সভাপতি বরাবর তাহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করিতে পারিবেন। (৩) অর্থ কমিটির কোনো মনোনীত সদস্য তাহার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকিবেন: তবে শর্ত থাকে যে, তিনি যে মন্ত্রণালয়, বিভাগ বা প্রতিষ্ঠান হইতে তিনি মনোনীত হইয়াছিলেন সেই মন্ত্রণালয়, বিভাগ বা প্রতিষ্ঠানে যদি তিনি কর্মরত না থাকেন, তাহা হইলে তিনি অর্থ কমিটির পদেও অধিষ্ঠিত থাকিবেন না। (৪) অর্থ কমিটি— (ক) বিশ্ববিদ্যালয়ের আয় ও ব্যয় সংক্রান্ত কার্য তত্ত্বাবধান করিবে; (খ) বিশ্ববিদ্যালয়ের অর্থ, তহবিল, সম্পদ ও হিসাব-নিকাশ সংক্রান্ত যাবতীয় বিষয়ে সিন্ডিকেটকে পরামর্শ প্রদান করিবে; (গ) বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেট বিবেচনা করিবে এবং এতদ্সম্পর্কে সিন্ডিকেটকে পরামর্শ প্রদান করিবে; এবং (ঘ) সংবিধি দ্বারা নির্ধারিত সিন্ডিকেট বা উপাচার্য কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করিবে।