ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬
ধারা ৪বিশ্ববিদ্যালয় স্থাপন
ধারা ৪
4. বিশ্ববিদ্যালয় স্থাপন (১) এই আইনের বিধান অনুযায়ী ঢাকায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হইবে। (২) বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য স্বয়ংসম্পূর্ণ অবকাঠামো নির্মাণ ও বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় সকল সুবিধাদি সৃজনপূর্বক স্থায়ী ক্যাম্পাস তৈরি করা হইবে, তবে স্থায়ী ক্যাম্পাস তৈরি না হওয়া পর্যন্ত যথাযথ ভবন ও স্থান ভাড়া করিয়া উপযুক্ত সুবিধাদি সৃজনপূর্বক বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা যাইবে। (৩) ঢাকা মহানগরের ৭ (সাত)টি কলেজ (ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজ হিসাবে থাকিবে এবং সংযুক্ত কলেজসমূহের পরিচয়, বৈশিষ্ট্য, অবকাঠামো, স্থাবর-অস্থাবর সম্পত্তি ও অন্যান্য বিদ্যমান সুযোগ-সুবিধা অক্ষুণ্ণ থাকিবে। (৪) বিশ্ববিদ্যালয়ের আচার্য, উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যগণের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান গঠিত হইবে। (৫) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ধারাবাহিকতা, মনোগ্রাম ও একটি সাধারণ সিলমোহর থাকিবে এবং এই আইনের বিধান সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর সকল প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং উক্ত নামে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বা বিপক্ষে মামলা দায়ের করা যাইবে।