ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬
তফসিলবিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি
তফসিল
তফসিল বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি [ধারা ৪১ দ্রষ্টব্য]
তফসিল, ক্রমিক ১
১। সভার কোরাম।—অন্য কোনোভাবে কর্তৃপক্ষের সভার কোরাম নির্ধারণ করা না হইলে, প্রত্যেক কর্তৃপক্ষের সভায় উহার মোট সদস্য সংখ্যার এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতি দ্বারা সংশ্লিষ্ট সভার কোরাম হইবে এবং এই বিষয়ে প্রত্যেক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা হিসাবে গণনা করা হইবে।
তফসিল, ক্রমিক ২
২। স্কুল।—(১) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন স্কুল থাকিবে। (২) প্রত্যেক স্কুল উহার হেড অব স্কুল এবং স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের সকল শিক্ষক সমন্বয়ে গঠিত হইবে। (৩) প্রত্যেক স্কুলের একটি নির্বাহী কমিটি থাকিবে যাহা নিম্নবর্ণিত সদস্যগণ সমন্বয়ে গঠিত হইবে, যথা:— (ক) হেড অব স্কুল, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের চেয়ারম্যানগণ; (গ) স্কুলের অনধিক ১০ (দশ) জন অধ্যাপক, যাহারা উপাচার্য কর্তৃক আবর্তন পদ্ধতিতে মনোনীত হইবেন; (ঘ) দফা (ক), (খ) ও (গ)-তে উল্লিখিত শিক্ষকগণ ব্যতীত স্কুলের বিভিন্ন বিভাগের ৩ (তিন) জন শিক্ষক (সহকারী অধ্যাপকের নিম্নে নহেন) জ্যেষ্ঠতা এবং আবর্তনের ভিত্তিতে একাডেমিক কাউন্সিল কর্তৃক স্কুলের প্রস্তাব বিবেচনাপূর্বক মনোনীত হইবেন; (ঙ) স্কুলের বিষয় নহে অথচ একাডেমিক কাউন্সিলের মতে স্কুলের কোনো বিষয়ের সহিত উল্লেখযোগ্যভাবে সম্পর্কযুক্ত এইরূপ বিষয়ে অনধিক ৩ (তিন) জন শিক্ষক, যাহারা একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত হইবেন; এবং (চ) স্কুলের এক বা একাধিক বিষয়ে বিশেষ জ্ঞানসম্পন্ন ১ (এক) জন শিক্ষাবিদ, যিনি বিশ্ববিদ্যালয়ের কোনো চাকরিতে নিয়োজিত নহেন এবং একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত। (৪) নির্বাহী কমিটিতে মনোনীত সদস্যগণ তাহাদের নিয়োগের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদের জন্য সদস্যপদে অধিষ্ঠিত থাকিবেন। (৫) এই আইনের বিধান এবং একাডেমিক কাউন্সিলের উপর অর্পিত ক্ষমতা-সাপেক্ষে, প্রত্যেক স্কুলের নিম্নবর্ণিত ক্ষমতা থাকিবে, যথা:— (ক) স্কুলের জন্য পাঠ্ক্রম, পাঠ্যসূচি ও অধ্যয়নের বিষয় নির্দিষ্ট করা, প্রত্যেক পাঠক্রম ও পাঠ্যসূচির জন্য নম্বর ধার্য করা এবং এতদুদ্দেশ্যে পাঠ্যক্রম কমিটিসমূহ গঠন করা; (খ) ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট ও অন্যান্য সম্মান প্রদানের শর্তাবলি অনুমোদনের জন্য একাডেমিক কাউন্সিলের নিকট সুপারিশ করা; (গ) স্কুলের ডিসিপ্লিনের/বিভাগসমূহে শিক্ষক ও গবেষক পদ সৃষ্টির জন্য একাডেমিক কাউন্সিলের নিকট সুপারিশ করা; (ঘ) একাডেমিক কাউন্সিল কর্তৃক উহার নিকট প্রেরিত অন্যান্য বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা; (ঙ) স্কুলের শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করিবার লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত প্রস্তাব করা; (চ) ডিসিপ্লিনের/বিভাগসমূহে শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখা; (ছ) স্কুলের শিক্ষাসহায়ক কার্যক্রম গ্রহণ করা; (জ) স্কুলের কোনো বিভাগের দ্বন্দ্ব এবং আন্তঃডিসিপ্লিন/বিভাগীয় দ্বন্দ্ব মীমাংসা করা; এবং (ঝ) সংযুক্ত কলেজের সহিত যোগাযোগ ও সহযোগিতা স্থাপনের লক্ষ্যে বিভাগীয় পাঠ্যক্রম কমিটির নিকট হইতে প্রাপ্ত প্রস্তাব বিবেচনা করা এবং একাডেমিক কাউন্সিলের নিকট এতৎসংক্রান্ত সুপারিশ করা।
তফসিল, ক্রমিক ৩
৩। হেড অব স্কুল।—(১) প্রত্যেক স্কুলে একজন হেড অব স্কুল থাকিবেন। (২) হেড অব স্কুল বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ডিসিপ্লিনের অধ্যাপকগণের মধ্য হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে ২(দুই) বৎসর মেয়াদে উপাচার্য কর্তৃক নিযুক্ত হইবেন। (৩) হেড অব স্কুল সংশ্লিষ্ট স্কুলের এবং কলেজসমূহের শিক্ষা কার্যক্রম, শিক্ষার মান উন্নয়ন, পরীক্ষা পরিচালনা এবং প্রশাসনিক কার্যাদি তত্ত্বাবধান করিবেন। (৪) হেড অব স্কুল তিনি উপাচার্যের নিকট দায়বদ্ধ থাকিবেন।
তফসিল, ক্রমিক ৪
৪। ডিসিপ্লিন।—(১) প্রত্যেক ডিসিপ্লিনে একজন চেয়ারম্যান থাকিবেন। (২) ডিসিপ্লিন অধ্যাপকগণের মধ্য হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে ২ (দু্ই) বৎসর মেয়াদে উপাচার্য কর্তৃক ডিসিপ্লিন চেয়ারম্যান পদে নিযুক্ত হইবেন, যদি কোনো ডিসিপ্লিন অধ্যাপক না থাকেন, তাহা হইলে উপাচার্য সহযোগী অধ্যাপকগণের মধ্য হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে ১ (এক) জনকে ডিসিপ্লিন চেয়ারম্যান পদে নিযুক্ত করিবেন: তবে শর্ত থাকে যে, সহযোগী অধ্যাপকের নিম্নে কোনো শিক্ষককে ডিসিপ্লিন চেয়ারম্যান পদে নিযুক্ত করা যাইবে না: আরও শর্ত থাকে যে, অন্যূন সহযোগী অধ্যাপক পদমর্যাদার কোনো শিক্ষক কোনো ডিসিপ্লিন কর্মরত না থাকিলে সংশ্লিষ্ট ডিসিপ্লিন জ্যেষ্ঠতম শিক্ষক উহার চেয়ারম্যান হইবেন। ব্যাখ্যা।—এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, পদবি ও পদমর্যাদার ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হইবে এবং কোনো ক্ষেত্রে পদবি ও পদমর্যাদা সমান হইলে সমপদে চাকরিকালের দীর্ঘতার ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হইবে। (৩) পর পর ২ (দুই) মেয়াদের জন্য কোনো ব্যক্তি ডিসিপ্লিন চেয়ারম্যান নিযুক্ত হইতে পারিবেন না: তবে শর্ত থাকে যে, যদি কোনো ডিসিপ্লিন কেবল ১ (এক) জন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক থাকেন, তাহা হইলে সেইক্ষেত্রে এই উপ-অনুচ্ছেদের বিধান প্রযোজ্য হইবে না। (৪) হেড অব স্কুল বা কর্তৃপক্ষের সহায়তায় ডিসিপ্লিন চেয়ারম্যান সংশ্লিষ্ট ডিসিপ্লিন শিক্ষা ও গবেষণা কার্যক্রমের যাবতীয় ব্যবস্থার নিশ্চয়তা বিধান করিবেন এবং এইসকল বিষয়ে তিনি হেড অব স্কুলের নিকট দায়বদ্ধ থাকিবেন। (৫) প্রত্যেক ডিসিপ্লিন সংশ্লিষ্ট ডিসিপ্লিন চেয়ারম্যানের সাধারণ তত্ত্বাবধানে পরিচালিত হইবে এবং ডিসিপ্লিন চেয়ারম্যান বিভাগের দৈনন্দিন কার্যাদি সম্পাদন করিবেন। (৬) ডিসিপ্লিনের সকল শিক্ষক সমন্বয়ে একাডেমিক কমিটি গঠিত হইবে এবং উক্ত কমিটি নিম্নবর্ণিত কার্যাদি সম্পাদন করিবে, যথা:— (ক) পাঠ্যসূচি প্রণয়ন; (খ) পরীক্ষা পরিচালনা; (গ) শিক্ষাদান; এবং (ঘ) শিক্ষার্থীদের শিক্ষাসহায়ক কার্যাবলি। (৭) ডিসিপ্লিন মোট শিক্ষক সংখ্যার এক-তৃতীয়াংশ শিক্ষক সমন্বয়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে বিভাগীয় পরিকল্পনা কমিটি গঠিত হইবে: তবে শর্ত থাকে যে, উক্ত কমিটির সদস্য সংখ্যা অন্যূন ৩ (তিন) জন হইতে হইবে। (৮) ডিসিপ্লিন পরিকল্পনা কমিটি নিম্নবর্ণিত কার্যাবলি সম্পাদন করিবে, যথা:— (ক) ডিসিপ্লিন সম্প্রসারণ/সংকোচন/পুর্নগঠন প্রস্তাব প্রেরণ; এবং (খ) শিক্ষক ও কর্মচারী নিয়োগ সংক্রান্ত প্রস্তাব একাডেমিক কাউন্সিলের নিকট প্রেরণ।
তফসিল, ক্রমিক ৫
৫। পাঠ্যক্রম কমিটি।—(১) প্রত্যেক ডিসিপ্লিনের জন্য একটি পাঠ্যক্রম কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) ডিসিপ্লিন চেয়ারম্যান, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) একাডেমিক কমিটি কর্তৃক ডিসিপ্লিন হইতে মনোনীত ২ (দুই) জন সদস্য; (গ) একাডেমিক কাউন্সিলের প্রস্তাবক্রমে হেড অব স্কুল কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বিষয়ে ১ (এক) জন বহিঃস্থ বিশেষজ্ঞ শিক্ষক; এবং (ঘ) একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বিষয়ে বা উহার সহিত সম্পর্কযুক্ত বিষয়ে ২ (দুই) জন বিশেষজ্ঞ সদস্য যাহাদের একজন হইবেন কোনো গবেষণা প্রতিষ্ঠানের এবং অপর জন হইবেন ব্যবসা-বাণিজ্য কিংবা শিল্প প্রতিষ্ঠানের সহিত সংশ্লিষ্ট পেশাদারি প্রতিষ্ঠানের ১ (এক) জন উপযুক্ত প্রতিনিধি। (২) সংশ্লিষ্ট স্কুলের অধীন কোনো ডিসিপ্লিন শিক্ষক না থাকিলে হেড অব স্কুল কর্তৃক এই বিশ্ববিদ্যালয়সহ অন্য এক বা একাধিক বিশ্ববিদ্যালয় হইতে উক্ত বিষয়ের ৫ (পাঁচ) জন শিক্ষক সমন্বয়ে পাঠ্যক্রম কমিটি গঠিত হইবে। (৩) কমিটিতে মনোনীত সদস্যগণ তাহাদের নিয়োগের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদের জন্য সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন।
তফসিল, ক্রমিক ৬
৬। পাঠ্যক্রম কমিটির দায়িত্ব।-—পাঠ্যক্রম কমিটির দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা:— (ক) বিশ্বের জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতির আলোকে আন্তর্জাতিক মানসম্পন্ন পাঠ্যক্রম বা কারিকুলাম নির্ধারণে একাডেমিক কাউন্সিলকে পরামর্শ প্রদান করা; (খ) অনুমোদিত পাঠ্যক্রম অনুযায়ী পাঠ্য তালিকা প্রণয়ন করা; (গ) বিভিন্ন শিক্ষা কার্যক্রমের অধীন শিক্ষার্থীদের তত্ত্বাবধায়ক কমিটি গঠন ও গবেষণা তত্ত্বাবধায়ক নিয়োগের জন্য একাডেমিক কাউন্সিলের নিকট সুপারিশ প্রদান করা; (ঘ) ডিসিপ্লিন শিক্ষার্থীদের সকল প্রকার পরীক্ষা, অভিসন্দর্ভ ( Thesis), গবেষণা ইত্যাদি বিষয়ে পরীক্ষকদের তালিকা প্রস্তুত পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট প্রেরণ করা; এবং (ঙ) সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল বা অনুষদ কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করা।
তফসিল, ক্রমিক ৭
৭। বাছাই কমিটি।—(১) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের সুপারিশের জন্য নিম্নবর্ণিত পৃথক পৃথক বাছাই কমিটি থাকিবে, যথা: (ক) অধ্যাপক ও সহযোগী অধ্যাপক নিয়োগের বাছাই কমিটি: (১) উপাচার্য, যিনি উহার সভাপতিও হইবেন; (২) উপ-উপাচার্যগণ; (৩) কোষাধ্যক্ষ; (৪) আচার্য কর্তৃক মনোনীত ৩ (তিন) জন শিক্ষাবিদ যাহারা বিশ্ববিদ্যালয়ের চাকরিতে নিয়োজিত নহেন; (৫) সিন্ডিকেট কর্তৃক মনোনীত ১ (এক) জন বিশেষজ্ঞ; (৬) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত উহার ১ (এক) জন সদস্য; (৭) সংশ্লিষ্ট হেড অব স্কুল; এবং (৮) রেজিস্ট্রার, যিনি সাচিবিক দায়িত্ব পালন করিবেন; (খ) সহকারী অধ্যাপক ও প্রভাষক নিয়োগের বাছাই কমিটি: (১) উপাচার্য, যিনি উহার সভাপতিও হইবেন; (২) উপ-উপাচার্যগণ; (৩) কোষাধ্যক্ষ; (৪) আচার্য কর্তৃক মনোনীত ২ (দুই) জন শিক্ষাবিদ, যাহারা বিশ্ববিদ্যালয়ের চাকরিতে নিয়োজিত নহেন; (৫) সিন্ডিকেট কর্তৃক মনোনীত ১ (এক) জন বিশেষজ্ঞ; (৬) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত উহার ১ (এক) জন সদস্য; (৭) সংশ্লিষ্ট হেড অব স্কুল; (৮) ডিসিপ্লিন; এবং (৯) রেজিস্ট্রার, যিনি সাচিবিক দায়িত্ব পালন করিবেন; (গ) রেজিস্ট্রার, গ্রন্থাগারিক, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রধান প্রকৌশলী, প্রধান চিকিৎসক নিয়োগের বাছাই কমিটি: (১) উপাচার্য, যিনি উহার সভাপতিও হইবেন; (২) উপ-উপাচার্যগণ; (৩) কোষাধ্যক্ষ; (৪) আচার্য কর্তৃক মনোনীত ১ (এক) জন বিশেষজ্ঞ প্রতিনিধি; (৫) সরকার কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; এবং (৬) রেজিস্ট্রার, যিনি সাচিবিক দায়িত্ব পালন করিবেন; (ঘ) দশম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা নিয়োগের বাছাই কমিটি : (১) উপাচার্য, যিনি উহার সভাপতিও হইবেন; (২) উপ-উপাচার্যগণ; (৩) কোষাধ্যক্ষ; (৪) সরকার কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রতিনিধি; এবং (৫) রেজিস্ট্রার, যিনি সাচিবিক দায়িত্ব পালন করিবেন; (ঙ) ১১তম হইতে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগের বাছাই কমিটি: (১) কোষাধ্যক্ষ, যিনি উহার সভাপতিও হইবেন, তবে কোষাধ্যক্ষের পদ শূন্য হইলে উপ-উপাচার্য (প্রশাসনিক) উহার সভাপতির দায়িত্ব পালন করিবেন; (২) সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান; (৩) সরকার কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রতিনিধি; (৪) উপাচার্য কর্তৃক মনোনীত ১ (এক) জন সদস্য; এবং (৫) রেজিস্ট্রার, যিনি সাচিবিক দায়িত্ব পালন করিবেন। (২) কোনো বাছাই কমিটির মনোনীত কোনো সদস্য ২ (দুই) বৎসর মেয়াদে সদস্যপদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, তাহার মেয়াদ সমাপ্ত হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকিবেন; আরও শর্ত থাকে যে, পদাধিকারবলে বাছাই কমিটিতে নিয়োজিত কোনো সদস্য কেবল তাহার স্বপদে বহাল থাকা পর্যন্ত বাছাই কমিটির সদস্যপদে নিয়োজিত থাকিবেন। (৩) বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী পদে নিয়োগদান করিবে। (৪) বাছাই কমিটির সুপারিশের সহিত সিন্ডিকেট ঐকমত্য পোষণ না করিলে পুনর্বিবেচনার জন্য বিষয়টি আচার্যের সমীপে প্রেরণ করিতে পারিবে এবং উক্ত বিষয়ে আচার্যের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। (৫) বাছাই কমিটি বিশেষ যোগ্যতাসম্পন্ন প্রার্থীকে বিশেষ সুবিধা প্রদানের বিষয়ে সিন্ডিকেটের নিকট সুপারিশ করিতে পারিবে। (৬) বাছাই কমিটির সভায় আচার্য ও সরকার কর্তৃক মনোনীত সদস্যগণের উপস্থিতি নিশ্চিত করিতে হইবে।
তফসিল, ক্রমিক ৮
৮। পরিচালক (অর্থ ও হিসাব)।- (১) পরিচালক (অর্থ ও হিসাব) বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন কর্মকর্তা হইবেন। (২) পরিচালক (অর্থ ও হিসাব) এর দায়িত্ব ও ক্ষমতা সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত হইবে।
তফসিল, ক্রমিক ৯
৯। পরিচালক (গবেষণা)।— (১) উপাচার্যের সুপারিশক্রমে, শিক্ষা ও গবেষণা প্রশাসনে অভিজ্ঞতার ভিত্তিতে অন্যূন সহযোগী অধ্যাপক পদমর্যাদাসম্পন্ন শিক্ষকগণের মধ্য হইতে সিন্ডিকেট কর্তৃক ৩ (তিন) বৎসরের জন্য পরিচালক (গবেষণা) নিযুক্ত হইবেন। (২) পরিচালক (গবেষণা) এর দায়িত্ব ও ক্ষমতা সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত হইবে।
তফসিল, ক্রমিক ১০
১০। পরিচালক (বহিরঙ্গন কার্যক্রম)।- (১) উপাচার্যের সুপারিশক্রমে, শিক্ষা ও গবেষণা প্রশাসনে অভিজ্ঞতার ভিত্তিতে অন্যূন সহযোগী অধ্যাপক পদমর্যাদাসম্পন্ন শিক্ষকগণের মধ্য হইতে সিন্ডিকেট কর্তৃক ২ (দুই) বৎসরের জন্য পরিচালক (বহিরঙ্গন কার্যক্রম) নিযুক্ত হইবেন। (২) পরিচালক (বহিরঙ্গন কার্যক্রম) এর দায়িত্ব ও ক্ষমতা সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত হইবে।
তফসিল, ক্রমিক ১১
১১। শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা।- (১) উপাচার্যের সুপারিশক্রমে, শিক্ষা প্রশাসনে অভিজ্ঞতার ভিত্তিতে অন্যূন সহযোগী অধ্যাপক পদমর্যাদাসম্পন্ন শিক্ষকগণের মধ্য হইতে সিন্ডিকেট কর্তৃক ২ (দুই) বৎসরের জন্য শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা নিযুক্ত হইবেন। (২) শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা উপাচার্যের নিয়ন্ত্রণে থাকিয়া শিক্ষার্থীদের শৃঙ্খলা ও শিক্ষাবহির্ভূত বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান ও তত্ত্বাবধান এবং সার্বিক কল্যাণ বিধান করিবেন। (৩) শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টার অন্যান্য দায়িত্ব ও ক্ষমতা সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত হইবে।
তফসিল, ক্রমিক ১২
১২। উচ্চ শিক্ষা সমন্বয়ক ( Higher Education Coordinator )।— (১) উপাচার্যের সুপারিশক্রমে, শিক্ষা প্রশাসনে অভিজ্ঞতার ভিত্তিতে অন্যূন সহযোগী অধ্যাপক পদমর্যাদাসম্পন্ন শিক্ষকগণের মধ্য হইতে সিন্ডিকেট কর্তৃক ৩(তিন) বৎসরের জন্য সংযুক্ত ৭টি কলেজের জন্য ৭ (সাত) জন উচ্চ শিক্ষা সমন্বয়ক নিযুক্ত হইবেন। (২) উচ্চ শিক্ষা সমন্বয়ক উপাচার্যের নিয়ন্ত্রণে থাকিয়া সংযুক্ত কলেজগুলোর বিভাগসমূহের কার্যক্রমের সহিত স্কুলসমূহের শিক্ষা ও শিক্ষা বহির্ভূত কার্যক্রমের সুষ্ঠু সমন্বয় ও মান নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করবেন। (৩) উচ্চ শিক্ষা সমন্বয়কের অন্যান্য দায়িত্ব ও ক্ষমতা সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত হইবে।
তফসিল, ক্রমিক ১৩
১৩। প্রক্টর।—(১) উপাচার্যের সুপারিশক্রমে, শিক্ষা প্রশাসনে অভিজ্ঞতার ভিত্তিতে অধ্যাপক কিংবা সহযোগী অধ্যাপক পদমর্যাদাসম্পন্ন শিক্ষকগণের মধ্য হইতে সিন্ডিকেট কর্তৃক ২ (দুই) বৎসরের জন্য একজন প্রক্টর এবং প্রয়োজনে, সহযোগী অধ্যাপক কিংবা সহকারী অধ্যাপক পদমর্যাদাসম্পন্ন শিক্ষকগণের মধ্য হইতে এক বা একাধিক সহকারী প্রক্টর নিযুক্ত হইবেন। (২) প্রক্টর ও সহকারী প্রক্টরের দায়িত্ব ও ক্ষমতা সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত হইবে।
তফসিল, ক্রমিক ১৪
১৪। আবাসিক হলের পরিচালন ও নামকরণ।—আবাসিক হল পরিচালনার জন্য উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মধ্য হইতে প্রাধ্যক্ষ নিয়োগ করিবেন।
তফসিল, ক্রমিক ১৫
১৫। প্রাধ্যক্ষ।- (১) উপাচার্যের সুপারিশক্রমে, শিক্ষা প্রশাসনে অভিজ্ঞতার ভিত্তিতে অন্যূন সহযোগী অধ্যাপক পদমর্যাদাসম্পন্ন শিক্ষকগণের মধ্য হইতে সিন্ডিকেট কর্তৃক ২ (দুই) বৎসরের জন্য প্রাধ্যক্ষ নিযুক্ত হইবেন। (২) প্রাধ্যক্ষ উপাচার্যের নিয়ন্ত্রণে থাকিয়া আবাসিক হল প্রশাসনের নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করিবেন। (৩) প্রাধ্যক্ষের অন্যান্য দায়িত্ব ও ক্ষমতা সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত হইবে।
তফসিল, ক্রমিক ১৬
১৬। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।—(১) বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক সার্বক্ষণিকভাবে নিয়োজিত হইবেন: তবে শর্ত থাকে যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম যাহাতে অসুবিধার সম্মুখীন না হয়, সেই জন্য উপাচার্য, প্রয়োজনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমোদনক্রমে এক বা একাধিক খণ্ডকালীন শিক্ষক নিয়োগ করিতে পারিবেন। (২) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ— (ক) শিক্ষার্থীদের উন্নত নৈতিকতাবোধে উদ্বুদ্ধ করিবার লক্ষ্যে নিজেদের পেশাগত দায়িত্বপালন এবং সার্বিক জীবনাচরণে নীতি-নৈতিকতা ও মূল্যবোধের অনুকরণীয় দৃষ্টান্ত হিসাবে প্রতিষ্ঠিত করিবেন; (খ) বক্তৃতা, টিউটোরিয়াল, আলোচনা, সেমিনার, হাতে-কলমে, ডিজিটাল পদ্ধতিতে ও কর্মশালার মাধ্যমে শিক্ষাদান করিবেন; (গ) গবেষণা পরিচালনা ও তত্ত্বাবধান করিবেন; (ঘ) শিক্ষার্থীদের সহিত যোগাযোগ রাখিবেন, তাহাদেরকে দিক্নির্দেশনা প্রদান করিবেন এবং তাহাদের কার্যক্রম তদারক করিবেন; (ঙ) বিশ্ববিদ্যালয় এবং উহার স্কুল ও অন্যান্য পাঠক্রম-সহায়ক সংস্থার পাঠক্রম ( Curriculum ) ও পাঠ্যসূচি ( Syllabus ) প্রণয়ন, পরীক্ষা নির্ধারণ ও পরিচালনা, পরীক্ষার উত্তরপত্র ও গবেষণামূলক প্রবন্ধের মূল্যায়ন এবং গ্রন্থাগার, পরীক্ষাগার, অন্যান্য শিক্ষামূলক ও পাঠক্রম সহায়ক কার্যক্রম সংগঠনে কর্তৃপক্ষসমূহকে সহায়তা প্রদান করিবেন; এবং (চ) উপাচার্যের অনুমোদন সাপেক্ষে, পরামর্শক হিসাবে কাজ করিতে পারিবেন এবং অনুরূপ কাজের জন্য প্রাপ্ত পারিতোষিকের এক-পঞ্চমাংশ বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা প্রদানে বাধ্য থাকিবেন; (ছ) সংবিধি দ্বারা নির্ধারিত এবং উপাচার্য, ডিন ও বিভাগীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত অন্যান্য কার্য ও দায়িত্ব সম্পাদন করিবেন। (৩) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক পূর্বানুমতি ব্যতিরেকে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক খণ্ডকালীন বা পূর্ণকালীন অন্য কোনো কার্য বা চাকরি করিতে পারিবেন না।
তফসিল, ক্রমিক ১৭
১৭। সম্মানসূচক ডিগ্রি।—কোনো ব্যক্তিকে সম্মানসূচক ডিগ্রি প্রদানের কোনো প্রস্তাব একাডেমিক কাউন্সিল কর্তৃক সিন্ডিকেটের নিকট প্রেরিত হইলে এবং সিন্ডিকেট প্রস্তাবটিতে সমর্থন প্রদান করিলে উহা আচার্যের নিকট চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করিতে হইবে এবং আচার্য কর্তৃক প্রস্তাবটি অনুমোদিত হওয়া সাপেক্ষে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা যাইবে।
তফসিল, ক্রমিক ১৮
১৮। অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর কর্তব্য।—অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সংবিধি দ্বারা নির্ধারিত এবং সিন্ডিকেট ও উপাচার্য কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করিবেন।
তফসিল, ক্রমিক ১৯
১৯। অবসর।—(১) বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ৬৫ (পঁয়ষট্টি) বৎসর বয়স পূর্তিতে অবসর গ্রহণ করিবেন। (২) বিশ্ববিদ্যালয়ের সকল কর্মচারী ৬০ (ষাট) বৎসর বয়স পূর্তিতে অবসর গ্রহণ করিবেন। (৩) সংযুক্ত কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অবসরের বয়সের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্ব স্ব সরকারি বিধি-বিধান প্রযোজ্য হইবে।
তফসিল, ক্রমিক ২০
২০। অবসর ভাতা ও ভবিষ্য তহবিল।- সংবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি এবং শর্তাবলি সাপেক্ষে বিশ্ববিদ্যালয় উহার শিক্ষক ও কর্মকর্তা, কর্মচারীদের কল্যাণার্থে প্রচলিত সরকারি বিধি-বিধানের সহিত সামঞ্জস্য রাখিয়া অবসরভাতা, যৌথ বিমা তহবিল, কল্যাণ তহবিল বা ভবিষ্য তহবিল গঠন অথবা আনুতোষিক বা পারিতোষিক প্রদানের ব্যবস্থা করিতে পারিবে।
তফসিল, ক্রমিক ২১
২১। শিক্ষাক্রম।- একাডেমিক কাউন্সিল আইন ও সংবিধির বিধান সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম প্রবিধান দ্বারা নির্ধারণ করিবে।
তফসিল, ক্রমিক ২২
২২। সংবিধির ব্যাখ্যা।- এই সংবিধির কোনো বিধানের অস্পষ্টতা থাকিলে সিন্ডিকেটের সুপারিশক্রমে চ্যান্সেলর বা আচার্যের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।