ধারা ১৫রেজিস্ট্রার
ধারা ১৫
15. রেজিস্ট্রার (১) রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের আবাসিক কর্মকর্তা হইবেন এবং সংশ্লিষ্ট নিয়োগ বোর্ডের সুপারিশ সাপেক্ষে সিন্ডিকেটের অনুমোদনক্রমে নিয়োগপ্রাপ্ত হইবেন। (২) রেজিস্ট্রারের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের সাচিবিক দায়িত্ব পালন এবং সভার কার্যবিবরণী লিপিবদ্ধ ও রক্ষণাবেক্ষণ করিবেন; (খ) ভাইস চ্যান্সেলর কর্তৃক তাহার হেফাজতে ন্যস্ত সকল গোপনীয় প্রতিবেদন এবং বিশ্ববিদ্যালয়ের রেকর্ডপত্র, দলিলপত্র ও সাধারণ সিলমোহর, ইত্যাদির সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করিবেন; (গ) সংবিধি অনুসারে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটগণের একটি রেজিস্টার সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করিবেন; (ঘ) সিন্ডিকেট কর্তৃক তাহার তত্ত্বাবধানে ন্যস্ত বিশ্ববিদ্যালয়ের সকল সম্পত্তির তত্ত্বাবধায়ক হইবেন; (ঙ) বক্তৃতা, হাতেকলমে প্রদর্শন, টিউটোরিয়াল, পরীক্ষাগারের কাজ, গবেষণা, ব্যক্তিগত পড়াশোনাসহ একাডেমির শিক্ষকমণ্ডলীর কাজের সময়সূচি ও ব্যক্তিগত পথ নির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীগণের সহিত যোগাযোগ স্থাপন এবং তাহাদের সহশিক্ষা কার্যক্রম তদারকির বিষয়ে ডিন ও বিভাগীয় চেয়ারম্যানের সহিত যোগাযোগ রক্ষা করিবেন; (চ) অনুষদের ডিনগণের কর্ম পরিকল্পনা, কর্মসূচি ও সময়সূচি সম্পর্কে সংযোগ রক্ষা করিবেন; (ছ) বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস সংক্রান্ত চিঠিপত্র আদান প্রদান করিবেন; (জ) বিশ্ববিদ্যালয়ের পক্ষে অর্থ সংক্রান্ত চুক্তি ব্যতীত অন্যান্য চুক্তিতে স্বাক্ষর করিবেন; এবং (ঝ) সংবিধি ও বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত, সিন্ডিকেট এবং অ্যাকাডেমিক কাউন্সিল কর্তৃক, সময় সময়, অর্পিত এবং ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করিবেন।