Skip to content

বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬

ধারা ২১অ্যাকাডেমিক কাউন্সিল

বলবৎ

ধারা ২১

21. অ্যাকাডেমিক কাউন্সিল (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে অ্যাকাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথা:- (ক) ভাইস চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস চ্যান্সেলর, যদি থাকেন; (গ) অনুষদসমূহের ডিন; (ঘ) বিভাগসমূহের চেয়ারম্যান; (ঙ) ইনস্টিটিউটসমূহের পরিচালক; (চ) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ; (ছ) বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক; (জ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ৫ (পাঁচ) জন বিশিষ্ট শিক্ষাবিদ; (ঝ) পরীক্ষা নিয়ন্ত্রক; (ঞ) ভাইস চ্যান্সেলর কর্তৃক জেষ্ঠ্যতার ভিত্তিতে মনোনীত ১ (এক) জন সহযোগী অধ্যাপক, ১ (এক) জন সহকারী অধ্যাপক ও ১ (এক) জন প্রভাষক; এবং (ট) চ্যান্সেলর কর্তৃক মনোনীত সরকারি গবেষণা প্রতিষ্ঠান হইতে ২ (দুই) জন গবেষক। (২) রেজিস্ট্রার সাচিবিক দায়িত্ব পালন করিবেন। (৩) অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যগণ তাহাদের নিয়োগের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদের জন্য নিযুক্ত হইবেন, তবে তাহার মেয়াদ সমাপ্ত হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকিবেন। (৪) অ্যাকাডেমিক কাউন্সিলের কোনো সদস্য পদত্যাগ করিতে চাহিলে যেকোনো সময় চেয়ারম্যানকে উদ্দেশ্য করিয়া তাহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন। (৫) অ্যাকাডেমিক কাউন্সিলের কোনো সদস্য যে পদ বা প্রতিষ্ঠান হইতে মনোনীত হইয়াছিলেন তিনি যদি সেই পদ বা প্রতিষ্ঠানে না থাকেন, তাহা হইলে তিনি অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন না।

End of ধারা ২১. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬