ধারা ৩১পরিকল্পনা ও উন্নয়ন কমিটি
ধারা ৩১
31. পরিকল্পনা ও উন্নয়ন কমিটি (১) বিশ্ববিদ্যালয়ের একটি পরিকল্পনা ও উন্নয়ন কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) ভাইস চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস চ্যান্সেলর, যদি থাকেন; (গ) ট্রেজারার; (ঘ) রেজিস্ট্রার; (ঙ) ভাইস চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে মনোনীত ২ (দুই) জন ডিন; (চ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত উক্ত সিন্ডিকেটের ২ (দুই) জন সদস্য, যাহাদের মধ্য হইতে ১ (এক) জন এই বিশ্ববিদ্যালয়ের চাকরিতে নিয়োজিত নহেন; (ছ) সরকার কর্তৃক মনোনীত একজন প্রকৌশলী, যিনি পদমর্যাদায় গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর নিম্নে নহেন; (জ) সরকার কর্তৃক মনোনীত ১ (এক) জন স্থপতি, যিনি বিশ্ববিদ্যালয়ের চাকরিতে নিয়োজিত নহেন; (ঝ) পরিচালক (অর্থ ও হিসাব); (ঞ) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী; এবং (ট) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন কমিটি), যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (২) পরিকল্পনা ও উন্নয়ন কমিটির কোনো মনোনীত সদস্য ২ (দুই) বৎসরের মেয়াদে তাহার পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, তাহার মেয়াদ সমাপ্ত হওয়া সত্ত্বেও তাহার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাহার পদে বহাল থাকিবেন। (৩) পরিকল্পনা ও উন্নয়ন কমিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান পরিকল্পনা কর্তৃপক্ষ হইবে এবং বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যের সহিত সামঞ্জস্য রাখিয়া উহার জন্য উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করিবে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মসূচির মূল্যায়ন করিবে। (৪) এই কমিটি সংবিধি দ্বারা নির্ধারিত, ভাইস চ্যান্সেলর বা সিন্ডিকেট কর্তৃক প্রদত্ত অন্যান্য কার্য সম্পাদন করিবে।