Skip to content

বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬

ধারা ৪বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা ও কার্যাবলি

বলবৎ

ধারা ৪

4. বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা ও কার্যাবলি এই আইন এবং মঞ্জুরি কমিশন আদেশের বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত ক্ষমতা ও কার্যাবলি থাকিবে, যথা:- (ক) বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল, কারিগরি, কলা, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসায় প্রশাসন, কৃষি ও চিকিৎসা বিজ্ঞানসহ জ্ঞান-বিজ্ঞানের নূতন নূতন শাখায় স্নাতক ও স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি, পোস্ট-ডক্টোরাল পর্যায়ের শিক্ষাদান, গবেষণা, জ্ঞানের সৃজন, উৎকর্ষ সাধন ও বিতরণের ব্যবস্থা করা; (খ) দক্ষ মানবসম্পদ সৃষ্টির জন্য আধুনিক প্রযুক্তি, পেশা, বৃত্তি ও অর্থনৈতিক চাহিদার ভিত্তিতে উচ্চশিক্ষার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাশাপাশি আধুনিক পাঠদান পদ্ধতি অনুসরণ করিয়া অনলাইন, দূরশিক্ষণ, ক্যাম্পাসভিত্তিক শিক্ষাদানের সমন্বয়ে শিল্প, বাণিজ্য, সমাজ ও অর্থনীতি সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন মেয়াদে সীমিত বা দীর্ঘমেয়াদি কোর্স প্রণয়ন ও পরিচালনা করা; (গ) বিভাগ এবং ইনস্টিটিউটে শিক্ষাদানের জন্য পাঠক্রম নির্ধারণ করা; (ঘ) বিভাগ, অনুষদ ও ইনস্টিটিউটের মধ্যে সমন্বয় সাধন করা; (ঙ) বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পাঠক্রমে অধ্যয়ন সম্পন্ন করিয়াছেন এবং সংবিধির শর্তানুযায়ী গবেষণা কার্য সম্পন্ন করিয়াছেন এইরূপ ব্যক্তিগণের পরীক্ষা গ্রহণ, ডিগ্রি প্রদান এবং অন্যান্য অ্যাকাডেমিক সনদ ও সম্মান প্রদান করা; (চ) সংবিধিতে বিধৃত পদ্ধতিতে সনদ ও সম্মানসূচক ডিগ্রি বা অন্য কোনো সম্মান প্রদান করা; (ছ) অনুষদ বা ইনস্টিটিউটের শিক্ষার্থী নহেন এইরূপ ব্যক্তিগণকে বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ডিগ্রি, ডিপ্লোমা ও সার্টিফিকেট প্রদানের উদ্দেশ্যে বক্তৃতামালা ও শিক্ষার ব্যবস্থা করা এবং সংবিধির শর্তানুযায়ী ডিপ্লোমা বা সার্টিফিকেট প্রদান করা; (জ) বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে নির্ধারিত পন্থায় দেশে-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহিত শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা ও যৌথ গবেষণা কর্মসূচি গ্রহণ করা; (ঝ) সরকার ও মঞ্জুরি কমিশন কর্তৃক নির্ধারিত শর্তে, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অধ্যাপক, সংখ্যাতিরিক্ত (Supernumerary) অধ্যাপক ও ইমেরিটাস অধ্যাপকের পদসহ শিক্ষক, গবেষক, কর্মকর্তা ও কর্মচারীর পদ সৃষ্টি করা এবং সেই সকল পদে নিয়োগ করা; (ঞ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের জন্য আবাসন এবং শিক্ষার্থীগণের বসবাসের জন্য আবাসিক হল স্থাপন, পরিচালনা এবং উহার রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা; (ট) মেধার স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে এই আইন, সংবিধি, বিশ্ববিদ্যালয় বিধি ও প্রবিধান অনুযায়ী ফেলোশিপ, স্কলারশিপ, পুরস্কার ও পদক প্রবর্তন এবং বিতরণ করা; (ঠ) মঞ্জুরি কমিশনের পূর্বানুমোদনক্রমে শিক্ষণ, প্রশিক্ষণ ও গবেষণা উন্নয়নের লক্ষ্যে অ্যাকাডেমিক মিউজিয়াম, পরীক্ষাগার, অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, বিজনেস ইনকিউবেটর প্রতিষ্ঠা, পরিচালনা, রক্ষণাবেক্ষণ, সম্প্রসারণ, একত্রীকরণ ও বিলোপ সাধন করা; (ড) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণের জন্য গবেষণাবান্ধব পরিবেশ ও অবকাঠামোর ব্যবস্থা গ্রহণ এবং তাহাদের গবেষণা কর্মে উদ্বুদ্ধ করা; (ঢ) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীগণের নৈতিক উন্নতিসাধন ও অ্যাকাডেমিক শৃঙ্খলা তত্ত্বাবধান, সহশিক্ষা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন এবং তাহাদের স্বাস্থ্যের উৎকর্ষ সাধনের ব্যবস্থা করা; (ণ) শিক্ষার্থীগণের জীবনদক্ষতার উন্নয়নসহ মাতৃভাষা ও আন্তর্জাতিক ভাষায় প্রকাশ ক্ষমতার বিকাশে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা; (ত) সংবিধি দ্বারা নির্ধারিত ফিস ধার্য ও আদায় করা; (থ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সম্প্রসারণ ও উন্নয়নের জন্য মঞ্জুরি কমিশন ও সরকারের অনুমতিক্রমে, দেশি ও বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হইতে অনুদান ও বৃত্তি গ্রহণ করা; (দ) বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য কোনো চুক্তি সম্পাদন করা, সম্পাদনকৃত চুক্তি বাস্তবায়ন করা, চুক্তির শর্ত পরিবর্তন করা বা চুক্তি বাতিল করা; (ধ) শিক্ষা ও গবেষণার উন্নতি ও অগ্রগতির জন্য পুস্তক ও জার্নাল প্রকাশ করা এবং দেশে-বিদেশের গবেষণা প্রতিষ্ঠানের সহিত এতদ্বিষয়ে যোগাযোগ স্থাপন, সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রয়োজনীয় অন্যান্য কার্য সম্পাদন করা; (ন) শিক্ষার উৎকর্ষ সাধন এবং কর্ম চাহিদার সহিত অ্যাকাডেমিয়া ও ইন্ডাস্ট্রির সমন্বয় সাধন করা; (প) শিক্ষক ও শিক্ষার্থীগণের মধ্যে সমাজসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে সমাজ সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান বৃদ্ধি করা; (ফ) উচ্চশিক্ষা ও গবেষণাকে বিশ্বমানে উন্নীত করিবার লক্ষ্যে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের শর্তাবলি প্রতিপালন এবং অ্যাক্রেডিটেশন কাউন্সিলসহ বিদেশের সমজাতীয় প্রতিষ্ঠানের সহিত কার্যকর ও ফলপ্রসূ যোগাযোগ স্থাপনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা; (ব) উচ্চশিক্ষার গুণগত মান সুষমকরণ ও উন্নয়নকল্পে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি, যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ, শিক্ষার্থী-শিক্ষকের সুষম আনুপাতিক হার সংরক্ষণ, সমৃদ্ধ গ্রন্থাগার ও গবেষণাগারের ব্যবস্থাকরণ, উপযুক্ত ভৌত অবকাঠামো নির্মাণ এবং শিক্ষার্থীগণের শারীরিক, মানসিক ও আত্মিক বিকাশের জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি ও উপকরণের ব্যবস্থা করা; (ভ) আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রদানের লক্ষ্যে পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি আধুনিকায়নের জন্য কাজ করা; (ম) শিক্ষকগণের অ্যাকাডেমিক দক্ষতা ও সংশ্লিষ্ট অন্যদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা; (য) উচ্চশিক্ষা ও গবেষণার মান সুষমকরণ ও উন্নয়নের লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ, ওয়ার্কশপ, ওয়েবিনার, ইত্যাদি আয়োজন করা; (র) জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ, জন্মস্থান বা শারীরিক প্রতিবন্ধকতা নির্বিশেষে সকল শিক্ষার্থীর উচ্চশিক্ষার অধিকার নিশ্চিত করিবার কাজে সহায়তা প্রদানের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের দরিদ্র, মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীগণের বৃত্তি বা শিক্ষা সাহায্য প্রদানের উদ্দেশ্যে এক বা একাধিক ট্রাস্ট ফান্ড গঠন করা; (ল) সরকারের অনুমোদনক্রমে ও মঞ্জুরি কমিশন কর্তৃক নির্ধারিত শর্তে, দেশি-বিদেশি কোনো শিক্ষক, গবেষক ও বিশেষজ্ঞকে চুক্তিভিত্তিক, খন্ডকালীন বা অন্য কোনোভাবে নিয়োগের ক্ষেত্রে তাহাদের বেতন বা সম্মানি নির্ধারণ করা; এবং (শ) বিশ্ববিদ্যালয়ের অভীষ্ট লক্ষ্য অর্জন ও বাস্তবায়নকল্পে প্রয়োজনীয় অন্যান্য কর্মকাণ্ড সম্পাদন করা।

End of ধারা ৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬