ধারা ৫৪রহিতকরণ ও হেফাজত
ধারা ৫৪
54. রহিতকরণ ও হেফাজত (১) বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (২০০১ সনের ৪২ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত আইনের অধীন কৃত কোনো কার্য বা গৃহীত কোনো ব্যবস্থা, প্রণীত কোনো বিধি বা প্রবিধান, জারীকৃত কোনো আদেশ, বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপন, প্রদত্ত কোনো নোটিশ, প্রস্তুতকৃত বাজেট প্রাক্কলন, স্কিম বা প্রকল্প এই আইনের অধীন কৃত, গৃহীত, প্রণীত, জারীকৃত, প্রদত্ত বা প্রস্তুতকৃত হইয়াছে বলিয়া গণ্য হইবে। (৩) উক্ত আইন রহিত হইবার সঙ্গে সঙ্গে উক্ত আইনের অধীন স্থাপিত বিশ্ববিদ্যালয় এর- (ক) সকল সম্পদ, অধিকার ও স্বার্থ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ, তহবিল, অন্য সকল দাবি ও অধিকার, এতদ্সংশ্লিষ্ট সকল বহি, রেজিস্টার, রেকর্ডপত্র এবং অন্যান্য দলিলপত্র এই আইনের অধীন স্থাপিত বিশ্ববিদ্যালয়ের অনুকূলে হস্তান্তরিত ও ন্যস্ত হইবে; (খ) সকল ঋণ, দায়-দায়িত্ব, গৃহীত বাধ্যবাধকতা এবং উহার দ্বারা, উহার পক্ষে বা উহার সহিত সম্পাদিত সকল চুক্তি, যথাক্রমে, এই আইনের অধীন স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ঋণ, দায়-দায়িত্ব, বাধ্যবাধকতা এবং উহার সহিত সম্পাদিত চুক্তি বলিয়া গণ্য হইবে; (গ) বিরুদ্ধে বা তদ্কর্তৃক দায়েরকৃত মামলা বা আইনগত কার্যধারা এই আইনের অধীন স্থাপিত বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বা বিশ্ববিদ্যালয় কর্তৃক দায়েরকৃত মামলা বা আইনগত কার্যধারা বলিয়া গণ্য হইবে; এবং (ঘ) সকল কর্মকর্তা ও কর্মচারী এই আইনের অধীন স্থাপিত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী হিসাবে গণ্য হইবেন এবং এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে তাহারা যেই শর্তে চাকরিতে নিয়োজিত ছিলেন সেই সকল শর্তে নিযুক্ত থাকিবেন, যতক্ষণ পর্যন্ত না বিশ্ববিদ্যালয় কর্তৃক তাহাদের চাকরির শর্তাবলি পরিবর্তিত হয়।